বৈশ্বিক প্রতিযোগিতা-সক্ষমতা প্রতিবেদন প্রকাশ রাজনীতিবিদদের আর্থিক সততা নিয়ে আস্থা কম
প্রতিযোগী দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ
প্রতিযোগী দেশগুলোর তুলনায় আরও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বৈশ্বিক প্রতিযোগিতা-সক্ষমতার সূচকে (জিসিআই) বাংলাদেশের অবস্থান পিছিয়ে গেছে এক ধাপ। অথচ প্রতিযোগী বিবেচনা করা হয় বা তুলনা করা হয়, এমন তিনটি দেশ বেশ কয়েক ধাপ ওপরে উঠেছে। শ্রীলঙ্কার অবস্থানের উন্নতি হয়েছে সাত ধাপ, ভিয়েতনামের ১৬ ধাপ ও ইন্দোনেশিয়ার ১০ ধাপ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘বিশ্ব প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদন (গ্লোবাল কমপিটিটিভনেস রিপোর্ট—জিসিআর) ২০১০-২০১১’-এ এসব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এবার বাংলাদেশের অবস্থান ১০৭তম, গত বছর যা ছিল ১০৬তম। বিশ্বের বিভিন্ন দেশে একযোগে ৯ সেপ্টেম্বর প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আর বাংলাদেশে প্রতিবছরের মতো এবারও তা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।ডব্লিউইএফের সহযোগিতায় সংস্থাটি ‘বাংলাদেশ ব্যবসা পরিবেশ সমীক্ষা ২০১০’ নামে আরেকটি জরিপ প্রতিবেদনও প্রকাশ করেছে। তৈরি পোশাক, ওষুধ, ব্যাংক, বিমা, তথ্যপ্রযুক্তি খাতসহ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, যাঁদের প্রতিষ্ঠানে ১০ কোটি টাকার বেশি মূলধন আছে, এমন ৯০ জন উদ্যোক্তার মতামত নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এ জরিপ চালানো হয়। জরিপ অনুযায়ী, রাজনীতিবিদদের আর্থিক সততা নিয়ে আস্থা কম ৮৯ শতাংশ উত্তরদাতার। ৮৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকারি কাজ পেতে অনৈতিক লেনদেন করতে হয়, আগের বার ৯৫ শতাংশের এমন মতামত ছিল। রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার প্রতিবেদন দুটি উপস্থাপন করেন সংস্থাটির জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন উপস্থিত ছিলেন।প্রতিবেদেনে একটি দেশের অবস্থান নির্ণয়ের জন্য মৌল প্রয়োজন, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি—এ তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে মৌল প্রয়োজনে সবচেয়ে খারাপ করেছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে অবকাঠামো, সরকারি প্রতিষ্ঠানের কার্যকারিতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা পরিস্থিতি। অবকাঠামোতে শুধু খারাপ করেনি, বিশ্বের সর্বনিম্ন ১০টি দেশের একটিতে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশটির ব্যবসায়ীদের কাছে দুর্নীতির চেয়েও বেশি উদ্বেগের কারণ অবকাঠামো খাতের উন্নয়ন।সংবাদ সম্মেলনে জানানো হয়, জিসিআর তৈরি করা হয়েছে ২০০৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের তথ্য অনুযায়ী। এতে ১৩৯টি দেশ অংশ নেয়। এবার নতুন করে যুক্ত হয়েছে আফ্রিকার চারটি ও মধ্যপ্রাচ্যের দুটি অর্থাৎ ছয়টি দেশ। অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, ২০০৯ সালে জিসিআইয়ে বাংলাদেশের এক ধাপ অবনতি ঘটেছে। তবে নতুন ছয়টি দেশকে ধরলে বাংলাদেশের অবস্থান হবে ১০৩। সে হিসাবে তিন ধাপ এগিয়েছে বলা যায়। সিপিডির নির্বাহী পরিচালক বলেন, প্রতিযোগিতা-সক্ষমতাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বড় উদ্যোক্তারা এ ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেছেন। তাঁরা বলেছেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার আরও বেশি হওয়া সম্ভব। জিসিআইয়ে গতবারের মতো এবারও প্রথম অবস্থান সুইজারল্যান্ডের। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দ্বিতীয় হয়েছে সুইডেন। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ করেছে পাকিস্তান। ১০১ থেকে ১২৩-এ নেমে এসেছে দেশটি। আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সব কটির অবস্থান গতবারের চেয়ে খারাপ। সংবাদ সম্মেলনে বলা হয়, সিপিডির জরিপে সরকার ও সরকারি প্রতিষ্ঠান, অবকাঠামো, উদ্ভাবন ও প্রযুক্তি, আর্থিক পরিবেশ, শিক্ষা ও মানবসম্পদ পরিস্থিতির ওপর তাদের কাছে মতামত চাওয়া হয়। জপির অনুযায়ী, সুশাসনে কিছুটা উন্নতি হয়েছে। নামমাত্র হলেও আর্থিক নীতি নির্ধারণের বিকেন্দ্রীকরণ হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা আগের চেয়ে কম—এমন মন্তব্য ৮৫ শতাংশের। জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা অবকাঠামো খাতের টেলিযোগাযোগসেবা নিয়ে কিছুটা সন্তোষ প্রকাশ করলেও বিদ্যুৎ-ব্যবস্থা নিয়ে বেশির ভাগই অসন্তোষ প্রকাশ করেছেন। জরিপে অংশ নেওয়া ৯৮ শতাংশ ব্যক্তিই মনে করেন, দুর্বল বিদ্যুৎ সরবরাহ দেশের জন্য বড় উদ্বেগের কারণ। ৮২ শতাংশ উত্তরদাতার মত হলো, সাধারণ অবকাঠামো খুবই অনুন্নত। রেলওয়ে ও পরিবহনব্যবস্থায় আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি। বন্দরের ব্যবস্থাপনায় কিছুটা উন্নতি হলেও তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় যথেষ্ট নয়। ৭৫ শতাংশ উত্তরদাতা করপদ্ধতি এখনো অত্যন্ত জটিল বলে মন্তব্য করেন। ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, তালিকাভুক্ত কোম্পানির শীর্ষপর্যায়ের কর্মকর্তারা সুবিধাভোগী লেনদেনের (ইনসাইডার ট্রেডিং) সঙ্গে যুক্ত। উত্তরদাতাদের অধিকাংশ মনে করেন, এইচআইভি পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান এক নম্বর। এ ছাড়া গণমাধ্যমের ভূমিকা, প্রত্যক্ষ বিনিয়োগনীতি ও পর্যটক আকর্ষণের ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।