প্রতিবন্ধীদের মহীরুহ মুক্তিযোদ্ধা মহির
কারও চোখে আলো নেই, কারও নেই হাত বা পা। তাই বলে এ বাধা জীবনযুদ্ধে থামাতে পারেনি তাঁদের। বরং তাঁরা জোট বেঁধে এমন শক্তি অর্জন করেছেন, এর কাছে ঠুনকো জীবনপথে চলার সব বাধা। এই শক্তির উৎস হিসেবে যিনি রয়েছেন, সেই মহির উদ্দিনের (৭৫) নিজেরই নেই দুই পা। মুক্তিযুদ্ধে অঙ্গ দুটি হারিয়েছেন তিনি। তখন তাঁর স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার, এখন স্বপ্ন কারও মুখাপেক্ষী না হয়ে সঙ্গী প্রতিবন্ধীদের নিয়ে সদর্পে এগিয়ে চলা। সেই স্বপ্ন ও চেষ্টা আজ তাঁকে করে তুলেছে প্রতিবন্ধীদের পাশে এক মহীরুহ। পাবনার ঈশ্বরদীতে ‘উত্তরণ প্রতিবন্ধী কল্যাণ সমিতি’ এর উজ্জ্বল উদাহরণ।১০ বছর আগে প্রতিষ্ঠিত সমিতির সদস্য এখন ৫২৬ জন। ঈশ্বরদীর ছোট্ট মুলাডুলি গ্রাম ছাড়িয়ে সমিতির কার্যক্রম ছড়িয়ে পড়েছে পাবনা শহর অবধি।এক হওয়ার স্বপ্ন থেকে: মহিরের বাবার বাড়ি ঈশ্বরদীর রূপপুর গ্রামে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। মুুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে মুলাডুলি বাজারে চায়ের দোকান করেন তিনি। কিন্তু না চলায় বছর খানেকের মাথায় বন্ধ করে দিতে হয়। বছর খানেক পর নারকেলের ছোবড়া তৈরির (তোশক বানানোর কাজে লাগে) কাজ শুরু করেন মহির। কিন্তু এ থেকে পাওয়া টাকায় সংসার চালানো দায়। কী করা যায়—ভাবতে থাকেন। কারও গলগ্রহ না হয়ে অন্য প্রতিবন্ধীদের নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন।২০০১ সালের সেপ্টেম্বরে বিভিন্ন গ্রামে মাইকিং করে প্রতিবন্ধীদের এক হওয়ার আহ্বান জানান মহির। তাঁর ডাকে সাড়া দিয়ে প্রায় ২০০ প্রতিবন্ধী হাজির হন মুলাডুলি ইউনিয়ন পরিষদ চত্বরে। সবাই মিলে শপথ নেন ঐক্যবদ্ধ থাকার। তৈরি হয় ‘উত্তরণ প্রতিবন্ধী কল্যাণ সমিতি’। মহিরকে বানানো হয় সমিতির সভাপতি। তাঁর কাজে সন্তুষ্ট হয়ে সহযোগিতার হাত বাড়ায় অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি)। সমিতি পরিচালনার জন্য এডিডি এখনো প্রতি মাসে আট হাজার টাকা করে দেয়। এই টাকায় সমিতির টুকিটাকি খরচ চলে। এই কাজের স্বীকৃতিস্বরূপ সমাজসেবা অধিদপ্তর ২০০৬ সালে সমিতিকে নিবন্ধন করে।২০০১ সালে সমিতির প্রথম সদস্য হন শারীরিক প্রতিবন্ধী আবদুর রহিম মণ্ডল। তিনি বলেন, ‘প্রথম দিন মহির ভাইর ডাকে আমরা ভয় পাইছিলাম। অনেকেই অনেক কথা বৈলতো। অনেকেই কইছিল, সরকার প্রতিবন্ধীগেরে একসাতে করে মারে ফেলাবি। তাই তহন কেউ সমিতির সদস্য হবের চাতো না। পরে মহির ভাই সগলেক বিষয়টা বুঝায়ে কওয়ার পর তারা সদস্য হতি শুরু করে। এহন আর কোন সমস্যা নাই।’নারী-পুরুষ ভেদাভেদ নেই: মুলাডুলি ইউনিয়নের বাইরে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে এই সমিতির কার্যক্রম। মূল সমিতির আওতায় প্রতি গ্রামে পৃথক সমিতি করা হয়েছে। বিভিন্ন নামে উপজেলার মুলাডুলি ইউনিয়নে ১০টি, দাশুরিয়া ইউনিয়নে নয়টি, মাছপাড়া ইউনিয়নে চারটি ও পাবনা পৌর এলাকায় আছে আটটি সমিতি। প্রতিটি সমিতিতে ১০ থেকে ২০ জন সদস্য। শুরু থেকে এ পর্যন্ত তিনবার সমিতির সদস্যরা মহিরকে সভাপতি নির্বাচন করেছেন। নেতা নির্বাচনে নারী-পুরুষ ভেদাভেদ নেই। বর্তমান কমিটিতে সমিতির সাধারণ সম্পাদক দৃষ্টিপ্রতিবন্ধী মরিয়ম খাতুন (৩৬)। প্রতিটি গ্রাম কমিটিতেও রয়েছেন একজন করে সভাপতি, সাধারণ সম্পাদক ও একজন কোষাধ্যক্ষ। বর্তমানে সমিতির সদস্যসংখ্যা ৫২৬ জন।প্রতি সপ্তাহে সঞ্চয় হিসেবে সমিতির সদস্যরা কোষাধ্যক্ষের কাছে এক টাকা, দুই টাকা, কেউ পাঁচ টাকা পর্যন্ত জমা রাখেন। কোনো সদস্য সমস্যায় পড়লে বা আয়ের নতুন কোনো উপায় না পেলে তাঁকে এই টাকা থেকে সহযোগিতা করা হয়। সেখান থেকে যা আয় হয়, তা সমিতির সব সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে তাঁর নিজ নিজ সঞ্চয় অনুপাতে লভ্যাংশের অংশটুকু পান। এ ছাড়া সমিতির সদস্যরা দলবদ্ধভাবে বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীকে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন তাঁরা।