প্রতিরক্ষা খাতে ১৪ হাজার কোটি, শিক্ষায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ
এবারের ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ১৩ হাজার ১৭৯ কোটি ২৩ লাখ এবং প্রতিরক্ষা খাতে ১৪ হাজার ৫৬৫ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষায় ১১ হাজার ৯৩৫ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।সাড়ে পাঁচ হাজার মাধ্যমিক, এক হাজারের বেশি মাদ্রাসা এবং দেড় হাজার কলেজের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়ে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেন, দুই হাজার ৭১৯টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১২৫টি মাদ্রাসার নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি দুই হাজার বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ভবন নির্মাণের কাজ চলছে। তিনি আরও জানান, বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে। এ ছাড়া ২০ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগসহ একটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সরবরাহ করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রাথমিক স্তরে ভর্তির হার বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ভর্তির এই হার ছিল ৯৪ দশমিক ৬ শতাংশ আর ঝরে পড়ত ৪৯ দশমিক ৩ শতাংশ। বর্তমানে প্রাথমিক স্কুলে যাচ্ছে ৯৭ শতাংশ। শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নেমে এসেছে ২৯ দশমিক ৭ শতাংশে। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কথা জানিয়ে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আধুনিক অস্ত্রশস্ত্র, যুদ্ধ সরঞ্জাম কেনার মাধ্যমে সেনাবাহিনীর আধুনিকায়ন এবং ইউনিট সদর দপ্তরের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিমান বাহিনীর জন্য নতুন ঘাঁটি স্থাপন, নতুন বিমান ও হেলিকপ্টার কেনা হয়েছে। এ ছাড়া নৌবাহিনীর জন্য বিভিন্ন সরঞ্জাম সংযোজনের কথাও উল্লেখ করেন তিনি।জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর তালিকায় বাংলাদেশ সবার শীর্ষে অবস্থান করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, শান্তিরক্ষা মিশনে গত তিন বছরে পাঁচ হাজার ৩৫৪ কোটি টাকা এবং চলতি অর্থবছরে এ পর্যন্ত ৫৬১ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ। অর্থমন্ত্রী জানান, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় ছয় হাজার ৯৮৭ জন শান্তিরক্ষী কাজ করছেন।