পৌরসভা নির্বাচন ময়মনসিংহের গৌরীপুর
প্রতিমন্ত্রীর কারণে নির্বাচনের পরিবেশ অস্বস্তিকর হচ্ছে!
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহের গৌরীপুরের সাংসদ মজিবুর রহমান ফকির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মেয়র পদপ্রার্থীকে নিয়ে কম্বল বিতরণ করেছেন, মন্দিরে আলোচনার নামে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, পেশাজীবী সংগঠনের সঙ্গে টেলিকনফারেন্স করে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। গৌরীপুরে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম প্রতিমন্ত্রীর আশীর্বাদপুষ্ট বলে পরিচিত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, শফিকুল ইসলামও ‘মার্জিত’ ভাষায় প্রতিপক্ষকে হুমকি দিচ্ছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কারণে নির্বাচনের পরিবেশ অস্বস্তিকর হয়ে পড়ছে।নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে আশঙ্কা করে শফিকুল ইসলামের প্রতিদ্বন্দ্বী নয়জন প্রার্থী নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। এমনকি গতকাল বৃহস্পতিবার মেয়র পদপ্রার্থী এনায়েত হোসেন নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সিইসিকে চিঠি পাঠিয়েছেন। তিনি শফিকুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।মেয়র পদে শফিকুল ইসলাম ছাড়া আওয়ামী লীগেরই আরও তিন নেতা প্রার্থী হয়েছেন। এঁরা হলেন পৌর আওয়ামী লীগ ও উপজেলা চেয়ারম্যান আলী আহমদ খান পাঠানের সমর্থনপুষ্ট সৈয়দ রফিকুল ইসলাম, ২ নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এনায়েত হোসেন শামীম ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান মিঞা। মনোনয়ন নিয়ে বিরোধের কারণে ৯ জানুয়ারি পৌর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়।বিএনপিরও আছে চার প্রার্থী। এঁরা হলেন কেন্দ্রীয় বিএনপি-সমর্থিত সুজিত কুমার দাশ, পৌর বিএনপি-সমর্থিত মাহবুব আলম ফারুক, পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মুন্সী ও বিএনপির কর্মী মো. খায়েরউদ্দীন। নির্দলীয় দুজন প্রার্থী হলেন বেগ ফারুক আহাম্মদ ও মো. আবদুল মোনায়েম।গৌরীপুরের মধ্যবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, গত পৌরসভা নির্বাচনে মজিবুর রহমান ফকিরের মনোনীত প্রার্থী আবদুল আলীর মনোনয়ন বাজেয়াপ্ত হয়েছিল। তাই এবার নিজের আশীর্বাদপুষ্ট শফিকুল ইসলামকে জেতাতে প্রতিমন্ত্রী মরিয়া।কয়েকজন মেয়র পদপ্রার্থীর কর্মীরা জানান, এক দিনে এক ওয়ার্ডে যে পরিমাণ কর্মী কাজ করেন, পরদিন তার অর্ধেক কর্মীও আর আসেন না। তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, তাঁদের কর্মীদের অভিভাবকদের শফিকুল ইসলাম ও তাঁর সমর্থকেরা ভয়-ভীতি দেখাচ্ছেন। তাঁরা বলছেন, ১৭ তারিখ ভোটের পর কার কী অবস্থা হয় কে জানে! সবার উচিত পরিস্থিতি বুঝে চলা। একে ‘মার্জিত ভাষায়’ ভয় দেখানা বলছেন প্রতিপক্ষের কর্মীরা। শফিকুল ইসলাম পৌরসভার বর্তমান মেয়রও।স্থানীয় লোকজন জানান, গত বুধবার ২ নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বিদ্রোহী প্রার্থী এনায়েত হোসেন শামীমের পথসভায় লোকজন নিয়ে হামলা চালান শফিকুল ইসলামের ভাই আজমিন হোসেন। আতঙ্কিত লোকজন আশপাশের দোকানপাটে আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালানো হয়। গুরুতর আহত অবস্থায় এনায়েতের বড় ভাই নান্দাইল শহীদ স্মৃতি কলেজের শিক্ষক মোয়াজ্জেম হোসেনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁকে গত বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ এনায়েত হোসেন শামীমের ছোট ভাই সাখাওয়াৎ হোসেনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় আজমিন হোসেনও আহত হন।