প্রতিমন্ত্রীর নাম না শোনায় বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিমন্ত্রীর নামই কখনো না শোনায় যত সব বিপত্তি। প্রতিমন্ত্রী তদবির করতে তাঁকে ফোন করেছিলেন, তিনি চিনতেই পারলেন না। দুজনই পরস্পরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার। বেসরকারি খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে বরখাস্ত করায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ সামাদ শেখকে ফোন করেছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। আর সেখান থেকেই ঝামেলার শুরু। জানা গেছে, প্রতিমন্ত্রী টেলিফোন করে ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদকে বরখাস্ত করার কারণ জানতে চান ব্যবস্থাপনা পরিচালক এম এ সামাদের কাছে। তিনি বরখাস্ত হওয়া কর্মকর্তাকে তাঁর দলের এক কর্মীর ভাই উল্লেখ করে চাকরি বহাল রাখতে বলেন। তবে ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের অভ্যন্তরীণ কারণে ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে এবং এ ব্যাপারে প্রতিমন্ত্রীর অনুরোধ তাঁর পক্ষে রাখা সম্ভব হবে না বলে জানিয়ে দেন। অভিযোগ উঠেছে, এ কথা শুনে প্রতিমন্ত্রী রেগে যান। তিনি ব্যবস্থাপনা পরিচালককে জামায়াত ও জেএমবির সমর্থক বলে উল্লেখ করেন। প্রতিমন্ত্রী লোক পাঠিয়ে ব্যবস্থাপনা পরিচালককে ধরে নিয়ে যাওয়ারও হুমকি দেন। এ সময়ই ব্যাংকের কেউ কেউ পরিচিত সাংবাদিকদের ফোন করেন। পরে প্রতিমন্ত্রী তাঁর অস্ত্রধারী নিরাপত্তাকর্মী (গানম্যান) ও গাড়িচালকসহ পাঁচজনকে ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠান। তাঁরা এসে সরাসরি ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে যান এবং প্রতিমন্ত্রীর একটি ভিজিটিং কার্ড ও চায়ের দাওয়াত দিয়ে ফিরে যান। এদিকে প্রতিমন্ত্রী পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ করেছেন এম এ সামাদ শেখের বিরুদ্ধে। তিনি প্রথম আলোকে বলেন, ‘তিনি আমাকে বলেন, মাহবুবুর রহমান তালুকদার নামে কোনো মন্ত্রী আছেন, তা-ই তো তিনি জানেন না।’ প্রতিমন্ত্রী বলেন, আলাপচারিতার আগে তিনি ব্যবস্থাপনা পরিচালকের কাছে জানতে চেয়েছিলেন, তাঁর গ্রামের বাড়ি কোথায়। জবাবে তিনি বলেন, তাঁর কোনো বাড়িঘর নেই। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তো জনপ্রতিনিধি। বলেন, এ কথা কি একজন এমডি মন্ত্রীকে বলতে পারেন?’পরে লোক পাঠানো প্রসঙ্গে মাহবুবুর রহমান তালুকদার বলেন, ‘আমি পরে ভেবেচিন্তে আমার কয়েকজন লোক সেখানে পাঠাই, তাঁকে চায়ের দাওয়াত দিতে। একই সঙ্গে বলে দিয়েছিলাম, আলাউদ্দিন আল আজাদকে বকাঝকা দিয়ে এমডি সাহেবকে অনুরোধ করে আসতে, যাতে এবারের মতো তাঁকে মাফ করে দেওয়া হয়।’প্রতিমন্ত্রী আরও জানান, সামাদ শেখ পরে তাঁকে মুঠোফোনে মাফ চেয়েছেন। বলেছেন, তিনি (এমডি) বহুমূত্র (ডায়াবেটিক) রোগী; ফলে হঠাত্ উত্তেজিত হয়ে গিয়েছিলেন। এ বিষয়ে এম এ সামাদ শেখ বলেন, প্রতিমন্ত্রী ফোন করে একজন কর্মকর্তাকে বরখাস্ত না করার জন্য বলেন। কিন্তু প্রতিমন্ত্রীর তদবির রাখা সম্ভব নয় জানালে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সামাদ শেখ আরও বলেন, প্রতিমন্ত্রী ফোন করেছিলেন কি না, সন্দেহ থাকায় তিনি পরে আবার প্রতিমন্ত্রীকে ফোন করেন। তখন বিষয়টি নিশ্চিত হয়। এখানে কিছু ভুল-বোঝাবুঝি হয়েছে বলে সামাদ শেখ মন্তব্য করেন। তবে ওই কর্মকর্তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করার কোনো সুযোগ নেই বলেও তিনি জানান।