ছাতক গ্যাসক্ষেত্রে সম্পদ ধ্বংসের জন্য ক্ষতিপূরণ আদায় হয়নি
প্রতিমন্ত্রীর জন্য নাইকোর কোটি টাকা দামের গাড়ি
বিদেশি তেল কোম্পানি নাইকোর কাছ থেকে প্রায় কোটি টাকা দামের গাড়ি নেওয়ার অভিযোগ উঠেছে জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে। প্রথম আলোর অনুসন্ধানকালে নথিতে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।সিলেটের ছাতক (টেংরাটিলা) গ্যাসক্ষেত্র খননকালে অগ্নিকাণ্ড, বিপুল অঙ্কের জাতীয় সম্পদ ধ্বংস এবং এর জন্য নাইকোকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দেওয়ার পর ওই কোম্পানির কাছ থেকে গাড়ি নেওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাতক গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডের পর গত মাসে নাইকো টয়োটা ল্যান্ড ক্রুজার সিগনাস (২০০৫ মডেলের) গাড়িটি বাপেক্সের মাধ্যমে প্রতিমন্ত্রীকে দিয়েছে। জানা গেছে, নাইকোর প্রেসিডেন্ট ব্রায়ান জে এডলফ ২০০৫ সালের ১৬ মে এ ব্যাপারে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালককে একটি দাপ্তরিক চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়, নাইকো ইতিমধ্যে গাড়িটি জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে।নাইকোর কাছ থেকে গাড়িটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় ২০০৫ সালের ২৩ মে জ্বালানি প্রতিমন্ত্রীর বাসায়। প্রতিমন্ত্রীর পক্ষে লিখিতভাবে গ্রহণ করার সময় এ-সংক্রান্ত নাইকোর দাপ্তরিক নথিতে লেখা হয়, ‘মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বাসভবনে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে পাশে বর্ণিত জিনিসপত্র নাইকোর প্রতিনিধির নিকট হইতে বুঝিয়া পাইলাম।’ গাড়ি ছাড়াও নথিতে পাশে বর্ণিত জিনিসপত্র হচ্ছে, গাড়ির অস্থায়ী ব্লু বুক, ফিটনেস সার্টিফিকেট, অরিজিনাল ইনস্যুরেন্স সার্টিফিকেট, টুল বক্স, একটি অতিরিক্ত চাকা, একটি বিকল্প চাবি, অপারেটরস ম্যানুয়াল।মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলার চেয়ারম্যান গাড়িটি (ঢাকা মেট্রো ঘ-১১-৬২১৩) ব্যবহারের জন্য পাঠানোর কথা উল্লেখ করে প্রতিমন্ত্রীকে চিঠি দেন। তবে ১২ মে (২০০৫) পেট্রোবাংলার এক অফিস আদেশে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) চালক আবদুল বারী ওই গাড়ির চালক হিসেবে কাজ করবেন।ঢাকার একাধিক গাড়ি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, উল্লিখিত মডেলের গাড়ির দাম ৮৫ লাখ টাকার বেশি। বিদেশি কোম্পানির কাছ থেকে প্রতিমন্ত্রীর ব্যবহারের জন্য গাড়ি চাওয়া যায় কি না, প্রশ্নের জবাবে বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (গত বৃহস্পতিবার এ পদ থেকে তাঁকে ওএসডি করা হয়) এম এ বাসেত বলেন, এ সম্পর্কে তিনি কিছুই জানেন না।পেট্রোবাংলার চেয়ারম্যান (তৎকালীন) এস আর ওসমানী প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, প্রতিমন্ত্রীর ব্যবহারের জন্য পেট্রোবাংলার অধীন কোম্পানি জিটিসিএল একটি গাড়ি দিয়েছিল, কিন্তু সেটি পুরোনো। তাই নাইকোকে অনুরোধ করে প্রতিমন্ত্রীর জন্য এ গাড়িটি নেওয়া হয়। তিনি মনে করেন, এতে কোনো অনিয়ম হয়নি। কারণ, বিদেশি কোম্পানির সব গাড়ি, কার্যালয় ও আসবাবের মালিক সরকার। তারা কাজ শেষ করে চলে যাওয়ার সময় এগুলো সরকারকে দিয়ে যায়। এ ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, গাড়িটি নতুন এবং আগে দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে নাইকো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশেম শরীফ বলেন, প্রতিমন্ত্রীকে নাইকো কোনো গাড়ি দেয়নি, বাপেক্সকে একটি গাড়ি দিয়েছে। তবে তিনি স্বীকার করেন, বাপেক্সের সঙ্গে তাঁদের চুক্তিতে গাড়ি দেওয়ার কথা নেই। কিন্তু বাপেক্স চাইলে চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি (ইকুইপমেন্ট) দিতে নাইকো বাধ্য, সে হিসেবে গাড়িটি দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বার্বাডোজে নিবন্ধিত কানাডার তেল-গ্যাস কোম্পানি নাইকো যৌথ উদ্যোগে বাপেক্সের সঙ্গে তিনটি (ছাতক, ফেনী ও কামতা) ‘পরিত্যক্ত’ গ্যাসক্ষেত্রে অনুসন্ধান ও উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ। বর্তমান সরকারের আমলে প্রায় তিন হাজার ৮০০ কোটি টাকা দামের উত্তোলনযোগ্য গ্যাস থাকা সত্ত্বেও ছাতক (পশ্চিম) ও ফেনী গ্যাসক্ষেত্র দুটিকে পরিত্যক্ত ঘোষণা করে নাইকোর হাতে তুলে দেওয়ার বিষয়টি বিতর্ক সৃষ্টি করেছে। পেট্রোবাংলার কর্মকর্তারা ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের বেশির ভাগই মনে করেন, এই গ্যাসক্ষেত্র দুটিকে পরিত্যক্ত ঘোষণার কোনো সুযোগ নেই। পেট্রোবাংলা নিজে এখনো ছাতক ও ফেনী গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করেনি। কারণ, এখানে নিশ্চিতভাবেই উত্তোলনযোগ্য গ্যাস রয়েছে। এ বিষয়ে ২০০৫ সালের ১৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ছাতক গ্যাসক্ষেত্রে গত ৭ জানুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোবাংলা এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একাধিক তদন্ত কমিটি করা হয়। তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য নাইকোর আগ্রাসী খননকে দায়ী করা হয়। কিন্তু নাইকো থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে সরকারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। উল্টো নাইকো ১ জুন (২০০৫) থেকে পুনরায় সেখানে খননকাজ শুরু করেছে। এ-সংক্রান্ত প্রথম আলোয় গত ১ জুন (২০০৫) সংবাদ প্রকাশের পর জ্বালানি মন্ত্রণালয় নাইকোর সাফাই গেয়ে ব্যাখ্যা পাঠায়। এ অবস্থায় প্রতিমন্ত্রীকে সর্বশেষ মডেলের দামি গাড়ি পাঠিয়ে নাইকো ক্ষতিপূরণ দেওয়ার হাত থেকে রেহাই পেতে চাচ্ছে কি না, এ প্রশ্ন উঠেছে। বিষয়টি সম্পর্কে প্রতিমন্ত্রীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাঁর কার্যালয় থেকে জানানো হয়, তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিদেশি কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ এই প্রথম নয়। এর আগে তাঁর বিরুদ্ধে কর্ণফুলী সার কোম্পানি লিমিটেডের (কাফকো) অন্যতম শেয়ারমালিক জাপানি শিল্পগোষ্ঠী মারুবেনি করপোরেশনের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল। সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের শাসনামলের শেষ দিকে (১৯৯০) বিতর্কিত কাফকো চুক্তির মাধ্যমে বিদেশি কোম্পানির কাছে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছিল। আর এসব বিদেশি কোম্পানির স্বার্থের অনুকূলে বাজারমূল্যের চেয়ে কমে গ্যাস সরবরাহসহ একাধিক চুক্তির যাবতীয় কাজ সম্পন্ন করেছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের তৎকালীন চেয়ারম্যান ও শিল্পসচিব হিসেবে এ কে এম মোশাররফ হোসেন। এরশাদ সরকারের পতনের পর বিএনপিতে যোগ দিয়েও মারুবেনির কাছ থেকে তিনি সুবিধা নিয়েছেন। ১৯৯৭ সালের মে মাসে লন্ডন ও হংকং সফরকালে মারুবেনি মোশাররফ হোসেনের হোটেল ও যানবাহন খরচ বহন করে। ১৯৯৯ সালের ২৬ জুলাই এ ব্যাপারে প্রথম আলোয় বিস্তারিত খবর বেরিয়েছিল।এ ব্যাপারে তখন মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেছিলেন, মারুবেনির কাছ থেকে কোনো আর্থিক সুবিধা তিনি নেননি। বিদেশ সফরকালে হোটেল বিল তিনি নিজে দিয়েছেন। তিনি আরও বলেছিলেন, ’৯০-এর ঘটনাবলির পর (এরশাদের পতন এবং মোশাররফ হোসেনের গ্রেপ্তার) তিনি দীর্ঘদিন বিদেশে যাননি। তাই তিনি মারুবেনির তাকাশি কুনিমুরাকে হোটেল বুকিং ও যানবাহনের ব্যবস্থা করতে বলেছিলেন। তবে মারুবেনির কাছ থেকে পাওয়া কাগজপত্রে দেখা গিয়েছিল, তারাই হোটেল বিলসহ মোশাররফ হোসেনের খরচ বহন করেছিল।