প্রতিবেদন সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের কর্মকাণ্ড নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে গতকাল সোমবার সংসদে যে আলোচনা হয়েছে, সেখানে আলোচকদের প্রতিবেদনটি সম্পর্কে পরিপূর্ণ ধারণার ঘাটতি রয়েছে বলে মনে করছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক ও জাতীয় জলবায়ুসংক্রান্ত অর্থায়নে স্বচ্ছতার দাবিতে এবং আগামী দোহা সম্মেলনে টিআইবির অবস্থান তুলে ধরতে আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনটির আয়োজন করে টিআইবি ও ক্লাইমেট ফিন্যান্স গভর্নেন্স।গতকাল সংসদে টিআইবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ও এর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। সাংসদেরা দুর্নীতিবিরোধী এ সংস্থার নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংসদের বিশেষ অধিকার কমিটিতে তলব করারও দাবি জানান। এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, সংসদ যে সিদ্ধান্ত নেবে, তা টিআইবি মেনে নেবে। তবে সিদ্ধান্ত যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় এবং সেখানে যাতে টিআইবির অংশ নেওয়ার সুযোগ থাকে, এই মতও জানান তিনি। টিআইবির প্রতিবেদনে ১৪৯ জন সাংসদের মধ্যে ৯৭ শতাংশই নেতিবাচক কাজের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে ৫৩ দশমিক ৭ শতাংশ সাংসদ ইতিবাচক কাজের সঙ্গে জড়িত বলে দেখানো হয়েছে। টিআইবির সমালোচনা করা হলেও প্রতিবেদনে উল্লিখিত সাংসদদের ইতিবাচক দিকগুলো নিয়ে সংসদে কোনো কথা বলা হয়নি বলে জানান ইফতেখারুজ্জামান। কয়েক দিন আগে তথ্যমন্ত্রী বলেছিলেন, বিরোধী দলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে টিআইবি কাজটি করেছে। এ ব্যাপারে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের গবেষণায় বিরোধী দলের ১৩ জন সাংসদকে নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ১২ জনেরই নেতিবাচক কার্যক্রমের তথ্য ছিল।’ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা সংসদকে একটি গণতান্ত্রিক, শক্তিশালী ও সম্মানজনক প্রতিষ্ঠান মনে করি। সংসদ ও গণতন্ত্রের প্রতি টিআইবির পূর্ণ আস্থা আছে। কোনো অগণতান্ত্রিক শক্তিকে সহায়তা নয়, বরং গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করা এবং সে কাজে সরকারকে সহায়তা করাই টিআইবির লক্ষ্য।’ইফতেখারুজ্জামান আরও বলেন, সমালোচকও সরকারের শুভাকাঙ্ক্ষী হতে পারে।