প্রতিবাদে ‘কালো’ উইকিপিডিয়া
যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত ‘অ্যান্টি-পাইরেসি’ আইনের প্রতিবাদে আজ বুধবার উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি ভাষার সাইটটি ২৪ ঘণ্টার জন্য কালো রূপ ধারণ করেছে। ফলে সাইটটি আর দেখা যাচ্ছে না।ইউজার জেনারেটেড সংবাদ সাইট রেড্ডিট ও বোয়িং বোয়িং ব্লগ সাইটও উইকিপিডিয়ার এ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।উইকিপিডিয়ার পক্ষ থেকে পাঠকদের উদ্দেশে বলা হয়েছে, এই ২৪ ঘণ্টা ভিজিটররা উইকিপিডিয়ার ইংরেজি ভাষার সাইটটির কেবল সাদাকালো পৃষ্ঠা দেখতে পাবেন।উইকিপিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘মুক্ত জ্ঞান ছাড়া একটি বিশ্বের কথা কল্পনা করুন।’উইকিপিডিয়া একই সঙ্গে স্থানীয় কংগ্রেসম্যানদের সঙ্গে যোগাযোগ করে এই বিলের বিপক্ষে ভোট দিতে মার্কিন পাঠকদের অনুরোধ জানিয়েছে।বিবিসির এক খবরে বলা হয়, উইকিপিডিয়াসহ আরও কিছু সাইটের স্বত্বাধিকারীরা বলছেন, তাঁরা মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত ‘স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট’ (সোপা) ও ‘প্রোটেক্ট ইনটেলেকচুয়াল প্রোপার্টি অ্যাক্ট’-এর (পিপা) বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বুধবার মধ্যরাত থেকে উইকিপিডিয়া অফলাইনে থাকবে।’উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বিবিসিকে বলেছেন, ‘সোপার মাধ্যমে পাইরেসি খুব একটা বন্ধ করা যাবে না। এ ছাড়া সোপায় প্রস্তাবিত বিধিনিষেধগুলো বেশ বিস্তৃত এবং তা খুব একটা কার্যকর হবে বলে মনে হয় না।’এদিকে সোপার সমর্থনকারী মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা বলেছেন, আপত্তিকর তথ্যসংবলিত সাইটগুলোর আয় বন্ধ করতে সোপার বিধিবিধানগুলো সহায়ক হবে। তাঁরা বলেন, এতে করে ওয়েবসাইটের মালিকেরা এবং মার্কিন সরকার পাইরেসির সঙ্গে যুক্ত সাইটগুলো বন্ধ করে দেওয়ার জন্য আইনের আশ্রয় নিতে পারবে। এ ছাড়া আইনটি যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান (আইএসপি), সার্চ ইঞ্জিন, বিজ্ঞাপন-সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলোর জন্যও সহায়ক হবে।এদিকে হোয়াইট হাউস বলেছে, অনলাইন পাইরেসি ঠেকাতে অবশ্যই কার্যকর আইনের প্রয়োজন আছে। কিন্তু তা যেন মতপ্রকাশের স্বাধীনতায় বাধা না হয়ে দাঁড়ায় এবং সাইবার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ না হয়। আর ওই আইন বিশ্বব্যাপী ইন্টারনেটের অবাধ গতিশীলতায়ও যেন বাধা না দেয়।তার পরও উইকিপিডিয়া মনে করছে, প্রস্তাবিত বিলটি বিশ্বব্যাপী একটি উন্মুক্ত ওয়েব জগেক ধ্বংসের মুখে ঠেলে দেবে।এদিকে মিডিয়া মুঘল রুপার্ট মারডকসহ সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিরা এই অ্যান্টি পাইরেসি আইনের সমর্থন করছেন।