প্রতিরক্ষা উপদেষ্টার বক্তব্য সম্মানের সঙ্গে দেখা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে র‌্যাবের গুলিতে পা হারানো লিমন ও তাঁর বাবাকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহার খাতুন।মন্ত্রী বলেন, ‘জনাব জেনারেল তারিক সিদ্দিক। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ওনার যে বক্তব্য সেটা অবশ্যই সরকারি বক্তব্য। কারণ উনি সরকারের সিদ্ধান্তের বাইরে কিছু বলতে পারেন না। কাজেই তিনি যেটা বলেছেন, এটা সরকারি বক্তব্য।’বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাহারা খাতুনের সঙ্গে বিদায়ী সাক্ষাত্ করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।গত বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়েকজন সাংবাদিককে ডেকে নিয়ে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ‘লিমনকে লক্ষ্য করে গুলি করা হয়নি। সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে ধরতে গেলে লিমন দৌড়ে পালাতে যায়। তখন র‌্যাব সদস্যদের গুলি লিমনের পায়ে লাগে। লিমন মোরশেদ জমাদ্দারের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত। এমনকি তার বাবাও জড়িত।’লিমনের বাবা সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত বলে উপদেষ্টার দেওয়া বক্তব্যের পক্ষে সরকারের কাছে কোনো প্রমাণ আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে বলতে আমি বাধ্য নই।’ঘটনা তদন্তের আগে উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের এ ধরনের বক্তব্য তদন্তকাজে প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এতে তদন্তে প্রভাব ফেলবে না। সময় হলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।সাহারা খাতুন বলেন, ‘এখনও তো মামলা বিচারাধীন রয়েছে। মামলার চার্জশিট হয়েছে। আদালতে বিচার-কার্যক্রম শুরু হয়েছে। কাজেই সেই চার্জশিট দেখে বা তদন্ত কার্যক্রম দেখে শুনে কেউ যদি সে সম্পর্কে বলে, এটা তো এখন পাবলিক প্রোপার্টি হয়ে গেছে, এখন যদি তদন্তে কিছু পাওয়া যায়, সেটা তো আমরা বলতেই পারি। আমি মনে করি, এটাকে আপনারা সম্মানের চোখে দেখবেন।’ যে কেউ এই মামলা নিয়ে বক্তব্য রাখতে পারেন, মন্তব্য করতে পারেন। এতে তদন্তকাজ বাধাগ্রস্ত হবে না।অন্যদিকে মরিয়ার্টি বৈঠকের বিষয়ে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে।