প্রতিযোগিতায় টিকে থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য ঘটনা। এই যুদ্ধের সফল পরিসমাপ্তির মধ্য দিয়ে আমাদের স্বতন্ত্র জাতিসত্তা এবং রাষ্ট্রসত্তার উন্মেষ ঘটেছিল। এটা ছিল নিঃসন্দেহে ইতিহাসের গৌরবময় অর্জন। কিন্তু এই অর্জনের জন্য আমাদের অত্যন্ত উচ্চমূল্য পরিশোধ করতে হয়েছিল। এ দেশের স্বাধীনতাকামী জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পাকিস্তানিরা সেদিন নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছিল। অগ্নিসংযোগ করে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। অর্থনৈতিক অবকাঠামোগুলো ধ্বংস করেছিল। সর্বব্যাপী সেই ধ্বংসস্তূপের মধ্যেও একটি জিনিসই সেদিন আমাদের মনে প্রত্যাশার প্রদীপ জ্বেলেছিল, আর তা হচ্ছে ‘স্বাধীনতা’। সমূহ বিপর্যয় সত্ত্বেও বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই অনুভূতিটিই সেদিন আমাদের মনে গর্ব ও গৌরব এনে দিয়েছিল। সেদিন ভেবেছিলাম, আমরা নিজেদের জন্য স্বাধীন সার্বভৌম ভূখণ্ড প্রতিষ্ঠা করেছি, এবার ধ্বংসস্তূপের মধ্যে আমাদের প্রত্যাশিত জীবন গড়ে তুলব। এই উপলব্ধি থেকেই বিধ্বস্ত দেশের প্রতিটি জনপদে সেদিন নতুন জীবন নির্মাণের লড়াই শুরু হয়েছিল।মুক্তিযুদ্ধের অব্যবহিত পর ত্রাণ ও পুনর্বাসনকাজটাই ছিল অতিশয় জরুরি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা—এসব ক্ষেত্রে পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। একদিকে স্বজনহারানো শোকাতুর মানুষ, অন্যদিকে বিধ্বস্ত, ভগ্ন দেশ। যোগাযোগ-ব্যবস্থা বিপর্যস্ত। এর মধ্যে আবার ভারত থেকে ফিরে আসছিল হূতসর্বস্ব শরণার্থীরা। পরিত্যক্ত ভিটেমাটিতে তারা আবারও বসতবাড়ি তৈরি করার স্বপ্ন দেখছিল। সদ্যস্বাধীন দেশের সরকার সেদিন দেশ পুনর্গঠনের ডাক দিয়েছিল। এক যুদ্ধ শেষে আরেক যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম আমরা। সরকারি উদ্যোগের পাশাপাশি বহু বেসরকারি সংস্থা সেই সন্ধিক্ষণে দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেছিল। যুদ্ধবিধ্বস্ত দেশে ত্রাণ ও পুনর্বাসনকাজ পরিচালনার জন্য আমরা গড়ে তুলেছিলাম ব্র্যাক। আমাদের কাজের জন্য বৃহত্তর সিলেটের শাল্লা-দিরাই নামক অঞ্চলটি বেছে নিয়েছিলাম। সংখ্যালঘু ধীবরসম্প্রদায়-অধ্যুষিত ওই অঞ্চলটিকে পাকিস্তানি সৈন্যরা আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত করেছিল। ভারত থেকে ওই সব এলাকায় শরণার্থীরা ফিরে এলে আমরা তাঁদের জন্য গৃহনির্মাণ করে দিয়েছিলাম; পাশাপাশি মাছধরার জাল, নৌকা, সাধারণ অসুখ-বিসুখের ওষুধপত্র, শিশুদের অপুষ্টি দূর করার জন্য উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার ইত্যাদি দিয়েছিলাম। সেদিন ভেবেছিলাম, আমাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। কিন্তু কাজ করতে গিয়ে দরিদ্র মানুষের জীবনের সঙ্গে সেদিন যে নিবিড় পরিচয় ঘটেছিল, তার ফলে আমাদের চিন্তার মোড় ঘুরে গিয়েছিল। একটি বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়েছিল, শুধু ত্রাণ দিয়ে দরিদ্র মানুষের সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান করা সম্ভব নয়। দরিদ্র মানুষের জীবনকে বদলে