এক যুগ প্রথম আলো তার যাত্রার ১২ বছর পূর্ণ করছে আগামী ৪ নভেম্বর। এক যুগ পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে নানা অনুষ্ঠান ও আয়োজনের বিভিন্ন উদ্যোগ। প্রথম আলোর বিভিন্ন দিক ও বিষয় নিয়ে ১২টি ধারাবাহিক নিবন্ধের নবমটি ছাপা হলো আজ
প্রতিভার সম্মানে, মেধাবীর স্বীকৃতিতে
একসঙ্গে বসে থাকা কয়েক শ শিশু উদ্বোধনী ঘোষণার জন্য চুপচাপ অপেক্ষা করবে, এতটা আশা করা ঠিক নয়। ওদের ফিসফিস একটু একটু করে বেড়ে গুঞ্জনে রূপান্তরিত হয়। মঞ্চের পেছন থেকে কেউ একজন বলেন, ‘ওদের চুপ করতে বলুন! বলুন, অনুষ্ঠান শুরু হচ্ছে!’এ রকম বেরসিক মন্তব্য করতে ইচ্ছে হয় না। তাই আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে বলতে হয়, ‘শোনো, একটা বিপদে পড়েছি।’ গুঞ্জন কিছুটা কমে।‘ঢাকা থেকে আসার পথে তোমাদের শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া শঙ্খ নদের তীরে দাঁড়িয়েছিলাম। কী যে ভালো লাগল!’ ‘শঙ্খ নদ’—শব্দ দুটির ওপর একটু জোর দিতে হয়।এবার গুঞ্জন হারিয়ে যায়, বরং প্রতিবাদী কিছু হাত উঠে আসে। কী সব বলতে থাকে ওরা।‘ও, আমি কি নদীর নামটি ভুল করেছি!’সমবেত শিশুরা হ্যাঁ-সূচক মাথা নাড়ে।‘আসলে ব্রহ্মপুত্র নদ বলতে গিয়ে বলে ফেলেছি শঙ্খ নদ। এটা তো ব্রহ্মপুত্র, তাই না?’এবার যেন বাঘের গর্জনে ‘হ্যাঁ’ ঘোষিত হয়। আমরা বুঝে নিই, গুঞ্জন থামানোর মহৌষধ ওদের সঙ্গে মিশে যাওয়া, নির্দেশ দেওয়া নয়। শিশুরা এখন আমাদের কথা শোনার জন্য প্রস্তুত। বাংলা ভাষাটা এত মধুর, সেটাকে অকারণে রূঢ় করে তোলার দরকার হয় না। ওপরের ঘটনাটি ময়মনসিংহের মুকুল নিকেতন বিদ্যালয়ের। বৃহত্তর ময়মনসিংহ থেকে শিক্ষার্থীরা এসেছিল ভাষা প্রতিযোগে অংশ নিতে। এ রকম প্রতিযোগ প্রায় সব কটি বড় বিভাগীয় শহরেই হয়েছে। ভাষা প্রতিযোগে অংশ নিতে হলে দিগ্গজ হতে হয় না। পড়ার বইটাই পড়তে হয় ভালো করে, আর আশপাশে যা ঘটে চলেছে, তা জানা থাকতে হয়। ব্যস! এর পরই বসে যাও পরীক্ষার হলে! প্রথম আলো আর বিশ্বের স্থানীয় ব্যাংক এইচএসবিসির আয়োজনে ভাষা প্রতিযোগ চলছে ২০০৫ সাল থেকে। বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কেই থাকে প্রশ্ন। এই প্রতিযোগগুলোর সবচেয়ে আকর্ষণীয়—প্রশ্নোত্তর পর্ব। পুরো প্রতিযোগকালে আমরা দেখতে পাই আলোর দ্যুতি ছড়ানো কিছু শিশুকে। একটি প্রশ্ন, ‘সঞ্চয়িতা শুদ্ধ, না সঞ্চিতা?’ শিশুরা পড়ে এসেছে সঞ্চিতাই ঠিক, কিন্তু রবীন্দ্রনাথ লিখেছেন সঞ্চয়িতা! এর উত্তরে ওরা যখন শোনে, সঞ্চয়িতা ১৫ ফর্মা ছাপা হয়ে যাওয়ার পর জানা গেল সঞ্চয়িতা শুদ্ধ নয়, তখন রবীন্দ্রনাথের পক্ষেও আর কিছুই করার ছিল না, তাই ভুলটাই চলছে যুগের পর যুগ ধরে। বাংলা ভাষায় শব্দসংখ্যা কত? উত্তর অনেকেই জানি না। যখন শুনি শব্দসংখ্যা এক লাখ ৩৫ হাজার, তবে ইদানীং আরও কিছু বিদেশি শব্দ যুক্ত হচ্ছে, তখন সত্যিই শিশুদের প্রশ্নের বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে, নিজ ভাষা সম্পর্কে আগ্রহী করে তোলে বড়দেরও। প্রথম আলো মেধাবী শিক্ষার্থীদের মনে জ্বালিয়ে দিতে চাইছে আলোর শিখা, যে শিখায় উজ্জ্বল হয়ে সে ধারণ করবে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। এ পর্যন্ত প্রায় ৪৬ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে ভাষা প্রতিযোগে। বিভাগীয় শহরগুলোর নির্বাচিত মেধাবীদের নিয়ে ঢাকায় হয় জাতীয় ভাষা প্রতিযোগ।