প্রতিমন্ত্রীর কথার আদলে আদালতের নির্দেশনা: বিএনপি
আইন প্রতিমন্ত্রীর কথার আদলে তারেক রহমানের বিরুদ্ধে আদালতের নির্দেশনা এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। আজ রোববার বিকেলে হরতাল শেষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শামসুজ্জামান এ মন্তব্য করেন।আজ দুপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেন আদালত।এর প্রতিক্রিয়ায় শামসুজ্জামান বলেন, আইন প্রতিমন্ত্রীর কথার আদলে আদালতের নির্দেশনা এসেছে। দুই দিন আগে আইন প্রতিমন্ত্রী ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে গ্রেপ্তারের কথা বলেছেন। আজ আদালত পরোয়ানা জারি করেছেন। এ দুটি ঘটনার মধ্যে সাদৃশ্য আছে কি না, মানুষ সন্দেহের চোখে দেখবে। তিনি এ ঘটনার নিন্দা জানান।শামসুজ্জামান দাবি করেন, যে মামলায় তারেক রহমানকে জড়ানো হয়েছে, তাতে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা ছিল না, এখনো নেই। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ মামলা দেওয়া হয়েছে।তারেক রহমানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উল্লেখ করে শামসুজ্জামান অভিযোগ করেন, মিথ্যা মামলায় তারেক রহমানকে কলঙ্কিত করা হয়েছে। তিনি বলেন, শুধু আন্দোলন নয়, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে স্বমহিমায় বসাতে যা যা করা দরকার, দেশবাসী সব করবে। এ ব্যাপারে কোনো আপস নেই।এ বিষয়ে দলের কর্মসূচি কী? জানতে চাইলে শামসুজ্জামান বলেন, দলের নীতিনির্ধারণী কমিটি বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না চাইলে কোন ধরনের নির্বাচন চায়, তা পরিষ্কার করলে ভালো হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেষ দিন পর্যন্ত বিএনপি সংলাপের আশায় থাকবে। তবে সংগ্রামও চলবে। বিএনপি সব সময় আলোচনাকে গুরুত্ব দেয়। সরকার যদি আলোচনাকে গুরুত্ব না দেয়, তাহলে রাজপথেই ফয়সালা হবে। শামসুজ্জামান দাবি করেন, পুলিশ ও বিজিবি বিরোধী দলের নেতা-কর্মীদের দাঁড়াতে দিচ্ছে না। অন্যদিকে, আওয়ামী লীগ আজ রাজধানীতে সমাবেশ করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, তা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।আজ সারা দেশে ১৮-দলীয় জোটের হরতাল চলাকালে বিএনপির ১১১ জন নেতা-কর্মী গ্রেপ্তার ও দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেন শামসুজ্জামান। তাঁর দাবি, সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকের হরতাল পালন করেছে।