প্রতিমন্ত্রীর আশাবাদ, বিকেলের মধ্যে দুধ সরবরাহ স্বাভাবিক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধ সরবরাহ পরিস্থিতি আজ বৃহস্পতিবার বিকেল থেকে স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার (এলজিআরডি) প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি কৃষক ও সমবায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, রমজান মাসসহ পুরো বিষয়টি বিবেচনায় নিয়ে দুধ যাতে নষ্ট না হয়, সে বিষয়টি লক্ষ রাখতে হবে। একই সঙ্গে তিনি খুচরা বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, এই সুযোগে কেউ যেন দাম না বাড়ায়। যদি কেউ দাম বাড়ায়, তাহলে তাঁর লাইসেন্স বাতিল করা হবে।আজ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে দুধ সরবরাহ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে পাবনা ও সিরাজগঞ্জের সমবায়ীরা আজ সকাল থেকে দুধ সরবরাহ বন্ধ রেখেছেন।সমবায়ীদের দাবির ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ‘তাঁরা দুধের মূল্য বৃদ্ধির ব্যাপারে যে দাবি করেছেন, আমরা তা চিন্তাভাবনা করছি। আমরা প্রতি ইউনিট দুধের দামের খরচের বিষয়টি খতিয়ে দেখছি। ব্যয় কমানো যায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’মিল্কভিটার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন একটি ন্যায়সংগত দাবি। আইনি বাধ্যবাধকতার কারণে এত দিন নির্বাচন হয়নি। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।এ ছাড়া মিল্কভিটার মহাব্যবস্থাপকের অপসারণের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তবে একজন ব্যক্তির জন্য এত বড় ধর্মঘট হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।গতকাল বুধবার মধ্যরাত পর্যন্ত স্থানীয় সাংসদদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।