২.অঙ্ককে ভয় পায় না, এমন মানুষ কমই আছে। কিন্তু অঙ্কের মজা একবার বুঝে গেলেই অঙ্ক আর জুজুবুড়ির ভয় দেখাতে পারে না। শিক্ষার্থীদের গণিতভীতি দূর করার জন্যই একসময় শুরু হলো কাজ। দুই কৃতী অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও মুহম্মদ জাফর ইকবালের ভাবনাকে বাস্তবে রূপ দিল প্রথম আলো। সে ২০০১ সালের কথা। প্রথম আলোর একটি পাতার নাম হলো ‘নিউরনে অনুরণন’। নামের অনুপ্রাসের দোলায় দুলল হাজার শিক্ষার্থীর মন। এমন প্রশ্নও দেখা গেল, ‘একটা ইলেকট্রিক ট্রেন উত্তর থেকে দক্ষিণ দিকে যেতে থাকলে ট্রেনের ধোঁয়া কোনো দিকে যাবে?’ কিংবা ‘রাজু আর রানু একই আকারের ব্যাগ নিয়েছে, তাতে আপেল। কিন্তু একজনের ব্যাগ কেন হালকা?’ প্রশ্ন দুটোর উত্তর যে খুবই মজার, তা বলে দিতে হয় না। আপনিই খুঁজে বের করুন না! ছোটরা কিন্তু ঠিকই বলে দেবে, ইলেকট্রিক ট্রেনে ধোঁয়া হয় না আর দুই ব্যাগে সমপরিমাণ আপেল ছিল না। এ রকম হালকা প্রশ্ন থেকেই ধীরে ধীরে গণিতের রাজ্যে ঢুকতে থাকে শিশুরা।নিউরনে অনুরণন যখন চলছে, তখন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আদলে আমাদের দেশেও অলিম্পিয়াড আয়োজনের ভাবনা চলে এসেছে মাথায়। খোঁজ নিয়ে জানা গেল, গণিত অলিম্পিয়াডের জন্য প্রয়োজন স্থানীয় ও জাতীয় পর্যায়ের উৎসব। ২০০১ সালে নারায়ণগঞ্জ আর রাজবাড়ীতে হলো আঞ্চলিক উৎসব। ২০০২ সালের ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দিন শাবিপ্রবির উদ্যোগে ও প্রথম আলোর সহযোগিতায় শাবিপ্রবিতেই অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় গণিত অলিম্পিয়াড। পরের বছর থেকে প্রতিবছরই অনুষ্ঠিত হচ্ছে এটি, তবে এর পর থেকে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির এই অনুষ্ঠানের ভার নিয়েছে প্রথম আলো। সঙ্গে আছে ডাচ্-বাংলা ব্যাংক। এ পর্যন্ত প্রায় ৯৬ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে গণিত অলিম্পিয়াডে। ভাবা যায়! ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে বাংলাদেশ। মেক্সিকো, স্লোভেনিয়া, ভিয়েতনাম, স্পেন, জার্মানি ও কাজাখস্তানে গিয়ে সমৃদ্ধ করেছে নিজেদের অভিজ্ঞতার ভান্ডার। এখন পর্যন্ত বাংলাদেশের তিনজন শিক্ষার্থী আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও ১০ জন শিক্ষার্থী সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে। ৩.দৃশ্যটা দারুণ। কোনো একটি ক্যাটাগরিতে মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেলেন যাঁরা, তাঁদের নাম ঘোষণা করা হলো। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম লেখা খামটি তুলে দেওয়া হলো কোনো বিজ্ঞজনের হাতে। এ সময় মনোনয়ন পাওয়া চারজনের চেহারা হয়ে ওঠে দেখার মতো! নাম ঘোষণার পরই পুরস্কার পাওয়া মানুষটির উচ্ছ্বাস যেন বাঁধভাঙা ঢেউ!