প্রতিবেদনের কিছু বিষয় নিয়ে পুনঃ তদন্ত দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে অনিয়ম নিয়ে নতুন কোনো তদন্ত কমিটি হবে না। তবে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে কি না, যাচাই করে দেখা দরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন কমিটির প্রতিবেদনের সুপারিশ থেকে কিছু কিছু বিষয়ে পুনঃ তদন্ত করা দরকার। প্রতিবেদনেও এ রকম কিছু সুপারিশ এসেছে।গতকাল বুধবার সচিবালয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। অর্থসচিব মোহাম্মদ তারেক এ সময় উপস্থিত ছিলেন। এ এম এ মুহিত বলেন, ‘শেয়ারবাজারের ওপর প্রভাব পড়বে এমন কিছু আগামী বাজেটে থাকবে না। বর্তমানে ওঠানামা স্বাভাবিকভাবেই হচ্ছে। তবে আমাদের উদ্দেশ্য সার্থক হয়েছে। আগামী দিনে নতুন নতুন কোম্পানি আসবে বাজারে।’ অর্থমন্ত্রী বলেন, প্রতিবেদনে সুপারিশ আসার আগেই অনেকগুলোর বাস্তবায়ন হয়ে গেছে। আর কিছু বিষয় বাস্তবায়নের প্রক্রিয়াধীন।বাংলাদেশ মিউচুয়াল ফান্ডের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এ প্রস্তাবটি দেখা হবে। এতে আমাদের কোনো পয়সা ব্যয় করতে হবে না।’অর্থমন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদনের তিনটি কপি তাঁর কাছে ছিল এবং তা তাঁর নিজ বাসাতেই ছিল। বাসায় তেমন কোনো লোকজনও ছিল না। দাপ্তরিক কাজ করার জন্য তিনি রবি-সোমবারের দিকে একেকজনকে একেকটা দেবেন চিন্তা করেছিলেন। কিন্তু এর আগেই প্রতিবেদন ফাঁস হয়ে গেছে।বিএনপির প্রতিবেদন প্রত্যাখ্যান এবং অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা তাদের দৃষ্টিভঙ্গি। তারা তো বহু দিন থেকেই পদত্যাগের কথা বলে আসছে। মধ্যবর্তী নির্বাচনের কথাও বলছে। এর মানে পদত্যাগই তো। আমি কখন পদত্যাগ করব, এটা আমার ব্যাপার।’আগামী সপ্তাহে যে প্রতিবেদন প্রকাশ করার কথা জানিয়েছিলেন, তা কি প্রকাশ করা হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পারব না হয়তো। কারণ আছে। তা হলো, প্রতিবেদনের অনেক কপি ছাপাতে হবে।’প্রাক-বাজেট আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সচিবদের প্রত্যেকেরই দাবি, ‘আমার বরাদ্দ কম। বরাদ্দ বাড়াতে হবে।’ অর্থমন্ত্রী বলেন, ‘অভাবের দেশ, দাবি তো থাকবেই। তাই বলি, সম্পদ আহরণ ও ব্যয়ের মধ্যে সমন্বয় থাকতে হবে। অর্থের সদ্ব্যবহার করতে হবে।’আগামীবার থেকে কিছু কিছু বিষয়ে ‘পারফরম্যান্স বাজেট’ চালু করা হবে বলে জানান অর্থমন্ত্রী। এতে বাজেট বাস্তবায়নের নির্দেশক দেওয়া থাকবে। আর জেলা বাজেট নিয়ে তিনি বলেন, ‘গতবারই বলেছিলাম চালু হবে। জেলায় কিন্তু এখনো কিছু খরচ হচ্ছে।’ এ নিয়ে এক ধরনের ভুল বোঝাবুঝি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে অর্থসচিব মোহাম্মদ তারেক বলেন, জেলা বাজেট বিষয়ে কিছু সমস্যা রয়েছে। এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। দেশের ভূমি রেকর্ড ব্যবস্থার উন্নয়নকে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ভূমি রেকর্ডের ডিজিটালাইজেশনটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ, জ্বালা-যন্ত্রণা, মারামারি সব ভূমি নিয়েই হয়। ভূমি ব্যবহারের পরিকল্পনা একেবারে অপরিহার্য হয়ে পড়েছে।অর্থমন্ত্রী বলেন, ‘অনেকেই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) করতে চায়। কিন্তু জায়গা দিতে পারছি না। আবার কয়লা প্রকল্প করতেও অনেক ভূমি লাগে।’ খুলনায় কয়লা প্রকল্পের জন্য কিছু জায়গা পাওয়া গেছে বলে জানান তিনি।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা অত সহজ নয়: গতকাল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা অত সহজ নয়।’ অর্থমন্ত্রী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সব ভোগ্যপণ্যের পরিবর্তে চাল, আটা, চিনি ও তেল—এই চারটি পণ্যের দাম কমানোর টার্গেট করা উচিত। এই কৌশলের কথা আমার সহকর্মীদেরও বলেছি। এসব পণ্য কম দামে নয়, ন্যায্য দামে দিতে হবে।’ ভারতে এ ধরনের কৌশলে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে তিনি জানান। অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের বাইরে থেকে ভাবতাম, সিন্ডিকেট আছে। সরকারে এসে দেখেছি, বিষয়টি অত সহজ নয়।’