প্রতিবন্ধীদের বেসরকারি খাতে নিয়োগ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করপোরেট সেক্টর ও বেসরকারি কর্মক্ষেত্রে কাজের সুযোগ দেওয়ার মাধ্যমে প্রতিবন্ধীদের প্রতিভাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে পঞ্চম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১২ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদেরই আপনজন। আসুন, আমরা তাঁদের পাশে দাঁড়াই। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তাদের দেখি। তাদের প্রতিভা বিকাশে সাহায্য করি। দেখবেন, তারাও সমাজ ও দেশকে এগিয়ে নেবে।’প্রধানমন্ত্রী বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় দেশব্যাপী ৩৫টি সেবা ও সাহায্যকেন্দ্র চালু করা হয়েছে। ফাউন্ডেশন থেকে একটি স্বয়ংসম্পূর্ণ মাল্টিপারপাস প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে, যা প্রতিবন্ধীদের জন্য সেন্টার অব এক্সিলেন্সের ভূমিকা পালন করবে।শেখ হাসিনা বলেন, অটিজম মস্তিষ্কের বিকাশজনিত একটি ক্রমবর্ধমান স্বাস্থ্যসমস্যা, যার এখনো প্রত্যক্ষ কোনো চিকিত্সা আবিষ্কৃত হয়নি। তাই এ সমস্যার সমাধানে ব্যক্তি ও পরিবার থেকে শুরু করে সবাইকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও সমাজকল্যাণ সচিব রণজিত্ বিশ্বাস বক্তব্য দেন। বাসস।