প্রতিমন্ত্রীর সমিতির কাছে জিম্মি কয়লা ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতার কাছে জিম্মি হয়ে আছেন ময়মনসিংহের হালুয়াঘাটের কয়লা শুল্ক স্টেশন ব্যবহারকারী পাঁচ শতাধিক ব্যবসায়ী।কয়লা আমদানি করতে গিয়ে এই দুই নেতার সমিতিকে বছরে ৮০ লাখ থেকে এক কোটি টাকা চাঁদা দিতে হয়। হালুয়াঘাটের গোবরাকুড়া শুল্ক স্টেশন আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি সংস্কৃতি প্রতিমন্ত্রী ও হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রমোদ মানকিন। আর সাধারণ সম্পাদক হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান ও বিএনপির একাংশের সভাপতি আলী আজগর। পরস্পরবিরোধী দুই রাজনৈতিক দলের এই দুই নেতার প্রভাব এমনই যে, খোদ সরকারের শুল্ক বিভাগ প্রথম আলোকে বার্ষিক আমদানির পরিমাণসহ প্রয়োজনীয় কোনো তথ্য দিতে রাজি হয়নি।ব্যবসায়ীরা জানান, হালুয়াঘাটের দুটি স্থল শুল্ক স্টেশনের মধ্যে কড়ুইতলীতে কার্যক্রম শুরু হয় ১৯৮৯ সালে। কড়ুইতলী পুরোনো হলেও যোগাযোগ-সুবিধার কারণে আমদানিকারকেরা গোবরাকুড়া দিয়ে বেশি পণ্য আমদানি করে। ১৯৯৭ সালে গোবরাকুড়া শুল্ক স্টেশনের যাত্রা শুরু হয় এবং এ পথে কয়লা আমদানি শুরু হওয়া মাত্রই আধিপত্য বিস্তার করতে শুরু করেন প্রমোদ মানকিন ও আলী আজগর।সূত্রগুলো জানায়, প্রমোদ মানকিন সরাসরি কড়ুইতলী স্টেশনের নিয়ন্ত্রণে না থাকলেও তাঁর ইশারাতেই সব চলে। অবশ্য কড়ুইতলী আমদানিকারক সমিতির সভাপতি আওয়ামী লীগের নেতা এম সুরুজ মিয়া তা মানতে নারাজ। তাঁর দাবি, কড়ুইতলীর সমিতি চলে সদস্যদের ভোটে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে। তিনি জানান, গত মৌসুমে কড়ুইতলী দিয়ে এক লাখ ২০ হাজার টন কয়লা আমদানি হয়েছে। ব্যবসায়ীদের এখানে প্রতি টন কয়লা আমদানির বিনিময়ে সমিতিকে ১৫ টাকা করে দিতে হয়। তাঁর ধারণা, যোগাযোগের সুবিধার কারণে গোবরাকুড়াতে আমদানির পরিমাণ কড়ুইতলীর দ্বিগুণ হয়।গোবরাকুড়া কয়লা স্টেশনে টনপ্রতি ৩০ থেকে ৫০ টাকা (লিখিত-অলিখিত) চাঁদা দিতে হয় সমিতিকে। এই স্টেশন দিয়ে বছরে দুই থেকে আড়াই লাখ টন কয়লা আমদানি হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে চাঁদার পরিমাণ দাঁড়ায় আনুমানিক ৮০ লাখ টাকা।নাম প্রকাশ না করার শর্তে ব্যবসায়ীরা জানান, এই চাঁদার বাইরে বড় আয় হয় নতুন সদস্যের অন্তর্ভুক্তি, দেশীয় আমদানিকারক ও ভারতীয় রপ্তানিকারকদের ‘অনুদান’ থেকে। নতুন ব্যবসায়ীকে বাধ্যতামূলকভাবে সমিতির সদস্য হতে হয়। এর জন্য এককালীন ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। দুটি খাত মিলে আয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় এক কোটি টাকা। সদস্যদের দাবি, এই অর্থ সমিতির আয়-ব্যয়ের হিসাবে প্রদর্শিত হয় না।এ বিষয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রশ্ন করা হলে তাঁরা বলেন, বাজেটবহির্ভূত কোনো আয়ের উৎস নেই সংগঠনের।৯ আগস্ট এই সমিতির কার্যকরী পরিষদের সভায় ২০১২-২০১৩ অর্থবছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে, তাতে আমদানি করা পণ্য থেকে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৪৫ লাখ টাকা। এর আগের বছরও একই পরিমাণ আয় ধরা হয়েছিল। তবে আয় দেখানো হয়েছে ২৮ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।একজন ব্যবসায়ী আমদানিকারক হিসেবে সরকারি যাবতীয় শর্ত পূরণ করে যদি হালুয়াঘাট দিয়ে কয়লা আমদানি করতে চান, এই সমিতির সদস্য না হওয়া পর্যন্ত তাঁকে তা করতে দেওয়া হয় না। এ বিষয়ে জানতে চাইলে প্রমোদ মানকিন বলেন, ‘আমার সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে নিজেদের অর্থায়নে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ আনার জন্য যে খরচ করে রেখেছেন, হঠাৎ করে এসে বিনে পয়সায় আপনি সেই সুবিধা ভোগ করতে পারেন না।’এই জিম্মিদশা থেকে মুক্ত হতে গোবরাকুড়া শুল্ক স্টেশনকে কেন্দ্র করে আরও সমিতি প্রতিষ্ঠা করতে গিয়ে ৪ নং হালুয়াঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ্ আহাম্মদ এখন জেলখানায়। হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রশীদ বলেন, ‘গোবরাকুড়া শুল্ক স্টেশনে পাল্টা সমিতি গড়ে তোলার মাধ্যমে ছালেহ্ আহাম্মদ একটি বি টিম তৈরি করতে চেয়েছিলেন। তবে তিনি তা করতে পারলে আমদানিকারকেরা লাভবান হতেন।’ ছালেহ্ আহাম্মদের উদ্যোগকে ব্যর্থ করে দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে করা মামলায় দাবি করা হয়, গত ২৭ জানুয়ারি সশস্ত্র ব্যক্তিদের নিয়ে তিনি শুল্ক স্টেশনে উপস্থিত হয়ে কয়লাবোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশে বাধা দিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে ট্রাকে আগুন লাগিয়ে দেন। ফলে ভারতীয় ট্রাকচালকেরা কয়লাবোঝাই ট্রাকসহ ফিরে যেতে বাধ্য হন। ‘ছালেহ্ আহাম্মদের বিরুদ্ধে আনা অভিযোগটি বানানো’—হালুয়াঘাট ও ময়মনসিংহ সদরের কয়লা আমদানিকারকেরা অকপটে স্বীকার করলেও কেউ পত্রিকায় তাঁদের নাম প্রকাশিত হোক, তা চান না। বরং বলেছেন, ‘জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করার দরকার কী?’ছালেহ্ আহাম্মদের ছেলে সেলিম আহাম্মদ ভারতের মেঘালয় রাজ্যের গাছুয়াপাড়া রপ্তানিকারক সমিতির একটি চিঠি দেখিয়ে প্রথম আলোকে বলেন, মন্ত্রীর দাবিমতে, ২৭ জানুয়ারিতে ভারতীয় ট্রাকে যদি আগুন দেওয়ার ঘটনা ঘটত, তাহলে তো ‘ওই দিন রপ্তানি স্বাভাবিক ছিল’—এমন চিঠি তো তাঁরা দিতেন না। ছালেহ্ আহাম্মদের বিরুদ্ধে করা মামলাটির বাদী সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর। মামলায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও সেখানকার শুল্ক কর্মকর্তাদের সাক্ষী মানা হয়। সরেজমিনে ৮ ও ৯ আগস্ট হালুয়াঘাট শুল্ক স্টেশনে গিয়ে শুল্ক কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি। দুই দিনই অফিস ছিল তালাবদ্ধ। পরে সেখানে কর্মরত শুল্ক কর্মকর্তা ইউসুফ আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘এ ব্যাপারে কিছুই জানি না’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর আর তিনি ফোন ধরেননি। ময়মনসিংহ জেলা কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করা হলে সহকারী কর কমিশনার হাসান মনসুর আরেক কর্মকর্তা মকবুল খানের মুঠোফোন নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। মকবুল খান জানান, ২৭ জানুয়ারিতে এমন কোনো ঘটনা ঘটেছে কি না, তা মনে করতে পারছেন না। বললেন, পরের দিন অফিসে গিয়ে রেজিস্ট্রার দেখে জানাবেন। এর পর থেকে তিনিও আর ফোন ধরেননি।আবার হাসান মনসুরের শরণাপন্ন হলে তিনি রাজস্ব কর্মকর্তা মোশারফ হোসেনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। মোশারফ হোসেন জানান, এ রকম কোনো ঘটনা ঘটে থাকলে হালুয়াঘাট স্টেশন থেকে রিপোর্ট (প্রতিবেদন) আসার কথা, কিন্তু এমন কোনো প্রতিবেদন তাঁর চোখে পড়েনি। তিনি বলেন, ‘আমি জানুয়ারি মাসে ময়মনসিংহে ছিলাম না। তাই বিষয়টি নিয়ে মকবুল ও ইউসুফ সাহেবের সঙ্গে আলাপ না করে এর বেশি কিছু জানাতে পারব না।’ ২২ আগস্ট পর্যন্ত বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে মোশারফ হোসেন প্রতিবারই জানিয়েছেন, তিনি ওই দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।বিজিবির গোবরাকুড়া ক্যাম্পে ৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত বেশ কয়েকবার যোগাযোগ করে এ-সংক্রান্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ ২১ আগস্ট মুঠোফোনে কথা হয় ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলীর সঙ্গে। তিনি ওই দিনই ক্যাম্পের দায়িত্ব নেন। ২৭ জানুয়ারি সেখানে কোনো অপ্রীতিকর ঘটনার কথা জেনেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এমন কিছু তাঁর জানা নেই। তাঁর মতে, এজাতীয় কোনো ঘটনা ঘটলে তো কাস্টমসেরই মামলা করার কথা।তাহলে প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর কেন কথিত ওই ঘটনায় মামলা করলেন—জানতে চাইলে আলী আজগরের দাবি, ‘সমিতির সদস্যরা অনুরোধ করেছিল। তাই করেছি।’আলাপচারিতার সময় সেখানে উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, ‘আলী আজগর সমিতির পক্ষে মামলার বাদী হয়েছেন। সমিতির সভাপতি হিসেবে মামলার বাদী আমি নিজেও। সমিতির সব সদস্যই মামলার বাদী।’একপর্যায়ে আলী আজগর জানান, আমদানি ও রপ্তানিকারক সমিতিকে তাঁরা সম্প্রতি যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় থেকে একটি গ্রুপ অব কোম্পানি হিসেবে নিবন্ধিত করিয়েছেন। একপর্যায়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী নেতিবাচক কোনো প্রতিবেদন না করে কড়ুইতলী ও গোবরাকুড়াকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে, তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রথম আলোকে পরামর্শ দেন। তিনি বলেন, পূর্ণাঙ্গ স্থলবন্দর চালু করা গেলে ভারতের মেঘালয়ের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং আমদানির পাশাপাশি রপ্তানিও বাড়বে।