নির্দেশনায়, অভিনয়ে, গায়কিতে, নাচের তালে যাঁরা মানুষের মন কেড়ে নিচ্ছেন, তাঁদেরই জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার। দর্শক-শ্রোতার পাঠানো ভোটেই নির্বাচিত হচ্ছেন সেরা সংস্কৃতিসেবী। চলচ্চিত্র ও টেলিভিশনে যাঁরা ভালো কাজ করছেন, তাঁদের দর্শকপ্রিয়তার একটা পরীক্ষা হয়ে যাচ্ছে এই পুরস্কারের মাধ্যমে। সঙ্গে আছে সমালোচক পুরস্কার। বিজ্ঞ বিচারকেরা সবাই মিলে ভালো চলচ্চিত্র, নাটক দেখেন, গান শোনেন, তারপর সেরা কাজটি তুলে আনেন। দর্শকের স্বতঃস্ফূর্ততা এবং শিল্পবোদ্ধার মননশীলতা—দুই পরিমাপেই নির্বাচিত হচ্ছেন সেরারা।১৯৯৯ সালের ১২ মার্চ হোটেল শেরাটনের বলরুমে হয়েছিল প্রথম অনুষ্ঠান। একসময় আজীবন সম্মাননা দেওয়ার কথা ভাবা হয়। দেশের সেরা সংস্কৃতিসেবীদের মধ্য থেকে একজন প্রতিবছর এই পুরস্কার পাচ্ছেন। তাঁদের কাজের প্রতি এটি প্রথম আলোর বিনীত সম্মান প্রদর্শন। ৪.মননশীল ও সৃজনশীল শাখায় ২০০৪ সাল থেকে প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার দিয়ে যাচ্ছে। তবে বছরওয়ারি হিসাবটি করা হয়েছে বাংলা সালে। অর্থাৎ ওই বছর যাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে, তাঁরা প্রথম আলো বর্ষসেরা বই: ১৪১০ পেয়েছেন। পুরস্কারটি দেওয়া হয়েছে বাংলা ১৪১১ সালে। এ পর্যন্ত এই পুরস্কার পেয়েছেন শাহীন আখতার, আবদুশ শাকুর, সৈয়দ মনজুরুল ইসলাম, যতীন সরকার, হায়দার আকবর খান রনো, হাসান আজিজুল হক, গোলাম মুরশিদ, আহমাদ মোস্তফা কামাল, দ্বিজেন শর্মা, আলতাফ হোসেন, শরীফ খান, শহীদুল জহির ও সাইমন জাকারিয়া। বিপুলসংখ্যক বইয়ের ভেতর থেকে প্রতিবছর বিচারকমণ্ডলী সেরা মননশীল ও সৃজনশীল বই বেছে নেন। শেরাটন হোটেলের বলরুমে দেওয়া হয় সে পুরস্কার। প্রথম আলো শুরু থেকেই লেখকদের কাছ থেকে সাহায্য-সহযোগিতা পেয়ে আসছে। একটি নতুন উজ্জ্বল বাংলাদেশের স্বপ্ন দেখার ধারাবাহিকতায় সংবাদপত্র প্রকাশের সীমাবদ্ধ দায়িত্ব পালনে না থেমে বর্ষসেরা বই পুরস্কার দেওয়ার কথা ভাবা হয়েছে। ক্রীড়াঙ্গনের জন্যও প্রথম আলোর রয়েছে এ রকমই একটি অনুষ্ঠান। গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে দেশের সেরা খেলোয়াড়েরা পান এ পুরস্কার। ২০০৪ সালের সেরা ক্রীড়াবিদদের ২০০৫ সালে পুরস্কার দিয়ে শুরু হয়েছিল এ আয়োজন। এরপর থেকে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হচ্ছে। ৫.বিতর্ক মানুষের যৌক্তিক মনকে শাণিত করে। প্রথম আলো বিতর্ক উৎসবকে স্বাগত জানায়। পুরান ঢাকার স্কুলগুলোকে নিয়ে বিতর্ক উৎসব করে একসময় আলোচনায় এসেছিল প্রথম আলো। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিরন্তর বিতর্ক উৎসব করে যাওয়া অব্যাহত আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নটর ডেম কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, ওয়াইডব্লিউসিএ, রাজউক উত্তরা মডেল স্কুলে বসেছে বিতর্ক উৎসব। রাজধানীর মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয় সে উৎসবগুলোয়। মিরপুরের স্কুলগুলোর জন্যও আলাদা উৎসব হয়েছে। উৎসব হয়েছে চট্টগ্রামে, কুমিল্লায়। বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং প্রাক্তন বিতার্কিকেরা সর্বদাই বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। ৬.