দিতে হলে প্রয়োজন তাঁদের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনার সন্ধান দেওয়া এবং ক্ষমতায়নের মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তোলা। ব্র্যাক তখন ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের কর্মকাণ্ডের বুনিয়াদের ওপর পরিকল্পিত উপায়ে বৃহত্তর ক্ষেত্রে দীর্ঘস্থায়ী উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তার ঘটিয়েছিল। দারিদ্র্য বিমোচন এবং দেশের উন্নয়নের লক্ষ্যে আমরা সেদিন নিজেদের জীবন উৎসর্গ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম।একটা জিনিস লক্ষণীয় যে রক্তক্ষয়ী যুদ্ধ এবং বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে এ দেশ অর্জিত হলেও আমাদের নব-অভ্যুদিত রাষ্ট্র স্বাধীনতা যুদ্ধের বিপুল প্রত্যাশাকে ধারণ করে প্রথাগত রীতিনীতির অবসান ঘটাতে পারেনি। সাধারণ মানুষকে সর্বদাই ‘গ্রহীতা’ হিসেবে বিবেচনা করা হয়েছে। আর উচ্চকোটির মানুষেরা ‘দাতা’র আসনে বসে তাদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করেছে। অথচ প্রতিটি মানুষই অসীম সম্ভাবনার আধার। সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পেলে তারা অসাধ্য সাধন করতে পারে। আমাদের বেসরকারি উন্নয়নপ্রয়াসে এই সত্যকে অবলম্বন করেই আমরা কর্মসূচি পরিচালনা করেছি। ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংগঠন এ দেশের অসহায়, দরিদ্র মানুষের ভেতর আত্মবিশ্বাসের জাগরণ ঘটিয়েছে। মানুষ নিজেই নিজের ভাগ্যের রূপকার, এই প্রত্যয়ে আস্থাবান হয়ে দরিদ্র জনসাধারণ উপার্জন ও সেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে জীবনমানের উন্নয়ন সাধন করেছে।স্বাধীনতা-পরবর্তী চারটি দশকে শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ প্রভৃতি ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কর্ম ও অর্জন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে লক্ষকোটি মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। পরবর্তী সময়ে রাষ্ট্র নিজেও তার প্রথাগত অবস্থান পরিবর্তন করে এগিয়ে এসেছে এবং সরকারি-বেসরকারি যৌথ উন্নয়ন-উদ্যোগের দুয়ার উন্মোচিত হয়েছে।যে বিরাট প্রত্যাশা ১৯৭১ সালে আমাদের জাগরণ ও উত্থান সম্ভব করে তুলেছিল, তার অনেকটাই হয়তো অর্জিত হয়নি, কিন্তু তার পরও যে প্রাপ্তি আমাদের হাতে এসেছে, তা মোটেই উপেক্ষণীয় নয়। দারিদ্র্য বিমোচনে আমরা অনেকটাই অগ্রসর হয়েছি। ১৯৭২ সালে এ দেশের ৭৮ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে অবস্থান করত, এখন তা ৩৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। অনাহারী অতিদরিদ্রের সংখ্যা ছিল ৪৪ শতাংশ, এখন তা হ্রাস পেয়ে ১৫ শতাংশে উপনীত হয়েছে। ১৯৭২ সালে সাক্ষরতার হার ছিল ৩০ শতাংশের নিচে, এখন তা ৬০ শতাংশেরও ওপর গিয়ে পৌঁছেছে। শিশুমৃত্যুর হার ছিল হাজারে ২৫০-এর বেশি, এখন সেটা হাজারে ৬২। বাংলাদেশের মানুষের আয়ুষ্কাল ১৯৭২ সালে ছিল ৪৭, এখন তা বৃদ্ধি পেয়ে ৬৩-তে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এই যে চিত্রটি, তার মধ্যে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎকেই প্রত্যক্ষ করি। এই সাফল্যের কৃতিত্ব কারও একার নয়, বরং সরকারি-বেসরকারি ও ব্যক্তি খাতের সম্মিলিত প্রয়াস, সর্বোপরি সাধারণ মানুষের শ্রমনিষ্ঠ অবদানেই এই অর্জন সম্ভব হয়েছে।