মহিরের সঙ্গে এক দিন: গত ২২ মার্চ মহিরের বাড়িতে গিয়ে দেখা যায়, দুই কক্ষের একটি টিনের ও একটি আধপাকা ঘর। টিনের ঘরে একটি পুরোনো চকিতে বৃদ্ধ মানুষটি বসে আছেন। কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, নিজের কোনো জমি নেই। বাড়ির জমিটুকুও তাঁর নয়। রেলওয়ের কাছ থেকে ১৯৭৬ সালে বন্দোবস্ত পেয়েছিলেন। সংসারে তাঁর ছয় ছেলে ও চার মেয়ে।দুপুর সাড়ে ১২টার দিকে মহির সমিতির বৈঠকে যাবেন বলে জানান। যথারীতি ঘর থেকে হুইলচেয়ারে রাস্তায় বের হন। পরে ভ্যানে করে মুলাডুলি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে যান। দৃষ্টিপ্রতিবন্ধী আবদুল মজিদের বাড়িতে বৈঠকের প্রস্তুতি চলছে। শারীরিক, দৃষ্টি ও বাক্প্রতিবন্ধী মিলিয়ে জনাবিশেক নারী-পুরুষ অপেক্ষা করছেন মহিরের জন্য। নির্ধারিত সময় বৈঠক শুরু হয়। একপর্যায়ে সমিতির এক সদস্য আদুরি খাতুনের চিকিৎসার ব্যাপারে কথা ওঠে। মেয়েটির গলা ও পিঠ পুড়ে গিয়েছিল। তাই সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত না। সম্প্রতি মেয়েটির পোড়া ক্ষতে পচন ধরেছে। সমিতির সদস্যরা এক-দুই টাকা করে আদরির জন্য তহবিলে জমা দেন।বৈঠকে মজিদ বলেন, ‘আমরা একজন অন্যজনের বিপদে সাহায্য করি। আমরে মাতার উপর বটগাছের মতো ছায়া দেয় মহির বাই।’মুক্তিযুদ্ধে মহির: মুক্তিযুদ্ধ সম্পর্কে মহির উদ্দিন বলেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধুর ডাকে আমরা সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নিই। মুলাডুলি গ্রামের শামসুল হুদা ও হাসেম খানের নেতৃত্বে আমরা ১৫ জন যুবক এক হয়ে মুলাডুলি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ নিতে থাকি। খবর আসে, ৫ এপ্রিল পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী ফেরিঘাট দিয়ে হানাদাররা পাবনায় ঢুকবে। আমাদের সঙ্গে যোগ দেন ছয়জন ইপিআর সদস্য।’ বলে চলেন মহির, ‘৬ এপ্রিল মুলাডুলি রেলগেটে রেললাইনের ওপর আমরা হানাদারদের ঘায়েলের প্রস্তুতি নিই। ওই দিন রাতে ইপিআর সদস্যরা এক হানাদারকে ধরে হত্যা করে। খবর জানাজানি হলে ৭ এপ্রিল ঢাকা থেকে দুটি যুদ্ধবিমান এসে আমাদের ক্যাম্পের ওপর বোমা ফেলে। ঘটনাস্থলেই আমাদের ১৪ জন মারা যায়। প্রাণে বেঁচে গেলেও আমি দুটি পা-ই হারাই।’ মহির জানান, ১৯৭৮ সালে তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা পেতে শুরু করেন। অজ্ঞাত কারণে সেই ভাতা ১৯৯৬ সালে বন্ধ হয়ে যায়। দুই বছর বহু কাঠখড় পুড়িয়ে ভাতা আবার চালু হয়। তবে যুদ্ধাহত হিসেবে নয়, সাধারণ মুক্তিযোদ্ধার ভাতা।গণ্যমান্য ব্যক্তিরা যা বলেন: ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুর রাজ্জাক বলেন, ‘তিনি একজন ভালো মানুষ। বহু সুস্থ মানুষ রয়েছেন, যাঁরা সমাজের জন্য কিছুই করেন না। কিন্তু মহির দুটি পা হারিয়েও প্রতিবন্ধীদের জন্য কাজ করছেন। এটি একটি দৃষ্টান্ত।’ মহির উদ্দিন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা পান না কেন—এমন প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, ‘এই ভাতা পেতে হলে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, যা তাঁর পক্ষে সম্ভব নয়।’সমাজসেবা অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ হোসেন বলেন, এই সমিতি লাভজনক প্রতিষ্ঠান নয়। এটি স্বেচ্ছাসেবী একটি সংগঠন। ভবিষ্যৎ পরিকল্পনা: দেশের প্রতিবন্ধীদের অধিকার আদায়ে তাঁদের সোচ্চার হতে উদ্বুদ্ধ করতে চান মহির। তিনি বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী হিসেবে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। তাই বলে অন্য প্রতিবন্ধীরা বঞ্চিত হোক, তা চাই না। তাদের অধিকার প্রতিষ্ঠিত হলেই আমি শান্তি পাব।’