প্রতিবাদ জানালেন গুন্টার গ্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের লেখা কবিতা নিয়ে সংবাদমাধ্যমে অব্যাহত সমালোচনার মুখে সমালোচনার প্রতিবাদ জানিয়েছেন বরেণ্য জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস।সম্প্রতি ইরানের পারমাণবিক শক্তির অধিকার প্রশ্নে ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের যে রাজনীতিক টানাপোড়েন চলছে, তা নিয়ে এবং ইসরায়েল ইরানে আক্রমণের যে রণ-হুংকার দিচ্ছে, তা নিয়ে ‘যে কথা অবশ্যই বলতে হবে’ কবিতাটি লেখার পর থেকে জার্মানিসহ ইউরোপীয় ও মার্কিন সংবাদমাধ্যম তাঁর সমালোচনা করা হচ্ছে।জার্মান টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে গুন্টার গ্রাস জানান, কবিতাটির প্রচণ্ড সমালোচনা হবে জেনেই তিনি তা লিখেছেন। তিনি বলেন, ‘এই বিষয় নিয়ে বিতর্ক করার এখনই সময়। আমাদের এই বিষয়ে এখনই মুখ খুলতে হবে।’সংবাদমাধ্যমের একপেশে আচরণের নিন্দা জানিয়ে গুন্টার গ্রাস বলেন, ‘কবিতাটির মূল বিষয়ে না গিয়ে প্রায় সব সংবাদমাধ্যম একই সুরে কথা বলছে। ইসরায়েল যে বহুদিন থেকে পারমাণবিক শক্তিধর দেশ এবং অনেক আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা করছে না তারা, দৃশ্যত সেই অনালোচিত বিষয়গুলো আমি বলতে চেয়েছি।’নিজ দেশ জার্মানির সমালোচনা করে গুন্টার গ্রাস বলেন, জাতির কাঁধে দু-দুটো বিশ্বযুদ্ধের দায়ভারের বোঝা। তাদেরও উচিত নয় যুদ্ধের জন্য ইসরায়েলের কাছে ডুবোজাহাজ বিক্রয় করা।গুন্টার গ্রাস জানান, কবিতার সঙ্গে একমত পোষণ করে অনেকেই তাঁকে ই-মেইল করছেন। তাঁকে অকারণে ইহুদি-বিদ্বেষী বা ইসরায়েল রাষ্ট্রের বিরোধী বলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের প্রকৃত বন্ধু হিসেবে দেশটির আচরণে কষ্ট পাচ্ছেন তিনি।দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান সাহিত্যের পুনরুজ্জীবন লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসা ৮৪ বছর বয়স্ক গুন্টার গ্রাসকে দেশটির জাতির বিবেক বলে গণ্য করা হয়। তবে বিশ্বখ্যাত এই লেখকের সমালোচকেরা তাঁর লেখা কবিতাটিকে শুধু ইসরায়েলকে নিয়ে একপেশে বলে দাবি করছেন।গুন্টার গ্রাস জানিয়েছেন, জার্মান দৈনিক ‘সুদ ডয়েচে যাইটুং’-এর সাহিত্যপাতায় যেখানে ৪ এপ্রিল কবিতাটি প্রকাশিত হয়েছিল, সেই পত্রিকাতেই পুরো বিষয়টি আরও খোলাসা করে লিখবেন তিনি।