এসব অর্জনের পাশাপাশি আরও দুটি ক্ষেত্রে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। তার একটি হলো কৃষি, অন্যটি তথ্যপ্রযুক্তি। কৃষি ক্ষেত্রে আমাদের অর্জনকে বৈপ্লবিক বললেও অত্যুক্তি হয় না। বিগত বছরগুলোতে আমাদের কৃষি খাতের উৎপাদনশীলতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশ খাদ্য আমদানির পর্যায় থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে গেছে। স্বাধীনতা-পূর্বকালে এ দেশের প্রধান খাদ্যশস্য চালের উৎপাদন ছিল প্রায় এক কোটি টন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাষযোগ্য জমির পরিমাণ হ্রাস পাওয়া সত্ত্বেও বর্তমানে এই উৎপাদন তিন কোটি ৩৪ লাখ টনে উন্নীত হয়েছে। অন্য কৃষিপণ্য উৎপাদনেও ব্যাপক সাফল্য এসেছে। শস্যের উচ্চ ফলনশীল জাত, গুণমানসম্পন্ন বীজ, ব্যাপক সেচসুবিধা, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং আমাদের কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কৃষি ক্ষেত্রে এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।অপরদিকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেও আমরা বেশ খানিকটা অগ্রসর হয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিস-আদালতে তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার পুরোনো দৃশ্যপটকে অনেকাংশেই বদলে দিয়েছে। কম্পিউটার এখন দৈনন্দিন নাগরিক জীবনধারার অংশ। পারস্পরিক সংযোগ এবং তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ইন্টারনেট বৈপ্লবিক ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। হাতের কাছেই সদা প্রস্তুত থাকবে বিশাল তথ্যভান্ডার। জ্ঞানবিনিময় ও ভাববিনিময়ের দুয়ার সবার জন্যই উন্মুক্ত হচ্ছে। এর ফলে কর্মব্যবস্থাপনায়ও এসেছে বিশাল পরিবর্তন। দক্ষ ও সময়সাশ্রয়ী কর্মজগৎ গড়ে উঠছে, সঙ্গে সঙ্গে বাড়ছে পেশাদারিত্ব। দেশের সাড়ে ছয় কোটি মানুষ এখন মোবাইল ফোন ব্যবহার করছে। সব মিলিয়ে যোগাযোগ নেটওয়ার্কের বিশাল বিস্তার সমগ্র পৃথিবীর সঙ্গে আমাদের সহজ সংযোগের পথ অবারিত করে দিয়েছে। দেশে তথ্যপ্রযুক্তির এই প্রসার কেবল বস্তুগত সুবিধাই এনে দেয়নি, একই সঙ্গে বিশ্বজুড়ে সামাজিক ও সাংস্কৃতিক যোগসূত্র রচনায় তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। এতসব অর্জন সত্ত্বেও দেশের কারও কারও মুখে নেতিবাচক উচ্চারণ শোনা যায়। তাঁরা মনে করেন, আমাদের ভবিষ্যৎ তমসাচ্ছন্ন, সেখানে আলোর কোনো উদ্ভাসন নেই। বিশেষভাবে আমাদের সংঘাতময় রাজনৈতিক প্রেক্ষাপটকে মনে রেখে তাঁরা তাঁদের স্বপ্নভঙ্গ ও হতাশার কথা প্রকাশ করেন। এটা ঠিক, আমরা এখনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অনুশীলনে অভ্যস্ত হতে পারিনি। ক্ষুদ্র দলীয় স্বার্থ বৃহত্তর জাতীয় স্বার্থের চেয়ে যখন বড় হয়ে ওঠে এবং তা-ই নিয়ে সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হয়, তখন তাঁরা হয়তো নেতিবাচক চিন্তার আবর্তে পড়ে যান। কিন্তু সমাজের সাধারণ দরিদ্র মানুষের কাছে যখন আমি যাই, তখন তাঁদের মধ্যে যে আশ্চর্য প্রাণশক্তি এবং সংকল্প দেখি, তাতে আমি দারুণভাবে উদ্দীপিত হই। সুতরাং আমি কোনোভাবেই হতাশাবাদী চিন্তার পক্ষপাতী নই।