প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর এবং হামলা-সংঘর্ষের ঘটনায় তিনটি আলাদা মামলা হয়েছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন সন্ত্রাসবিরোধী আইনে সদর উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও তিন-চার শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে বাংলাদেশে সংহতি ও নিরাপত্তা বিপন্ন করার জন্য জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানো, সরকারি উন্নয়নকাজে বাধা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও গুরুতর আঘাতজনিত সন্ত্রাসী কার্যকলাপের অপরাধ করার অভিযোগ আনা হয়েছে।শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনকে সভামঞ্চে কথা বলার সুযোগ না দেওয়ায় গতকাল বুধবার তাঁর সমর্থকেরা পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করেন। এর আগে এ নিয়ে চেয়ারম্যানের লোকজন ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষও হয়। এতে উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান, তিন সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় প্রতিমন্ত্রী স্থানীয় কামারের চর কলেজে প্রায় এক ঘণ্টা আটকা পড়েন এবং চরপক্ষীমারীতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন বাতিল করেন। সদর উপজেলার কামারের চর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. শফিকুল ইসলাম বাদী হয়ে আজ ইলিয়াছ উদ্দিনকে প্রধান আসামি করে আরও ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।মামলায় কামারের চর এবং শিবচর গ্রামে অবস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরসহ কয়েকজনকে আহত করার অভিযোগ আনা হয়েছে।অন্যদিকে শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন তাঁকে হামলা করার অভিযোগে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন।মামলায় শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমানের নির্দেশে ও জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।আজ বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকালের ঘটনার প্রতিবাদে শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে।