প্রতিবেদন থেকেও এনএসআইকে বাদ দিতে বলেন বাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অস্ত্র চোরাচালানের সঙ্গে এনএসআই কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়টি অন্তর্ভুক্ত করতে দেননি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।আজ বৃহস্পতিবার আদালতে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক। বিকেলে বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে দেওয়া সাক্ষ্যে ওমর ফারুক এ তথ্য জানান। আগামী ১২ জুন তাঁকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।এর আগে সকাল থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত আসামিপক্ষের আইনজীবীরা তত্কালীন পুলিশ কমিশনার এস এম সাব্বির আলীকে জেরা করেন। সকালে কাঠগড়ায় ঢোকানো নিয়ে আসামিদের সঙ্গে পুলিশের হট্টগোল হয়। এ সময় বিচারক এজলাসে ছিলেন না। গত বুধবার রাষ্ট্রপক্ষের আপত্তির পর সাবেক দুই মন্ত্রী ছাড়া অন্য আট আসামিকে কাঠগড়ায় ঢোকানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক।বিকেল চারটা ৫০ মিনিটে সাক্ষ্য দেওয়া শুরু করেন সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক। তিনি বিকেলে সাড়ে পাঁচটা পর্যন্ত আদালতে সাক্ষ্য দেন।সাক্ষ্যে ওমর ফারুক বলেন, ‘২০০৪ সালের ২ এপ্রিল টেলিভিশনের মাধ্যমে চট্টগ্রামের সিইউএফএল জেটিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটকের খবর জানতে পারি। তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে এ বিষয়ে তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।’সাক্ষ্যে ওমর ফারুক জানান, তিনি ছিলেন সেই তদন্ত কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (পরে মেজর জেনারেল) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক এনামুর রহমান চৌধুরী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক ফররুখ আহমদ চৌধুরী ও পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক শামসুল ইসলাম।সাক্ষ্যে ওমর ফারুক বলেন, ‘কমিটির সদস্যরা ২০০৪ সালের ৫ এপ্রিল চট্টগ্রাম এসে ঘটনাস্থল পারকিবাজার পরিদর্শন করি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের যথা সিইউএফএল কর্তৃপক্ষ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করি।’ওমর ফারুক আলী বলেন, ‘ওই সময় এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার এ বিষয়ে সংশ্লিষ্টতার কথা বুঝতে পারি এবং ধারণা পাই। কিন্তু সময়ের স্বল্পতা হেতু এই বিষয়ে সুনির্দিষ্ট ও বিস্তারিত জানা সম্ভব হয়নি।’ওমর ফারুক সাক্ষ্যে বলেন, ‘প্রতিবেদন তৈরির সময় তদন্তে পাওয়া বিভিন্ন বিষয় ও এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় লুৎফুজ্জামান বাবরকে অবগত করি। তদন্ত প্রতিবেদনে এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয় অন্তর্ভুক্ত করার প্রয়োজন থাকা সত্ত্বেও তা প্রতিমন্ত্রী মহোদয় করতে দেননি।’এরপর সাক্ষ্যে ওমর ফারুক বলেন, ‘এ বিষয়টি প্রতিমন্ত্রীর বাধা ও নিষেধাজ্ঞার কারণে তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এর বেশি কিছু করা সম্ভব হয়নি। এ ছাড়া কমিটির কিছু সুপারিশ তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’কাঠগড়ায় ঢোকাতে গেলে আসামিদের হট্টগোলসকালে কাঠগড়ায় দাঁড় করানো নিয়ে এজলাসে আসামিদের সঙ্গে পুলিশের হট্টগোল হয়। বেলা ১১টা ১০ মিনিটে আসামিদের আদালতে হাজির করা হয়। এজলাসে প্রবেশের পর সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়া অন্য আট আসামিকে কাঠগড়ায় ঢোকানোর উদ্যোগ নেয় পুলিশ।এ সময় আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তিনিসহ আরও কয়েকজন আসামি পুলিশকে উদ্দেশে করে চিৎকার ও চেঁচামেচি শুরু করেন। তবে তখন বিচারক এস এম মজিবুর রহমান এজলাসে উপস্থিত ছিলেন না। হট্টগোলের পর আট আসামিকে কাঠগড়ায় ঢোকানো হয়।প্রসঙ্গত, গত বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন কমিশনার এস এম সাব্বির আলীর জেরা চলাকালে আসামিদের এজলাসের বেঞ্চে বসে থাকা নিয়ে আপত্তি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামালউদ্দিন আহাম্মদ। এ নিয়ে রাষ্ট্রপক্ষ ও আসামির আইনজীবীদের বচসা ও হট্টগোলের পর আদালত দুই সাবেক মন্ত্রী ছাড়া অন্য আট আসামিকে কাঠগড়ায় ঢোকানোর নির্দেশ দেন।দুপুরে আদালতে জেরা চলাকালে অসুস্থবোধ করেন সাবেক সিএমপি কমিশনার সাব্বির আলী। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামালউদ্দিন আহাম্মদ সাক্ষী অসুস্থ হয়ে পড়ায় জেরা মুলতবির মৌখিক আবেদন করেন। তিনি বলেন, ‘সাক্ষীর বাইপাস সার্জারি হয়েছে। জেরার দীর্ঘসূত্রতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়ছেন।’ তবে মধ্যাহ্নের বিরতির পর সাব্বির আলী সুস্থ বোধ করছেন বলায় আবার তাঁর জেরা শুরু হয়। গতকাল পাঁচজন আসামির আইনজীবী সাব্বির আলীকে জেরা করেন।