প্রতিরক্ষা-দেয়ালে ত্রুটি ছিল, নির্মাণকাজের ফাইল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাটালি হিল এলাকার প্রায় ৩০ ফুট উঁচু দুই স্তরবিশিষ্ট প্রতিরক্ষা-দেয়ালের মাঝখানে কোনো টানা বিম ছিল না। পানি অপসারণের জন্য দেয়ালে ছিল না ছিদ্র। ফলে, দুটি দেয়ালের পরস্পরকে টেনে রাখার শক্তি নড়বড়ে হয়ে পড়ে। বৃষ্টির পানি আর পাহাড়ধসের সঙ্গে ভেঙে পড়ে দেয়াল।চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্ত কমিটি গতকাল রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এসব বিষয় শনাক্ত করে। দেয়ালের ভিত্তি মজবুত ছিল না বলে তারা প্রাথমিকভাবে মন্তব্য করে। কমিটির সদস্যরা স্থানীয় ও সিটি করপোরেশনের লোকজনের সঙ্গে কথা বলেন।ভারী বৃষ্টির কারণে গত শুক্রবার ভোরে বাটালি হিল এলাকায় প্রতিরক্ষা-দেয়ালসহ পাহাড়ধসে নারী-শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়। এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহীকে প্রধান করে জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি করে। চট্টগ্রাম সিটি করপোরেশন আট সদস্যের আরেকটি তদন্ত কমিটি করেছে। এ কমিটিও গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরিদর্শন শেষে এহসানে এলাহী প্রথম আলোকে বলেন, ‘প্রায় ৩০ ফুট উঁচু দেয়ালের ভিত্তি দুর্বল ছিল বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এতে পানিনিষ্কাশনের ছিদ্র থাকার প্রমাণও আমরা পাইনি।’নির্মাণপ্রকৌশলীরা বলেন, ধসে পড়া দুই স্তরবিশিষ্ট দেয়াল তিনতলা ভবনের সমান উঁচু ছিল। ভবন নির্মাণের সময় প্রতি তলায় চারদিকে টানা বিম ব্যবহার করতে হয়। অথচ এ দেয়ালের শুধু নিচে ও ওপরে দুটি টানা বিম ব্যবহার করা হয়েছে। এ দুটি বিম পুরো স্থাপনার ভার নেওয়ার জন্য যথেষ্ট নয়।পাহাড়ধস প্রতিরোধে ২০০৮ সালে গঠিত প্রকৌশলগত কমিটির প্রধান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. মোজাম্মেল হক বলেন, ‘পাহাড় রক্ষায় দেয়াল দেওয়া হয়েছিল। কিন্তু পানি চলাচলের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ ছাড়া দেয়ালের মাঝখানে কোনো টানা বিম ছিল না। এটা নকশাগত ত্রুটি হতে পারে।’মোজাম্মেল হক বলেন, দুই দেয়ালের মাঝখানে সাধারণত নুড়ি পাথর কিংবা মোটা বালু দেওয়া হয়। কিন্তু এখানে মাটি ও বালু দেওয়া হয়। এ ছাড়া দেয়ালে ছিদ্র তো ছিলই না।নির্মাণকাজের ফাইল জব্দ: সিটি করপোরেশনের গঠিত আট সদস্যের তদন্ত কমিটি গতকাল সকালে বৈঠকে বসে। পরে বেলা আড়াইটার দিকে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।জানা গেছে, কমিটি বাটালি হিলের প্রতিরক্ষা-দেয়াল নির্মাণসংক্রান্ত ছয়টি ফাইল ও কিছু কাগজপত্র জব্দ করে। ফাইলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।কমিটির প্রধান ওয়ার্ড কাউন্সিলর এস এম ইকবাল হোসেন বলেন, ‘ফাইল পরীক্ষা-নিরীক্ষা করে আমরা দেখব, করপোরেশনের চাহিদা অনুযায়ী কাজ হয়েছে কি না। এতে ঠিকাদারের, নাকি করপোরেশনের গাফিলতি ছিল, খতিয়ে দেখব।’নড়বড়ে অংশ ও মাটি অপসারণ: দেয়ালের নড়বড়ে অংশ ভেঙে ফেলার পাশাপাশি মাঝখানের বালু ও মাটি সরিয়ে ফেলার কাজ শুরু করেছে সিটি করপোরেশন। তাদের অন্তত ১০০ শ্রমিক এ কাজ করছে।জানা গেছে, গত শুক্রবার সকালে অন্তত ৬০ ফুট দেয়াল ও পাহাড়ধসে ১৭ জন নিহত হয়। দুই স্তরবিশিষ্ট দেয়ালের বাকি অংশ এখনো খাড়া আছে।সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাটি ও নড়বড়ে অংশ অপসারণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী কাজ চলছে।এখনো বসবাস: ভেঙে পড়া দেয়ালের খাড়া অংশের সাত-আট গজের মধ্যে এখনো প্রায় এক হাজার লোকের বসতি দেখা গেছে। দেয়াল-লাগোয়া ঘরগুলোতে লোকজন না থাকলেও পাশের ঘরগুলোতে লোকজন দেখা গেছে। দেয়াল-লাগোয়া কাঁচা ঘরগুলো করপোরেশন ভেঙে দিয়েছে। তবে সেমিপাকা ঘরগুলোর টিন নিজ দায়িত্বে দখলদারেরা খুলে নিচ্ছেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসান এলাহী বলেন, ‘আমরা বসবাসরত লোকজনকে সরিয়ে নিতে সিটি করপোরেশনকে অনুরোধ করেছি।’