মনকাড়া কয়েকটি প্রদর্শনীর উল্লেখ না করলে লেখাটা অসম্পূর্ণ থেকে যায়। পাঠকের মনে আছে নিশ্চয়, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডর নামের এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড হয়েছিল দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল। সে সময় সুন্দরবনের বিরাট একটি অংশ পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। প্রথম আলোর ফটো সাংবাদিকেরা সে সময় গেছেন উপদ্রুত এলাকায়। ২০০৭ সালের ৯ ডিসেম্বর ‘উপদ্রুত উপকুল’ নামে প্রথম আলোর আয়োজনে একটি ছবির প্রদর্শনী হয় ঢাকার গ্যালারি চিত্রকে। সিডরের ধ্বংসযজ্ঞ আর সেই ধ্বংসযজ্ঞ থেকে উঠে আসার বিবরণ থাকে সে ছবিগুলোয়। এই প্রদর্শনী একই শিরোনামে এরপর চট্টগ্রামের মানুষের কাছে যায়।সিডরে ক্ষতিগ্রস্ত সুন্দরবন একসময় আবার নতুন করে জেগে ওঠে। গাছে আসে পাতা, সোজা হয়ে দাঁড়ায় গাছগুলো। আতঙ্ক কাটিয়ে প্রাত্যহিক জীবনে ফিরে আসে প্রাণিকুল। সুন্দরবন-বিশেষজ্ঞ খসরু চৌধুরীর ক্যামেরায় ‘অপরাজেয় সুন্দরবন’ নামের একটি প্রদর্শনীর আয়োজন করে প্রথম আলো। এটি হয় শিল্পকলা একাডেমীতে, ২০০৮ সালের ২৮ জানুয়ারিতে। সিডরে ঝলসে যাওয়া সুন্দরবন এবং আবার জেগে ওঠা সুন্দরবন নিয়ে ছিল চিত্র প্রদর্শনীটি। প্রকৃতি-প্রাণীর পাশাপাশি এই এলাকার খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রামও মূর্ত হয়ে ওঠে প্রদর্শনীতে।প্রথম আলোর আয়োজনে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে দুই শিল্পী ওয়াকিলুর রহমান ও ঢালী আল মামুনের ১১ দিনব্যাপী ‘কাগজের ছায়ায়’ দৃশ্যশিল্প প্রদর্শনীটি শুরু হয় ২০০৯ সালের ২০ মার্চ। প্রদর্শনীর সবই ছিল কাগজ নিয়ে। প্রথম আলো পত্রিকার উপকরণ দিয়ে তৈরি করার চেষ্টা হয়েছিল নানারকম ভাষা। স্থাপনা প্রদর্শনী ‘সময়ের চিত্র’তে হাজির করা হয়েছিল তিনজন অতিথি আলোকচিত্রীসহ ২৭ জন আলোকচিত্রীর ১১৯টি ছবি। শিশির ভট্টাচার্য্যের ১১২টি কার্টুন। ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত এক দশকের বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সব ঘটনাই হাজির করা হয়েছিল এই স্থাপনা প্রদর্শনীতে। স্থাপনাকর্মটি করেছিলেন অশোক কর্মকার। এটি শুরু হয়েছিল ২০০৯ সালের ১৭ অক্টোবর।৭.কোথায় যেন পড়েছিলাম, মানুষ গল্প শুনতে ভালোবাসে। বলার মতো বলতে পারলে সে গল্পই হয় পাঠকপ্রিয়। শিশুরা কি তাহলে শুধু রবীন্দ্রনাথ, মানিক, সুকুমার রায়, সত্যজিৎ রায়, মোহাম্মদ নাসির আলী, সাজেদুল করিম, হুমায়ূন আহমেদ, শাহরিয়ার কবির, মুহম্মদ জাফর ইকবাল, রকিব হাসানদের বই পড়বে, নাকি নিজেও চেষ্টা করবে লেখার, গল্প বলার? ঐতিহ্য ও প্রথম আলো মিলে তাই স্কুলপর্যায়ের শিশুদের দিয়ে গল্প লেখাল। তারপর সেরা লেখকদের দিল পুরস্কার। প্রতিযোগিতার নাম দেওয়া হলো