প্রতিমন্ত্রীর এপিএসসহ আ.লীগ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে দরপত্র জমাদানে বাধা দেওয়ার ঘটনায় করা মামলার আসামি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিবসহ (এপিএস) আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।গ্রেপ্তার হওয়া ওই ১১ জনের পক্ষে গতকাল বুধবার রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে জামিনের আবেদন করেন ৫১ জন আইনজীবী। শুনানির পর আদালত জামিন নামঞ্জুর করেন।এ ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমরা ১১ জনের পক্ষে জামিনের জন্য আবেদন করেছিলাম। আদালত তা নামঞ্জুর করেছেন।’ এদিকে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো আদালত চত্বরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গত মঙ্গলবার রংপুর শহরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ে লালমনিরহাটের হাতীবান্ধা ও আদিতমারী এলাকায় তিস্তা নদীর বাম তীর বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য ২৩ কোটি টাকার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু সাধারণ ঠিকাদারেরা দরপত্র জমা দিতে গেলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তাঁদের বাধা দেন এবং কয়েকজনের দরপত্র ছিঁড়ে ফেলেন—এ অভিযোগে পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রতিমন্ত্রীর এপিএস ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও সদস্য মোহসীন হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য মাসুদ পারভেজসহ ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন পাবনার ঠিকাদার আবদুল বাসেদ।একপক্ষের প্রশংসা: এদিকে টেন্ডারবাজির ঘটনায় ১১ জনকে গ্রেপ্তারের ঘটনায় জেলা আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের একটি পক্ষ পুলিশ প্রশাসনের প্রশংসা করেছে। গতকাল তাঁরা বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন, জেলা প্রশাসক বি এম এনামুল হক ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে প্রশাসনকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।তাঁদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দলের লোকজন টেন্ডারবাজির সঙ্গে যুক্ত হলে দল ক্ষতিগ্রস্ত হবে। আমরা রংপুরকে শান্তিময় এলাকা হিসেবে দেখতে চাই।’জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার বলেন, ‘এমন ঘটনা জেলার রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে। এ জন্য আমরা স্থানীয় প্রশাসনের সাহসী পদক্ষেপের প্রশংসা করছি।’এ ছাড়া যাঁরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রংপুর শাখার সাবেক সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য দেলোয়ার হোসেন।