প্রতিবেদন নিয়ে সাজেদার ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গতকাল বুধবার সংসদে উপস্থাপিত প্রতিবেদন সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির চেয়ারপারসন ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। গতকাল উপস্থাপিত ওই প্রতিবেদনে ১১ মাসে বিশেষ কমিটির কার্যক্রমের বিবরণ নেই বলে তাঁর অভিযোগ। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি এই অভিযোগ করেন।সাজেদা চৌধুরী বলেন, প্রতিবেদনে বিশেষ কমিটির কাজের বিবরণ থাকলে বিএনপি তড়িঘড়ি করে সংবিধান সংশোধনের অভিযোগ করতে পারত না।সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস উপলক্ষে আজ সকালে ক্ষমতাসীন মহাজোটের প্রধান দুই শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তাদের সংসদীয় দলের জরুরি বৈঠক করেছে। আজ সকালে জাতীয় সংসদ ভবনে এ দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রী ও চিফ হুইপ সংবিধান সংশোধন বিলের ব্যাপারে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সাংসদদের অবহিত করেন।আর জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন এইচ এম এরশাদ। দুটি দলের সভায় মূলত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তকারী সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১ পাস এবং এটি পাসের পর বিরোধী দলের সম্ভাব্য আন্দোলন-সংগ্রাম মোকাবিলায় করণীয় সম্পর্কে আলোচনা হয় বলে জানা গেছে।