বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন প্রকাশ
প্রতিযোগী দেশ এগোলেও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ
প্রতিযোগী দেশগুলোর তুলনায় আরও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতার সূচকে (জিসিআই) বাংলাদেশের অবস্থান পিছিয়ে গেছে এক ধাপ। অথচ প্রতিযোগী বিবেচনা করা হয় বা তুলনা করা হয়—এমন তিনটি দেশ বেশ কয়েক ধাপ ওপরে উঠে গেছে। শ্রীলঙ্কার অবস্থানের উন্নতি হয়েছে সাত ধাপ, ভিয়েতনামের ১৬ ধাপ এবং ইন্দোনেশিয়ার ১০ ধাপ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘বিশ্ব প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদন (গ্লোবাল কমপিটিটিভনেস রিপোর্ট জিসিআর) ২০১০-২০১১’-এ এসব তথ্য প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এবার বাংলাদেশের অবস্থান ১০৭তম, যা গত বছর ছিল ১০৬তম। বিশ্বের বিভিন্ন দেশে একযোগে গত ৯ সেপ্টেম্বর প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আর বাংলাদেশে প্রতি বছরের মতো এবারও তা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।আজ বৃহস্পতিবার ডব্লিউইএফের সহযোগিতায় সংস্থাটি ‘বাংলাদেশ ব্যবসা পরিবেশ সমীক্ষা ২০১০’ নামে আরেকটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। তৈরি পোশাক, ওষুধ, ব্যাংক, বিমা, তথ্যপ্রযুক্তি খাতসহ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, যাঁদের প্রতিষ্ঠানে ১০ কোটি টাকার বেশি মূলধন রয়েছে, এমন ৯০ জন উদ্যোক্তার মতামত নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এ জরিপ করা হয়। জরিপ অনুযায়ী, রাজনীতিবিদদের আর্থিক সততা নিয়ে আস্থা কম রাখেন ৮৯ শতাংশ উত্তরদাতা। ৮৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকারি কাজ পেতে অনৈতিক লেনদেন করতে হয়। আগের বার ৯৫ শতাংশের এমন মতামত ছিল।সিপিডি নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিযোগিতা সক্ষমতাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বড় বড় উদ্যোক্তারা এ ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেছেন। তাঁরা বলেছেন, বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার আরও বেশি হওয়া সম্ভব। জিসিআইয়ে গত বারের মতো এবারও প্রথম অবস্থান সুইজারল্যান্ডের। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দ্বিতীয় হয়েছে সুইডেন। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ করেছে পাকিস্তান। ১০১ থেকে ১২৩-এ নেমে এসেছে। আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) সবারই অবস্থান আগের বারের তুলনায় খারাপ।রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন দুটি উপস্থাপন করেন সংস্থার জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন উপস্থিত ছিলেন।