র্যাবের গুলিতে পা হারানো লিমন এবং একটি জাতীয় দৈনিকের সম্পাদক সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের মন্তব্যকে দুর্ভাগ্যজনক অভিহিত করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সভায় প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, তারিক সিদ্দিকের এ মন্তব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তকাজকে প্রভাবিত এবং সংবাদপত্রের স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে গত শুক্র ও গতকাল শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। প্রস্তাবে বলা হয়, দেশের মানুষ র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এ বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি ছিল। বিগত সরকারের আমলে র্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেআইনি হলে এ সরকারের আমলে তা আইনি হয়ে যায় না।ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি মনে করে, লিমন সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণে একটি জাতীয় দৈনিকের সম্পাদক সম্পর্কে তারিক সিদ্দিক যে মন্তব্য করেছেন, তা সত্য প্রকাশের পথে বাধা। এতে লিমনের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নষ্ট হয়েছে।প্রস্তাবে আরও বলা হয়, দেশবাসী জঙ্গিবাদ দমনে র্যাবের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে। কিন্তু জঙ্গিদের কেউই র্যাব বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত ক্রসফায়ারের শিকার হয়নি। তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে। কিশোর লিমন সে সুযোগ পায়নি। লিমনের পায়ে গুলি করার যে বর্ণনা পাওয়া যায়, তা কেবল ভয়াবহই নয়, সব ন্যায়নীতির পরিপন্থী। বিস্ময়ের ব্যাপার হলো, র্যাবের মহাপরিচালক যখন লিমনকে পরিস্থিতির শিকার বলে মনে করছেন, তখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক সিদ্দিক লিমন ও তার বাবাকে সন্ত্রাসী জমাদ্দারের সহযোগী বলে বর্ণনা করেছেন। শুধু তা-ই নয়, লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়ে তার মামলা বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। ধারণা করা যায়, এর সবই করা হয়েছে ওপরের নির্দেশে।ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বলেছে, লিমনের বিরুদ্ধে নেওয়া এ পদক্ষেপ সত্য আড়াল করার অপচেষ্টা। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার এ অবস্থান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।সত্য প্রকাশ করায় একটি জাতীয় দৈনিকের সম্পাদককে ২১ আগস্টের গ্রেনেড হামালার সঙ্গে সংশ্লিষ্ট করায় উদ্বেগ প্রকাশ করে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বলেছে, দেশবাসী যেখানে ওই হামলার সঙ্গে যুক্ত প্রকৃত অপরাধীদের অনুসন্ধান করে বিচারের আওতায় আনার ব্যাপারে উদগ্রীব অপেক্ষায় রয়েছে, সেখানে প্রতিরক্ষা উপদেষ্টার এ ধরনের মন্তব্য মামলার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করবে। ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি সংবিধানের চার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় সংবিধান থেকে বাদ দেওয়ার প্রস্তাব গ্রহণ করে। বলা হয়েছে, এ ক্ষেত্রে কোনো আপস করা হলে কার্যত জিয়া-এরশাদের বেআইনি সংশোধনীগুলোকে আনুষ্ঠানিক মর্যাদা দেওয়া হবে, যা হবে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ও আত্মঘাতী। প্রস্তাবে বলা হয়, নারী উন্নয়ন নীতির বিরুদ্ধাচরণ অজ্ঞতাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ক্ষেত্রেও যেকোনো ধরনের আপস শুধু নারীর অধিকারকে খর্ব করবে না, মানুষের গণতান্ত্রিক অধিকারকেও বিপদগ্রস্ত করবে। ফতোয়া সম্পর্কে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ওলামা বোর্ড গঠনের উদ্যোগের কথা শোনা যাচ্ছে। এ ধরনের পদক্ষেপ বাংলাদেশকে পাকিস্তানের পরিণতির দিকে নিয়ে যাবে। বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনজীবনের নানা সংকট নিয়ে আলোচনা হয় এবং অবিলম্বে ১৪ দলের বৈঠক আয়োজনের আহ্বান জানানো হয়।পলিটব্যুরোর সভায় মেনন ছাড়াও দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সদস্য বিমল বিশ্বাস, ফজলে হোসেন বাদশা, নুরুল হাসান, হাফিজুর রহমান ভূঁইয়া, ইকবাল কবির জাহিদ, নুর আলম প্রমুখ বক্তব্য দেন।