আমি মনে করি, বাংলাদেশের রয়েছে প্রচুর সম্ভাবনা। আমাদের দেশের সাধারণ মানুষ পরিশ্রমী, তাদের বুদ্ধিমত্তাও প্রচুর। তবে এই বুদ্ধিমত্তা ও শ্রমের সুফল পেতে হলে আমাদের রাজনৈতিকভাবে পরিশুদ্ধ হতে হবে। পাশাপাশি আরেকটি ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, আর তা হলো শিক্ষার মান উন্নয়ন। এ ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার তিনটি স্তরেই ব্যাপক কর্মসূচি পরিচালনা করে শিক্ষার উচ্চমান নিশ্চিত করতে হবে। শিক্ষা ক্ষেত্রে একটি প্রবণতা লক্ষণীয়। আর তা হলো, আমরা গুরুভার পাঠক্রম তৈরি করি, বেশি পড়াই; কিন্তু শেখাই কম। উচ্চাভিলাষী পাঠক্রমে অতিরিক্ত প্রত্যাশার প্রকাশ ঘটে। কিন্তু কার্য ক্ষেত্রে তদনুযায়ী ফল লাভ হয় না। আমাদের এখন এই সিদ্ধান্তে উপনীত হতে হবে যে আমরা কম পড়িয়ে বেশি শেখাব। সে জন্য পাঠক্রমকে গুরুভার থেকে মুক্ত করে তাকে যথাযথ এবং শিক্ষার্থীর উপযুক্ত করে তৈরি করতে হবে। একই সঙ্গে মুখস্থবিদ্যা এবং পরীক্ষা-পাসের প্রচলিত পদ্ধতি পরিহার করে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞানলাভের পথে চালনা করতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষক, শিক্ষাপ্রশাসন প্রভৃতির মানোন্নয়নও অত্যন্ত জরুরি। শিক্ষা ক্ষেত্রে সামগ্রিক ব্যয়বরাদ্দ ও বিনিয়োগ বৃদ্ধি করার সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।আমাদের সামগ্রিক উন্নয়নচিন্তায় নগরায়ণের বিষয়টি তেমন গুরুত্ব ও মনোযোগ লাভ করেনি। অথচ বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিগণিত হতে হলে সুস্থ ও উচ্চাভিলাষী নগরায়ণ প্রকল্পের কোনো বিকল্প নেই। কৃষি খাতে উৎপাদনশীলতার বিকাশ কৃষিশ্রমিককে শহরমুখী করছে, গ্রামের কৃষি খাত থেকে তারা শহরের শিল্প খাতে স্থানান্তরিত হচ্ছে। কৃষি খাত থেকে উদ্বৃত্ত শহরমুখী এই বিপুলসংখ্যক মানুষের জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই। এই জনগোষ্ঠীর জন্য আমাদের অনেকগুলো নগর গড়ে তুলতে হবে। তৈরি করতে হবে প্রয়োজনীয় অবকাঠামো। নির্মাণ করতে হবে শিল্পকারখানা, স্কুল-কলেজ, হাসপাতাল প্রভৃতি। পরিকল্পিত নগরায়ণে শিল্প ও সেবা খাতে উল্লিখিত উদ্বৃত্ত জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে এখন থেকেই এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের অগ্রসর হতে হবে। এ দেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে আমাদের চাই স্বাপ্নিক ও দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব। আর বিভিন্ন ক্ষেত্রে চাই সুযোগ্য সামাজিক নেতৃত্ব। এই নেতৃত্বের পৃষ্ঠপোষকতায় জনসাধারণের সৃজনশীলতা ও সম্ভাবনাগুলোকে বিকশিত করে তুলতে হবে। তাহলেই বৈশ্বিক পরিমণ্ডলে আমাদের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় হবে। আমরা আমাদের আকাঙ্ক্ষিত গন্তব্যের পথে এগিয়ে যেতে পারব। ফজলে হাসান আবেদ: প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন, ব্র্যাক