প্রতিবন্ধীরা শিক্ষার সুযোগ পাচ্ছে না
‘মানসম্মত শিক্ষা থেকে বাদ যাবে না কেউ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা বরাবরই বিশ্ব শিক্ষা অভিযান সপ্তাহ পালন করে আসছি। কিন্তু ভোলায় প্রতিবন্ধীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ভোলা শহরে একটি মাত্র বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভোলায় সব ধরনের দুই লাখ ১০ হাজার প্রতিবন্ধী রয়েছে। শতকরা তিন ভাগ বুদ্ধিপ্রতিবন্ধী রয়েছে ৬৩ হাজার। ভোলা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান মোশারেফ লাবু বলেন, ‘তুলনামূলকভাবে ভোলায় প্রতিবন্ধী বেশি। কারণ ভোলায় বাল্যবিবাহ, বহুবিবাহ বেশি এবং এটা নদীভাঙনপ্রবণ এলাকা। এ ছাড়া চরাঞ্চলে ও পল্লিতে মায়েরা এখনো চিকিত্সকের শরণাপন্ন না হয়ে ঘরে বসেই অনিরাপদ প্রসব হচ্ছে। মা ও শিশু মারা যাচ্ছে। কিন্তু ভোলায় এই বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে মাত্র আড়াই শ থেকে তিন শ প্রতিবন্ধীকে নামমাত্র শিক্ষার আওতায় আনা হয়েছে। একজন প্রতিবন্ধীকে মানসম্মত শিক্ষার আওতায় আনতে যে পরিশ্রম-সেবা-অর্থ ব্যয় করতে হয় তার ন্যূনতম হচ্ছে না। এভাবে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না।’নাট্যকর্মী এস এম বাহাউদ্দিন জানান, ভোলায় অনেক এনজিও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে শুধু কাগজে-কলমে। প্রতিটি প্রতিবন্ধীকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হলে কাগজ-কলম রেখে সবার সম্মিলিত বাস্তব উদ্যোগ নিতে হবে।