প্রতিবেশী ভারত ও নেপালের চেয়ে বেশি দামে পাঁচটি নিত্যপণ্য দেশে বিক্রি হচ্ছে। পণ্যগুলো হচ্ছে—চাল, আটা, চিনি, মসুর ডাল ও আলু। এই পাঁচ পণ্য কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের তুলনায় বাংলাদেশে নিত্যপণ্যের দাম কম বলে সব সময়ই দাবি করা হয়। এ কারণে দেশীয় বাজারে দর বাড়ানো না হলে পণ্য পাচার হয়ে যাওয়ার অজুহাত দিয়ে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের দাম বাড়ান। আর এই পরিস্থিতি এখন পাল্টে গেছে। বাংলাদেশের বিভিন্ন পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে। এমনকি কয়েকটি পণ্য নেপালের তুলনায়ও দাম বেশি বাংলাদেশে।বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্যসংক্রান্ত আন্তমন্ত্রণালয় তদারকি কমিটির বৈঠকে গতকাল রোববার এ চিত্র উপস্থাপন করেছে সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তুলনার জন্য গত ১৩ জানুয়ারিকে ভিত্তি ধরেছে টিসিবি। অতিরিক্ত বাণিজ্যসচিব এম মর্তুজা রেজা চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। টিসিবির প্রতিবেদন অনুযায়ী, চায়না ইরি বা স্বর্ণা হিসেবে পরিচিত মোটা চাল দেশীয় খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে। একই মানের চালের দর বাংলাদেশি মুদ্রায় ভারতে ৩৩ টাকা ৪৪ পয়সা, নেপালে ৩৫ টাকা ৬৪ পয়সা। ভারতীয় রুপিতে তা ২২ রুপি এবং নেপালি রুপিতে ৩৬ রুপি। অর্থাৎ নেপালের তুলনায় সামান্য বেশি হলেও ভারতের তুলনায় কেজিতে দুই টাকা ৫৬ পয়সা বেশি। বাংলাদেশি মুদ্রায় ভারতীয় রুপিকে এক টাকা ৫২ পয়সা এবং নেপালি রুপিকে ৯৯ পয়সা ধরে হিসাব করা হয়েছে। একইভাবে দেশীয় বাজারে প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা দরে। ভারতের বাজারে আটার দরও ওই দেশের মোটা চালের দরের সমান অর্থাৎ ৩৩ টাকা ৪৪ পয়সা। তবে নেপালের আটার দর জানতে পারেনি টিসিবির অনুসন্ধান ও গবেষণা সেল। প্রতিবেদনে গমের দাম উল্লেখ করা হয়েছে নেপালি মুদ্রায় কেজিতে ২৭ রুপি আর বাংলাদেশি মুদ্রায় ২৬ টাকা ৭৩ পয়সা।দেশের চিনি পরিশোধন কারখানা মালিকেরা বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে যতবারই বৈঠক করেছেন, ততবারই বলেছেন যে ভারতের বাজারে চিনির দাম বেশি। না বাড়ালে চিনি পাচার হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের কথা বিশ্বাস করে শেষ পর্যন্ত চিনির ওপর শুল্কই প্রত্যাহার করে নিয়েছে সরকার।টিসিবির তথ্য বলছে, দেশীয় বাজারে যে চিনি এখন ৫৫ থেকে ৫৭ টাকা দরে বিক্রি হচ্ছে, একই মানের চিনি ভারতে বিক্রি হচ্ছে ৩৪ রুপি বা ৫১ টাকা ৮৮ পয়সা দরে। অর্থাৎ ভারতের তুলনায় বাংলাদেশে চিনির দর বেশি কেজিতে পাঁচ টাকা। তবে নেপালে চিনির দর বাংলাদেশের চেয়েও বেশি। একইভাবে আলু বিক্রি হচ্ছে দেশীয় বাজারে ১৩ থেকে ১৫ টাকা কেজিতে। ভারতে আলুর দর ১২ টাকা ১৬ পয়সা। তবে নেপালে তা ২৩ টাকা ৭৫ পয়সা কেজি। মসুর ডাল বাংলাদেশে বিক্রি হচ্ছে ৭২ থেকে ১০৪ টাকা কেজি। ভারতে এ দর ৭৬ টাকা আর নেপালে ৮৯ টাকা।দ্রব্যমূল্য তদারকসংক্রান্ত গতকালের এই বৈঠকে বিদ্যমান মজুদবিরোধী আইনের কিছু ধারা স্পষ্ট না থাকায় মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে আলোচনা হয়েছে। এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের অসহযোগিতার কথাও উঠে এসেছে।বৈঠকে বলা হয়েছে, বর্তমানে গম আমদানিতে কোনো কর নেই। তার পরও গমের দামের সঙ্গে আটার দামের পার্থক্য অবিশ্বাস্য রকমের বেশি। যোগাযোগ করলে টিসিবির সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার জাহান তালুকদার বলেন, নিত্যপণ্য সহনশীল পর্যায়ে রাখতে টিসিবির মজুদ বাড়ানো হবে। এক লাখ টন খাদ্যশস্য আমদানি হবে: এদিকে এক লাখ টন খাদ্যশস্য আমদানির দুটি প্রস্তাব গতকাল রোববার অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ৫০ হাজার টন চাল ও ৫০ হাজার টন গম। প্রতি টন ৪৫৯ দশমিক ২২ ডলার হিসাবে চাল আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৬২ কোটি ৫৬ লাখ টাকা। আর ৩৬৮ দশমিক ৫১ ডলার টন হিসাবে গম আমদানিতে ব্যয় হবে ১৩০ কোটি ৩৫ লাখ টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।