রংপুরে দরপত্র জমাদানে বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাজ্জাদ হোসেনসহ আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার বিকেলে তাঁরা রংপুর কারাগার থেকে মুক্তি পান।পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনে করা মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার শেষ দিন ছিল গতকাল। কিন্তু সাক্ষীর অভাবে পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে না পেরে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন—প্রতিমন্ত্রীর এপিএস ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও সদস্য মোহসীন হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য মাসুদ পারভেজ, লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা আওয়ামী লীগের কর্মী কাদের ইলাহী, সাজেদুল ইসলাম, মারুফ ইসলাম, আশরাফুল তৌহিদ ও কবির হোসেন, যুবলীগের কর্মী রওশন হাবিব ও আশরাফুল আলম।আদালত সূত্র জানায়, গতকাল মামলার নির্ধারিত দিনে ১১ আসামিকে জেলার আমলি আদালত-২-এর হাকিম নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, গতকাল তাঁর নেতৃত্বে ১০০ জন আইনজীবী আসামিদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন। চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে আদালত জামিন মঞ্জুর করেন।রংপুর কারাগারের কারাধ্যক্ষ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জামিনের কাগজপত্র পাওয়ার পর বিকেলে ওই ১১ জনকে মুক্তি দেওয়া হয়। মামলার এজাহার অনুযায়ী গত ৬ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর বিভাগীয় কার্যালয়ে ২৩ কোটি টাকার দরপত্র জমাদানে বাধা দেওয়ায় এপিএস সাজ্জাদসহ আওয়ামী লীগের ১১ জন নেতা-কর্মীকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। পরে তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা করেন পাবনার ঠিকাদার আবদুল বাসেদ। মামলার চূড়ান্ত প্রতিবেদনের ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘দ্রুত বিচার আইনে মামলা হলে মামলার সাত কর্মদিবসে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হয়। মামলার সাক্ষীর জন্য পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী আবু বক্কর সিদ্দিককে চিঠি দিয়েছিলাম। তাঁরা জানিয়েছেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে কাল ১৫ সেপ্টেম্বর (আজ বৃহস্পতিবার) জানাবেন। কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিলে শেষ দিন ছিল আজ (গতকাল)। তাই সাক্ষী না পাওয়ায় বাধ্যতামূলকভাবে আজই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এর মানে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা গেল না।’ওসি বলেন, ‘পাউবোর অবহেলার জন্য দরপত্র জমাদানে বাধা দেওয়ার ঘটনা আমরা প্রমাণ করতে পারলাম না।’এ ব্যাপারে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘সাক্ষীর জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আমরা পুলিশকে তা-ই জানিয়েছি।’ এর বাইরে আর কিছু বলতে রাজি হননি আবু বক্কর।