রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার ৩১তম সম্মেলন হবে আজ শুক্রবার। সকাল থেকে রাত পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে ছায়ানট সংস্কৃতি-ভবনে। থাকবে নানা কিছু। ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কৃষ্টি হেফাজ। কথা হলো তাঁর সঙ্গে।রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার আজকের সম্মেলনের উল্লেখযোগ্য দিক কোনটি?আজ সকাল ১০টায় রবীন্দ্রসংগীতের প্রতিযোগিতা হবে। কিশোর ও সাধারণ বিভাগে ঢাকা মহানগরের ছেলেমেয়েরা অংশ নেবে। এখান থেকে উভয় বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এ ছাড়া গত এক বছরের কার্যক্রম তুলে ধরা হবে, সন্ধ্যা ছয়টায় হবে সংগীতানুষ্ঠান। এখানে বরেণ্য ও জনপ্রিয় শিল্পীরা গান করবেন। আর প্রতিযোগিতা এবং সন্ধ্যার অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। আপনাদের এই প্রতিযোগিতার আলাদা বিশেষত্ব কী?এখানে রবীন্দ্রসংগীতের যে প্রতিযোগিতা হয়, তা একেবারেই আলাদা। এই যেমন—গানের পাশাপাশি প্রত্যেক প্রতিযোগীকে অনেক কিছু জানতে হয়। গান, গানের স্বরলিপি, গানটির পেছনের কথা, তালের পরিচয়, অঙ্গের পরিচয়, উচ্চারণ বোঝানোর জন্য গানের আবৃত্তি করা। তার মানে প্রতিযোগীকে গানটা জেনে-বুঝে আসতে হয়।শিশু-কিশোরদের কিংবা অন্যদের জন্য ঢাকা মহানগর শাখার উদ্যোগে কোনো কার্যক্রম করছেন?এরই মধ্যে আমরা শিশু-কিশোর এবং তরুণদের মধ্যে রবীন্দ্রনাথকে ছড়িয়ে দেওয়ার জন্য ‘সংগীত অনুধাবন’ নামে একটি কোর্স আয়োজন করেছি। শ দুয়েক ছেলেমেয়ে এখানে অংশ নিয়েছে। রবীন্দ্রনাথ আমাদের জীবনে কত ভাবে ছড়িয়ে আছে, তাঁর গানের ও সুরের পেছনে কত রকম ব্যাখ্যা হতে পারে—এমনি নানা কিছু এখানে শেখানো হয়েছে। আর এই কোর্সটি পরিচালনা করেছেন ড. নুরুল আনোয়ার। নতুন শিল্পীদের তুলে ধরার ব্যাপারে কী করছেন?আমরা তাঁদের জন্য নিয়মিত মাসিক শ্রোতার আসর করি। আমাদের যেকোনো অনুষ্ঠানেই নতুনদের যথেষ্ট অংশগ্রহণ থাকে। এই প্রক্রিয়াগুলো তাঁদের শিল্পী হিসেবে গড়ে উঠতে যথেষ্ট সহায়তা করে।সামনে আপনাদের আর কী পরিকল্পনা আছে?সামনে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন করা হবে। রবীন্দ্রনাথের যেসব ক্ষেত্রে এখনো ততটা আলো পড়েনি, তেমন কিছু বিষয় নিয়ে কাজ করব। সেমিনার হবে। আর আমরা তো সব সময় রবীন্দ্রনাথকে নিয়েই আছি, সবাই যেন তাঁকে আরও বেশি করে অনুধাবন করতে পারে—সেই চেষ্টা অব্যাহত থাকবে।