প্রতিবন্ধীরা বিচার পেতে অতিরিক্ত বাধার সম্মুখীন: প্রধান বিচারপতি
প্রতিবন্ধী মানুষ ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত বাধার সম্মুখীন হন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। সেই সঙ্গে তিনি বলেছেন, প্রতিবন্ধীদের সংবিধান ও আইনস্বীকৃত অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে রাষ্ট্র ও সমাজের একটি অংশ এ বিষয়ে সচেতন নয়।আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের দ্রুত ন্যায়বিচারপ্রাপ্তি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মোজাম্মেল হোসেন এসব কথা বলেন। পার্লামেন্টারিয়ানস ককাস অন ডিজঅ্যাবিলিটি ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম এ মতবিনিময় সভার আয়োজন করে।প্রধান বিচারপতি বলেন, সব মানুষের সম-অধিকার ও মানসম্পন্ন ন্যায়বিচার নিশ্চিত করা গণতন্ত্র ও আইনের শাসনের মৌলিক বৈশিষ্ট্য। এটি বিচার বিভাগেরও সাংবিধানিক দায়িত্ব। তবে অস্বীকার করার কোনো সুযোগ নেই, প্রতিবন্ধী মানুষ ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত বাধার সম্মুখীন হন। শারীরিক প্রতিবন্ধীদের প্রবেশগম্যতার সমস্যার পাশাপাশি বাক, শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী মানুষের যোগাযোগ-সীমাবদ্ধতার কারণে অভিযোগ বা দাবি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে উপস্থাপন করতে পারেন না। বাদী, বিবাদী, আসামি বা অভিযোগকারীর জন্য ইশারাজ্ঞান-সম্পন্ন ও বিশেষ প্রশিক্ষিত তদন্ত কর্মকর্তা ও আইনজীবীর সেবা নিশ্চিত করতে হবে।মো. মোজাম্মেল হোসেন বলেন, শারীরিক বা মানসিক অপূর্ণতার কারণে কোনো নাগরিক যেন তাঁর সংবিধান ও আইনস্বীকৃত অধিকার ও স্বাধীনতা উপভোগে অসমর্থ না হন, তা নিশ্চিত করা ও সহায়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তবে দুঃখজনক হলেও সত্য, রাষ্ট্র ও সমাজের একটি অংশ এ বিষয়ে সচেতন নয়।মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত সভায় প্রধান বিচারপতি বলেন, শারীরিক প্রতিবন্ধী মানুষের আদালতে প্রবেশগম্যতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবেশপথে র্যাম্প তৈরি করা হয়েছে। জেলা আদালতগুলোতে একই রকম র্যাম্প তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি প্রতিটি আইনজীবী সমিতিতে প্রতিবন্ধী সহায়তা ফোরাম গঠন, জাতীয় লিগ্যাল এইড কমিটিকে প্রতিবন্ধী ব্যক্তিদের বিচার পেতে সহায়তা করা ও বিচার পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।সভায় জাতীয় প্রতিবন্ধী ফোরামের আইন ও নীতিমালা কমিটির চেয়ারম্যান এ এইচ এম নোমান খান মূল বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নির্যাতনের ঘটনা বেশির ভাগ ক্ষেত্রে লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। আর যেসব ঘটনায় মামলা হয়, সে ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার অসহযোগিতা ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে ন্যায়বিচার পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে।সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারসের সভাপতি ওসমান খালেদ দোভাষীর সহায়তায় দেওয়া বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মামলাগুলো দ্রুতবিচার আইনের আওতায় নেওয়ার জন্য দাবি জানান।সভায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী নারী ও শিশুবান্ধব বিচারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের অবৈতনিক পরিচালক সারা হোসেন সুপ্রিম কোর্টে প্রতিবন্ধীদের ব্যক্তিগত ও জনস্বার্থবিষয়ক কতগুলো মামলা বিচারাধীন, তার তালিকা অনুযায়ী দ্রুত নিষ্পত্তি এবং বিচারপতিদের জন্য প্রশিক্ষণ ম্যানুয়ালে প্রতিবন্ধীবিষয়ক আইনগুলো সম্পৃক্ত করার নির্দেশ দেওয়ার জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।সভায় জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার কমিটির সাবেক সদস্য মনসুর আহমেদ চৌধুরী, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান, ফোরামের সাবেক ও বর্তমান নেতারা ও প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।