চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশের বন্দর ব্যবহার করে প্রাথমিকভাবে প্রতিবেশী দেশগুলোর বছরে ২০ লাখ টন পণ্য পরিবহন করার সম্ভাবনা রয়েছে। এ পণ্য কনটেইনারে বোঝাই হলে প্রায় এক লাখ ৯০ হাজার কনটেইনারে (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) ধারণ করা যাবে। মংলা বন্দর বাদ দিলেও চট্টগ্রাম বন্দরে প্রতিবেশী দেশগুলোর এই পরিমাণ কনটেইনার ওঠানো-নামানো এখনই সম্ভব।আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বন্দরের চেয়ারম্যান কমোডর এম এ ইসলাম এ মত প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিবছর প্রতিবেশী দেশের পণ্য পরিবহন বাড়লেও সমস্যা হবে না। ১০ লাখ টিইইউএস কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতাসম্পন্ন এনসিটি জেটি পুরোদমে চালু হলে এই বাড়তি কনটেইনার ওঠানো-নামানো যাবে।গত ১৩ ফেব্রুয়ারি বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম এ ইসলাম। মতবিনিময় সভায় বন্দরের পরিচালন কর্মকাণ্ড, উন্নয়ন প্রকল্প এবং অগ্রগতির বিস্তারিত তুলে ধরেন তিনি। বন্দর চেয়ারম্যান বলেন, বন্দরের উন্নয়নে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা তৈরি হচ্ছে। তবে স্বল্পমেয়াদি আন্তর্জাতিকমানের অপারেটর দিয়ে এনসিটি চালু, কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি (সিটিএমএস) চালু এবং কর্ণফুলী কনটেইনার টার্মিনাল প্রকল্প শেষ করা গেলে আঞ্চলিক বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ বাড়বে।