প্রতিযোগিতা নয়, বন্ধুত্বের সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ তারিখ দুপুরে নেদারল্যান্ড এয়ারপোর্ট থেকে ট্রেনে চলে গেলাম হোটেল নভোটেলে। গিয়েই দেখলাম বিভিন্ন দেশের প্রতিযোগীরা ব্যাজ পরে আছে। আমরা কিছুক্ষণ পর রুমে গিয়ে ব্যাজ পরে নিচে নেমে এলাম এবং হোটেলটাই ঘুরে দেখলাম। ওই দিন মেক্সিকো আর ইতালির চারজনের সঙ্গে পরিচয়ও হয়ে গেল। পরদিন ছিল উদ্বোধনী অনুষ্ঠান। হোটেল থেকে আমরা হেঁটে গেলাম আমস্টারডাম রাই-এর থিয়েটার হলে। উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল দেখার মতো। বিভিন্ন দেশের প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সঙ্গে চলছিল ব্রেক ড্যান্স ও সংগীত পরিবেশনা। ওই দিনই পরিচিত হলাম প্যারাগুয়ে, গুয়াতেমালা, ভারত, গ্রিসসহ আরও কয়েকটি দলের প্রতিযোগীদের সঙ্গে।প্রতিযোগিতার প্রথম দিনে জ্যামিতি না থাকায় আমার পরীক্ষা এত ভালো না হলেও ধনঞ্জয় ভাইয়ার পরীক্ষা আশানুরূপ হয় এবং বিশ্বাস ছিল, পরদিন পরীক্ষা ভালো হবে। কিন্তু পরদিনও আমাদের পরীক্ষা এত ভালো না হলেও ধনঞ্জয় ভাইয়া বেশ ভালো পরীক্ষা দেন। এই দুই দিন আমরা সমস্যাগুলোর সমাধান নিয়ে অন্য প্রতিযোগীদের সঙ্গে আলোচনা করি। ১৯ তারিখ পরীক্ষার পর আমরা আমাদের গাইড গুনারের সঙ্গে হ্যারি পটারের ছবি দেখতে যাই। ২০ তারিখ থেকে শুরু হয় আমাদের ভ্রমণ পর্ব। প্রথম দিন নৌভ্রমণে যাই মনিকডাম থেকে ভলেনডামে। বিকেলে ফিরি হোটেলে। হোটেলে ইনডোর আর আউটডোর গেমসের প্রচুর সুযোগ ছিল তাই সবাই টেবিল টেনিস, ফুটবলসহ নানা ধরনের খেলাধুলা করি। ২১ তারিখ ঘুরি আমস্টারডাম শহরে। ২২ তারিখ প্রতিযোগীদের সবাইকে নিয়ে যাওয়া আমস্টারডামের বিখ্যাত সায়েন্স মিউজিয়াম নিমোতে। সেখানে বিজ্ঞানের চমৎকার সব নিদর্শন দেখি এবং সেখানেই রাতের খাবার খায়ে হোটেলে ফিরি। ২৩ তারিখ সকালে আমরা মাহমুদুল হাসান সোহাগ ভাই আর গাইড গুনারকে নিয়ে যাই মাদাম তুসো মিউজিয়াম দেখতে। কিন্তু সময়ের অভাবে বেশিক্ষণ থাকা হয়নি। হোটেলে ফিরেই রওনা হই সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে।সমাপনী পর্বটি বিজয়ীদের পদক দেওয়া এবং আমাদের জন্য দেওয়া বিশেষ পার্টির মধ্য দিয়ে শেষ হয়। পরদিন সকালে শুরু হয় বিদায় নেওয়া আর স্যুভেনির দেওয়া পালা। এমনকি জার্মানির লিসাকেও আমরা স্যুভেনির দিয়েছি এবং পরিচিত হয়েছি। সমাপনী অনুষ্ঠানে উপস্থাপক একটি কথা বলেছিলেন, আইএমও শুধুই একটি প্রতিযোগিতা হিসেবে মুখ্য নয়, বরং এটি বিশ্বের কিশোর-কিশোরীদের বন্ধুত্বের সূচনার একটি মাধ্যম। সত্যিই তাই।