প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে শারদীয় দুর্গোৎসব
আজ শুভ বিজয়া দশমী। দেবী দুর্গার বিসর্জন। এই বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পক্ষকালব্যাপী শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের ভক্তরা যাবতীয় আয়োজন ও আনুষ্ঠানিকতা দিয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেবেন নদীর জলে।এর আগে গতকাল মহানবমীর দিনে রাজধানী ঢাকার ২০১টিসহ সারা দেশের ২৮ হাজার পূজামণ্ডপে মানুষের ঢল নেমেছিল। মহা আরতির মধ্য দিয়ে নবমী শুরু হয়। এরপর হাজার হাজার ভক্ত, পূজারি ও দর্শনার্থী মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেন। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ স্যাটেলাইট টেলিভিশনগুলো আজ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা ও নিবন্ধ। শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।ঢাকেশ্বরী মন্দির ও ঢাকার রামকৃষ্ণ মিশন সূত্র জানিয়েছে, আজ সকাল সোয়া আটটায় দশমী পূজা শুরু হবে এবং সকাল পৌনে ১০টায় পূজা শেষ হবে। এ ছাড়া রয়েছে দুপুর সাড়ে ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বিজয়া দশমী উপলক্ষে রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে বিকেল চারটায় বরাবরের মতোই ঐতিহ্যবাহী বিজয়া শোভাযাত্রা বুড়িগঙ্গায় গিয়ে শেষ হবে। বৈচিত্র্য আর জাঁকজমকে পরিপূর্ণ অপর একটি শোভাযাত্রা করবে গুলশান সর্বজনীন পূজা কমিটি। বেলা তিনটায় বনানী পূজামণ্ডপ থেকে শুরু হয়ে গুলশান ২ নম্বর, ১ নম্বর, মহাখালী, বিমানবন্দর ও উত্তরা দিয়ে আশুলিয়া গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সব ধর্মের মানুষের সম্মিলিত সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশের সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হওয়ায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা দেশের মানুষ ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।