ভারতের আসামের গুয়াহাটিতে ৯ জুলাই রাতে রাস্তায় নারী নির্যাতনের ঘটনার ভিডিওচিত্র ধারণ করেন স্থানীয় টেলিভিশন চ্যানেল নিউজলাইভের প্রতিবেদক গৌরব জ্যোতি নিয়োগ। তিনি ১৫ জুলাই চ্যানেলটি থেকে পদত্যাগ করেন। গুয়াহাটির রাজনৈতিক দল আরটিএর অখিল গগৈ অভিযোগ করেন, ওই রাতে প্রতিবেদক নিয়োগ ওই নারীকে নিপীড়নে বাধা না দিয়ে প্ররোচনা দেন। এই অভিযোগ ওঠার পর ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পদত্যাগ করেন প্রতিবেদক নিয়োগ। তাঁর পদত্যাগের পরে এবার পদত্যাগ করলেন চ্যানেল নিউজলাইভের প্রধান সম্পাদক অতনু ভূঁইয়া।
আজ মঙ্গলবার গুয়াহাটি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের মন্তব্যে বিস্ময় প্রকাশ করে অতনু ভূঁইয়া বলেন, ‘চ্যানেলটির প্রতিবেদক গৌরব জ্যোতি নিয়োগকে পুলিশ নিয়ে গেছে। চার ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ছেড়ে দেওয়া হয়। আমরা আশঙ্কা করছি, যেহেতু পুলিশ গগৈয়ের মন্তব্যে প্রভাবিত হয়েছে, সেহেতু ঘটনার তদন্তকাজে প্রভাব পড়তে পারে।’ টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে ভূঁইয়া আরও বলেন, বিভিন্ন সূত্র থেকে তিনি জানতে পেরেছেন, মুখ্যমন্ত্রী গগৈ চান তিনি পদত্যাগ করুন। গগৈ টিভি চ্যানেলের ব্যবস্থাপনা বিভাগকে চাপের মুখে ফেলতে পারেন। প্রধান সম্পাদক ভূঁইয়া বলেন, ‘চ্যানেলের ব্যবস্থাপনা বিভাগ এখনো আমাকে সমর্থন দিচ্ছে। কিন্তু পরে মুখ্যমন্ত্রী গগৈয়ের কারণে প্রভাবিত হয়ে তাঁরাও আমাকে চাপের মুখে ফেলতে পারে।’ এ পরিস্থিতি এড়াতেই পদত্যাগ করছেন বলে জানান ভূঁইয়া। ভূঁইয়া আরও বলেন, তিনি কোনো নৈতিক দায়িত্ববোধ থেকে বা ওই ভিডিওচিত্র ধারণকারী প্রতিবেদকের পাশে দাঁড়ানোর জন্য পদত্যাগ করছেন না। প্রতিবেদক নিয়োগ সম্পর্কে তিনি বলেন, নারীকে নিপীড়নের ওই ভিডিওচিত্র নিয়োগ ধারণ করতে পেরেছিলেন বলেই নারী নিপীড়নের ঘটনায় ১২ জন অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এনডিটিভির অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়, ৯ জুলাই আসামের স্থানীয় টেলিভিশন চ্যানেল নিউজলাইভের প্রতিবেদক গৌরব জ্যোতি নিয়োগ কর্তব্য শেষে ঘরে ফেরার পথে নিপীড়নের ঘটনা ক্যামেরায় ধারণ করেন। ধারণ করা চিত্রে দেখা গেছে, ২০-৩০ জন মানুষ দৌড়ে গিয়ে ওই নারীর চুল টেনে ধরে এবং টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে। এরপর তারা নারীটিকে মাটিতে ঠেসে ধরে মারতে থাকে।ভিডিওতে আরও দেখা যায়, ওই নারী সাহায্য চেয়ে চিত্কার করলেও কেউ এগিয়ে আসেনি। আশপাশের দোকান্দারেরা তাকিয়ে মজা দেখেছেন। প্রায় আধা ঘণ্টার এ নির্যাতনে ঘটনার শিকার নারীটিকে পেটানো হয় এবং গায়ের কাপড় ছিঁড়ে ফেলা হয়।ইন্ডিয়া টুডেতে গত রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মাত্র এক মাইল দূরের থানা থেকে ঘটনাস্থলে আসতে পুলিশের সময় লেগেছে ৪৫ মিনিট। পৌঁছানোর পরও যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় পুলিশ। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি।এনডিটিভির খবরে বলা হয়, ওই নারী একটি পানশালা থেকে তাঁর বন্ধুদের সঙ্গে বের হন। একজন ছেলে বন্ধুর সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে হাতাহাতিও হয়। এরপরে ছেলে বন্ধুরা মেয়েটিকে রেখে চলে যায়। এর কয়েক মিনিট পর নিপীড়ক দল মেয়েটির ওপরে আক্রমণ চালায়। তবে এনডিটিভির অপর এক সংবাদে বলা হয়, গৌরব ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারেন, তিনি একা কিছুই করতে পারবেন না, তাই তিনি তাঁর অন্য বন্ধুদের খবর দেন। তিনি পুলিশেও ফোন করেন।