চুয়াডাঙ্গায় রেলওয়ের জায়গায় বহুতল ভবন ও গুদামঘর তৈরি
প্রতিযোগিতায় ওসির দুই আত্মীয় শীর্ষে!
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ রেলওয়ের জায়গায় প্রভাবশালী ব্যক্তিরা বহুতল ভবনসহ বড় বড় গুদামের নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। গত দেড় বছরে অর্ধশত স্থাপনার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আরও সমসংখ্যক স্থাপনার নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে। এ ক্ষেত্রে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকটাত্মীয় পরিচয় দিয়ে দুই ব্যক্তি সবচেয়ে বেশি স্থাপনা গড়েছেন এবং গড়ছেন বলে অভিযোগ উঠেছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে একসনা হিসেবে জমি ইজারা দিয়েছিল রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগ। জুলাই থেকে জুন পর্যন্ত ইজারার মেয়াদ। বর্তমানেও ভূমিহীন ২২ জনের নামে ইজারা দেওয়া আছে। কিন্তু কোনো কোনো অংশ কয়েক দফায় হাতবদল হয়ে গেছে। এর মধ্যে আলমডাঙ্গার কামালপুর গ্রামের জান মহাম্মদ, মোজাম্মেল হোসেন ওরফে মোজাম মিয়া ও নবীছদ্দিন ভূমিহীন সমিতির নামে কৃষিকাজের জন্য রেলওয়ের কাছ থেকে ২২ বিঘা জমি ইজারা নেন।ভূমিহীন সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, ‘১৫ বছর আগে ভূমিহীন সমিতির নামে ইজারা নেওয়া ২২ বিঘা জমি এক বিঘা করে ২২ জন সদস্যকে দেওয়া হয়। পরে অনেকে দখলস্বত্ব্ব হস্তান্তর করে। আমি নিজেও চারজনের দখলস্বত্ব কিনেছি। এখন আমার পাঁচ বিঘা জমি আছে। কৃষি জমি হিসেবে রেলওয়েকে ইজারা মূল্য পরিশোধ করা হয়।’সরেজমিনে জানা গেছে, আলমডাঙ্গা কলেজপাড়ার মিজানুর রহমান একাই এ পর্যন্ত ২০টি পজেশন হাতবদল করেছেন। আলমডাঙ্গা থানার ওসি ইলিয়াছ ফকিরের চাচাশ্বশুর হিসেবে পরিচয় দানকারী আবু তালেব রেলের জায়গায় তিনটি গুদামঘর তৈরি করে কামাল উদ্দিন, নাসির উদ্দিন ও গোলাম হোসেন নামের তিনজনের কাছে ভাড়া দিয়েছেন। আরও নয়টি গুদামঘরের নির্মাণকাজ চলছে। এগুলোও বিক্রির জন্য দাম দর চলছে। এসব গুদামের নির্মাণকাজে মাটি সরবরাহের ঠিকাদারের কাজ করছেন যুবলীগের কুমারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন। এগুলোর বিপরীত দিকে আরও আটটি গুদামঘরের নির্মাণকাজ চলছে। এগুলোর নির্মাতা ওসির ভায়রা হিসেবে পরিচিত জনির উদ্দিন। এর অদূরেই নজরুল ইসলাম নামের এক ব্যক্তি গড়েছেন দোতলা বাড়ি। পাশে অন্যদের আরও দুটি বাড়ি তৈরির কাজ চলছে পুরোদমে। এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, ‘ব্যক্তিমালিকানার জমি কিনে পৌরসভা থেকে অনুমতি নিয়েই বাড়ি বানিয়েছি, তবে সামান্য অংশ রেলওয়ের জায়গায় পড়তে পারে।’এ প্রসঙ্গে আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দিন প্রথম আলোকে জানান, অবৈধ জমিতে কাউকে বাড়ি করার জন্য পৌরসভা থেকে অনুমতি দেওয়া হয়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় এলাকার নবীন হোসেন প্রথম গুদামঘর নির্মাণ করলে রেলওয়েকে জানানো হয়। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় অন্যরা পুরোদমে নির্মাণকাজ শুরু করেন। স্থাপনার মালিক আশরাফুল আলম জানান, বেশির ভাগই অন্যের কাছ থেকে স্বত্ব কিনেছেন। আলমডাঙ্গা এলজিইডি কার্যালয়ের সার্ভেয়ার ইজাজুল হক জানান, কামালপুরের মোজাম্মেল হকের কাছ থেকে তিনি দুই লাখ ৭০ হাজার টাকায় নির্মাণাধীন গুদাম কিনেছেন।রেলের জায়গায় যাঁদের স্থাপনা আছে, তাঁরা হলেন ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল কুদ্দুস, হাড়গাড়ী গ্রামের আইয়ুব হোসেন, দুর্লভপুরের মঈনুল হোসেন, যাদবপুরের আইজাল হাজি, আলমডাঙ্গার হাসমত আলী, দুর্গাপুরের শাহীন আলম, কুয়াতলার কামাল হোসেন, শামপুরের টুটুল ও কালিদাসপুরের শোয়েব জোয়ার্দ্দারসহ ৬৬ জন।নিকটাত্মীয় প্রসঙ্গে আলমডাঙ্গা থানার ওসি ইলিয়াছ ফকির বলেন, ‘সারা দেশের মানুষ আমার আত্মীয়। আমার যোগদানের অনেক আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় আবু তালেব রেলের জায়গায় গুদাম তৈরি করেছেন। জনির উদ্দিন গুদাম তৈরির উদ্যোগ নিলে তাঁকে বারণ করায় ভিত্তি পর্যন্ত গাঁথার পর তা বন্ধ করে দিয়েছেন।’২৪ মে রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কিরণচন্দ্র রায় জানান, জমির বেশির ভাগই কৃষি জমি হিসেবে ইজারা দেওয়া। দু-একটি প্লট বাণিজ্যিক ও পুকুর হিসেবে ইজারা দেওয়া হয়েছে। কৃষি হিসেবে ইজারা নিয়ে যারা স্থাপনা তৈরি করছে, তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’