প্রতিযোগী মনোভাব থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাব্যবস্থাপক, ওয়াসা করপোরেট শাখা, অগ্রণী ব্যাংক লিমিটেড২৪ বছরের কর্মজীবন। সততা, পরিশ্রম ও একাগ্রতা—এ তিনটি গুণেই আজ তিনি সফল। সব সময় মনে করতেন, সবার থেকে এগিয়ে যেতে হবে। নিষ্ঠার সঙ্গে বেশি কাজ করতে হবে। বলছিলাম অগ্রণী ব্যাংক লিমিটেডের ঢাকার ওয়াসা করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক শিরীন আখতারের কথা। তিনি এই শাখার ব্যবস্থাপকও। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষে কর্মজীবন শুরু হয়েছিল এই ব্যাংকেই জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে। শুধু ব্যাংকিং পেশায় কেন, যেকোনো পেশায় নারীকে এগিয়ে যেতে হলে প্রথমে পুরুষের সমান যোগ্যতা প্রমাণ করতে হবে। এরপর পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। সবচেয়ে বড় কথা, উদ্যমী হতে হবে। এসব মেনেই শিরীন আখতার এত দূর এসেছেন। নিজের জীবনে কাজকেই প্রাধান্য দিয়েছেন সব সময়। একমাত্র কাজের মাধ্যমেই মানুষ তাঁর স্বপ্নের কাছাকাছি যেতে পারে, মনে করেন তিনি।শিরীন আখতারের বাবা ছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে মেয়েও এই পেশায় এসেছেন। সব সময় স্বপ্ন দেখতেন ব্যাংকের সর্বোচ্চ পদে কাজ করার। সেই লক্ষ্যে কাজ করে চলেছেন। সময়ের কাজ সময়ে করেছেন। যেকোনো কাজ যত কঠিনই হোক, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। সফলও হয়েছেন।নানামুখী চাপ, ব্যাংকের মুনাফা সর্বোচ্চ করা ও কোনো লোকসান হলে তার জবাবদিহি করা—এ রকম বিভিন্ন কারণে অনেক নারী ব্যাংক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ পদে আসতে চান না। শিরীন আখতার বলেন, ‘সবাই যোগ্য। কিন্তু এগিয়ে যাওয়ার জন্য বাড়তি পরিশ্রম, নিজেকে আরও সমৃদ্ধ করে তুলতে হবে। তা না হলে আপনি অনন্য হয়ে উঠতে পারবেন না।’দীর্ঘ কর্মজীবনের যেকোনো সমস্যা নিজের বিচার-বুদ্ধি ও যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করেছেন। এ দায়িত্বশীল মানুষটি পরিবারও ঠিকমতো সামলেছেন। স্বামী ও একমাত্র ছেলে—দুজনই ব্যাংকের কর্মকর্তা। তাঁদের সহযোগিতা ছাড়া কাজ চালিয়ে যাওয়া সম্ভব হতো না তাঁর। তবে ছেলে যখন ছোট ছিল, তখন শিরীন আখতারের মা পাশে এসে দাঁড়িয়েছেন। মায়ের কাছে ছেলের দায়িত্ব দিয়ে নিজের কাজ করেছেন। কর্মক্ষেত্র ও পারিবারিক জীবন দুই দিকেই তিনি দক্ষ ব্যবস্থাপক।