চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের তাণ্ডব
প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা, বিদ্যুৎ কার্যালয় ও সাবস্টেশনে আগুন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের বাড়িতে হামলা চালিয়েছেন। শিবগঞ্জ উপজেলার কানসাটে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে আগুন দিয়েছেন। জেলা শহর ও শিবগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পরই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শিবগঞ্জে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের বাড়িতে ইটপাটকেল ছোড়া হয় এবং বাড়ির মূল ফটক ভাঙচুর করা হয়। এ সময় কানসাটের পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও আগুন দেওয়া হয়। আগুন দেওয়া হয় পল্লী বিদ্যুতের ৫০ মেগাওয়াট সাবস্টেশনেও। এ সময় দুটি গাড়ি ও প্রায় ৩০টি মোটরসাইকেলে আগুন দেন তাঁরা। এ ছাড়া স্থানীয় প্রায় ৫০টি বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় এসব বাড়িঘরের মানুষ আতঙ্কে পালিয়ে গেছে।সদর উপজেলায় বিআরটিসির চারটি বাস ও প্রথম আলোর পত্রিকাবাহী মাইক্রোবাসে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় সড়কের দুই পাশে থাকা বাস-ট্রাকেও ভাঙচুর চালানো হয়। রেহাইচর এলাকার মহানন্দা সেতুর টোলঘর-সংলগ্ন শিল্পকলা একাডেমী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এর আগে কানসাটে হরতালের সমর্থকেরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়িতে হামলা চালান।ভোলাহাট উপজেলার ইমানগর বাজারে পুলিশ ও জামায়াত-শিবিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ছয়জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২টি গুলি ও ১৫টি রাবার বুলেট ছোড়ে। উদ্ভূত পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ শহর ও শিবগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ আলম।