প্রতিবাদকারী শিক্ষক মিজান হত্যাকাণ্ড: দুজনের যাবজ্জীবন
যৌন নিপীড়নকারী বখাটেদের হামলায় নিহত নাটোরের কলেজশিক্ষক মিজানুর রশীদ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন সাজা হয়েছে। একই সঙ্গে তাঁদের দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক ছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি মামুনুর রশীদ ওরফে আসিফ আলী ও আবদুল আউয়াল ওরফে রাজন আদালতে উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ছাত্রীদেরকে যৌন নিপীড়ন করার প্রতিবাদ জানালে ২০১০ সালের ১২ অক্টোবর বখাটেরা মোটরসাইকেল দিয়ে নাটোরের বাগাতিপাড়া কলেজের শিক্ষক মিজানুর রশীদকে ধাক্কা দেয়। চিকিত্সাধীন অবস্থায় তিনি ওই বছরের ২৫ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মামুনুর রশীদ বাদী হয়ে হত্যা মামলা করেন।রায়ের পর প্রতিক্রিয়ায় নিহতের ভাই ও মামলার বাদী মামুনুর রশীদ বলেন, ‘আমরা ভেবেছিলাম আসামিদের ফাঁসি হবে। যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। তার পরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এ রায় মোটামুটি সন্তোষজনক হয়েছে বলে মনে করছি।’