এনায়েত হোসেন অভিযোগ করেন, গভীর রাত পর্যন্ত চেষ্টা করেও থানায় মামলা করতে পারেননি। উপজেলা নির্বাচন কমিশন অফিসও তাঁর অভিযোগ গ্রহণ করেনি। তবে শফিকুল ইসলাম রাতেই তাঁর চার ভাইসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় আরেক মেয়র পদপ্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের কর্মীদের নামও জুড়ে দেওয়া হয়।সৈয়দ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন, যেকোনো মূল্যে তাঁর প্রার্থীকে জেতাবেন। সে কারণেই এই হয়রানি। আমরা আশঙ্কা করছি, ভোটাররা যে প্রার্থীকেই ভোট দিক না কেন, প্রশাসনকে প্রভাবিত করে ফলাফল প্রতিমন্ত্রী তাঁর প্রার্থীর পক্ষে নেওয়ার চেষ্টা করবেন।’ তিনি আরও বলেন, ‘বিরোধ হলো এনায়েত হোসেনের সঙ্গে। আর মামলা হলো সদ্য বিলুপ্ত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আমার ১১ কর্মীর বিরুদ্ধে।’গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার বলেন, ‘মামলা না নেওয়ার অভিযোগ সত্য নয়। যারা কিলাকিলি করছে, তারা আগে একসঙ্গে খেত, ঘুমাত। কেন যে এখন মারপিট করছে!’ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এ ধরনের কোনো অভিযোগ তাঁর কাছে আসেনি বলে জানান। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরীপুরের নয়টি কেন্দ্রের সব কটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে তিনটি অধিক ঝুঁকিপূর্ণ।বিএনপির মেয়র পদপ্রার্থী সুজিত কুমার দাশ অভিযোগ করেন, প্রতিমন্ত্রী নির্বাচনে তাঁর প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু সম্প্রদায়কে প্রভাবিত করার চেষ্টা করছেন। গত ১১ ডিসেম্বর স্থানীয় দুর্গাবাড়ী মন্দিরে মতবিনিময় সভার কথা বলে নির্বাচনী প্রচারণা করেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কারণে নির্বাচনের পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে সংগৃহীত প্রতিমন্ত্রীর সফরসূচিতে দেখা যায়, ওই দিন প্রতিমন্ত্রীর দুর্গামন্দিরে যাওয়া ও মতবিনিময় করার কথা ছিল না।গত ২৪ ডিসেম্বর স্থানীয় অগ্রদূত বিদ্যানিকেতনে রাত নয়টায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে টেলিকনফারেন্সে প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের শফিকুল ইসলামের পক্ষে কাজ করার অনুরোধ জানান বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন গৌরীপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর আনিস। ৩০ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় স্থানীয় হারুন পার্কে শফিকুল ইসলামকে নিয়ে ত্রাণ অধিদপ্তর থেকে পাওয়া কম্বল বিলি করেন প্রতিমন্ত্রী। অন্য প্রার্থীরা একে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করছেন।অবশ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির কম্বল বিলির অভিযোগ অস্বীকার করেন। প্রতিমন্ত্রী দাবি করেন, তিনি শেখ হাসিনা মনোনীত প্রার্থীর জন্য মাঠে নেমেছেন। এ যুগে কোনো প্রার্থীর পক্ষে টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্স হতেই পারে। এতে কোনো সমস্যা নেই।তবে শফিকুল ইসলাম দাবি করেছেন, এনায়েত হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তিনি অভিযোগ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। ভয়-ভীতির দেখানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেছেন তিনি।