প্রতিবাদী সৌদি নারী (ভিডিও)
শখ করে নিজের হাতের নখ রাঙিয়েছিলেন সৌদি আরবের এক নারী। এরপর তিনি যান একটি শপিং মলে। কিন্তু সৌদি নারীর শপিংয়ে বাদ সাধে সে দেশের ঐতিহ্যবাহী পোশাকপরা ধর্মীয় পুলিশ। তাঁরা ওই নারীকে শপিং মল ত্যাগ করতে বলেন। এতে দারুণ রেগে যান নারীটি। শপিং মল ত্যাগ করা তো দূরের কথা সৌদি পুলিশকে প্রশ্নবানে জর্জরিত করেন তিনি। সৌদি নারীর এই প্রতিবাদে হতভম্ব হয়ে পড়ে পুলিশ। পুলিশ শপিং মল ত্যাগ করতে বলায় সৌদি ওই নারী জোর গলায় বলেন, ‘আমার নখ আমি যেভাবে খুশি সেভাবে সাজাব। এতে কার কী বলার আছে? সরকার কি তোমাদের আমাকে অনুসরণ করার জন্য এখানে পাঠিয়েছে?’ পুলিশকে উদ্দেশ করে সৌদি নারী আরও বলেন, সরকার পুলিশকে নারীর অধিকার রক্ষা করার কথা বলেছে। পুলিশের কাজ হলো পরামর্শ দেওয়া। কাউকে হয়রানি করার অধিকার নেই পুলিশের।সৌদি নারীটি জোর গলায় বলেন, ‘শপিং মল থেকে আমি কেন বের হব? এই দ্যাখো, আমি এখানে দাঁড়িয়ে আছি। বের হতে হলে তোমরা বের হও।’সৌদি ওই নারীর ক্ষোভ এতটাই চরমে ওঠে যে তিনি নিজেই পুলিশকে বলেন, ‘শুধু নখ নয়, আমি আমার ঠোঁটও লিপস্টিক দিয়ে রাঙিয়েছি? কী করবে, করো এবার।’ তিনি পুলিশের প্রতি সৃষ্টিকর্তাকে ভয় করার আহ্বান জানান।পুলিশকে ভয় দেখিয়ে সৌদি নারীটি এবার বলে ওঠেন, ‘ভেবেছ এই ঘটনা চাপা থাকবে? তোমাদের সব কার্যকলাপ ভিডিও করেছি আমি।’ নারীটি ইউটিউবে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটি সে দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে বলে গত রোববার ডেইলি মেইল জানিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে ধর্মীয় পুলিশের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়েও উঠেছে প্রশ্ন। এ ঘটনায় এর মধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।
প্রসঙ্গত, তিউনেসিয়ায় এক সবজি-বিক্রেতার বিক্ষোভ থেকেই আরব বসন্তের ঢেউ ওঠে। একে একে ছড়িয়ে পড়ে তা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। আরব গণবিক্ষোভ দেখে বিভিন্ন দেশের শাসকেরা নাগরিকদের বিভিন্ন সুবিধা দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে সৌদি আরবও নাগরিকদের জন্য বিভিন্ন সুবিধা ঘোষণা করেছে।