শিক্ষা আইন প্রণয়নসংক্রান্ত সরকারি কমিটির উপদেষ্টা কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, ‘প্রতিবন্ধীদের শিক্ষার বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা উচিত। বিভিন্ন মহলের বিরোধিতার কারণে শিক্ষানীতিতে এটি অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তাই শিক্ষা আইনে বিষয়টি অন্তর্ভুক্ত করা যাবে কি না, তা নিয়ে আমি সন্দিহান।’তবে কাজী খলীকুজ্জমান আহমদ শিক্ষা আইনে প্রতিবন্ধীদের শিক্ষার অধিকারসহ সার্বিক বিষয় নিশ্চিতকরণে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলেন।আজ সোমবার রাজধানীর বিআইএসএস মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত শিক্ষা আইন ও প্রতিবন্ধী শিশুর অধিকারসংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফোরামের সভাপতি রজব আলী খান এতে সভাপতিত্ব করেন।সভায় শিক্ষা আইনে প্রতিবন্ধী শিশুর শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ জানিয়ে মূল প্রবন্ধ পড়েন জাতীয় প্রতিবন্ধী ফোরামের রফিক জামান। শিক্ষা আইনের খসড়ায় কী কী বিষয় বাদ পড়েছে, তাও তুলে ধরেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগের অধ্যাপক শারমীন হক বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয় দেখভাল করবে, তা নিয়ে ৩৫ বছর ধরে আন্দোলন করেও লাভ হলো না।শিক্ষা আইন প্রণয়ন কমিটির দুই সদস্য কাজী ফারুক আহমেদ ও শেখ ইকরামুল কবির অনুষ্ঠানে বক্তৃতা করেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফোরামের পরিচালক নাফিসুর রহমান। স্বাগত বক্তব্য দেন ফোরামের সহকারী মহাসচিব নাসরীন জাহান।