ঐতিহ্য-গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা। প্রথম পুরস্কার কম নয়, এক লাখ টাকার বই। অর্থাৎ বিজয়ী লেখক একটি পাঠাগার পেয়ে যাচ্ছে! একটি বই পড়ে আরেকটি বইয়ের নেশায় সে মাতাল হচ্ছে। সেই সঙ্গে জোগাড় করে নিচ্ছে নিজের লেখার জন্য রসদ। যাঁর মধ্যে আছে বিকাশের সম্ভাবনা, তাঁকে বিকশিত হয়ে ওঠার পথ তৈরি করে দেওয়া এবং যিনি স্বীকৃতি পাওয়ার মতো কাজ করেছেন, তাঁকে স্বীকৃতি দিয়ে সম্মানিত করার কাজটাই করে চলেছে প্রথম আলো। পুরস্কার সব সময়ই অনুপ্রাণিত করে মানুষকে। ন্যায্য স্বীকৃতি, পরিশ্রম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে ‘হয়ে ওঠা’র সলতেতেও জ্বালিয়ে দেয় আগুন। সে আগুনের শিখায় দূর হয় অন্ধকার। পত্রিকার মূল কাজের পাশাপাশি এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত থেকে প্রথম আলো ‘বদলে যাও, বদলে দাও’ স্লোগানটিকে দৃঢ় করে তোলার একটি পথও খুঁজে পায়। ইতিবাচক যেকোনো পরিবর্তনের সঙ্গেই সবিনয়ে যুক্ত থাকতে চায় প্রথম আলো।কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাভোর ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে সারি সারি বাস। এরই মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সেখানে আসতে শুরু করেছে। এই বাস ওদের নিয়ে যাবে নন্দন পার্কে। সেখানে সারা দিন বিভিন্ন রাইডে চড়া, সনদ আর ক্রেস্ট নেওয়া। দুপুর থেকেই অনুষ্ঠান। সেখানে আলোকিত মানুষেরা ছড়িয়ে দেবেন অনুপ্রেরণা, ভালো গায়কেরা শোনাবেন গান, তারকা খেলোয়াড়েরা জানাবেন শুভেচ্ছা, উপস্থাপকের চমকপ্রদ উপস্থাপনায় মঞ্চে তাঁরা করেও দেখাবেন কিছু। সংগীতের তালে তালে চলবে অনুষ্ঠান। তারপর একটি অসাধারণ দিনের অভিজ্ঞতা বুকে ভরে বাড়ি প্রত্যাবর্তন।২০১০ সালের ৩১ জুলাই ও ১ আগস্ট দুদিন প্রথম আলোর পক্ষ থেকে ঢাকা ও ঢাকার আশপাশের এলাকার প্রায় ১১ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে নন্দন পার্কে, সারা দেশে সংবর্ধনা পেয়েছে ৭৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। মেধাবীদের সঙ্গে থাকা এবং তাদের বিকশিত হওয়ার পথ মসৃণ করার সঙ্গে যুক্ত থাকতে পেরে প্রথম আলো গর্বিত। ১৯৯৯ সাল থেকে সারা দেশে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। ২০০২ সাল পর্যন্ত তা চালু থাকে। তখন ছিল বোর্ড সেরাদের সংবর্ধনা। জিপিএ-৫ ব্যবস্থা চালু হওয়ার পর ২০০৫ সাল থেকে কৃতীদের সংবর্ধনা দেওয়া শুরু হয়, যা প্রতিবছরই হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে দেওয়া সংবর্ধনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কৃতীদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য উপস্থিত থাকেন। এখন এই অনুষ্ঠানে সহযোগিতা করছে মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবি। সেরা শিক্ষার্থীরা যেন তাদের বিকাশের পথে আরও দ্রুত এগিয়ে যেতে পারে, নিজেদের অর্জনকে সম্মান করতে শেখে, তারই জন্য এই আয়োজন। মেধাবীদের মনে স্বপ্ন গেঁথে দিয়ে সে স্বপ্নডানায় ভর করে ওদের সঙ্গে উড়ে বেড়াতে আগ্রহী প্রথম আলো।