দেশে প্রথমবারের মতো প্রাথমিক খসড়া প্রতিরক্ষা নীতিমালা নিয়ে কঠোর গোপনীয়তার মধ্যে মতামত দিয়েছেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। এ নিয়ে আলোচনাকালে তাঁরা বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন সময়ে ক্ষমতা দখল এবং ১/১১-পরবর্তী সময়ে সেনা আধিপত্য সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে। আর এই বাহিনীর কার্যক্রমকে ঘিরে সব সময় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে স্পর্শকাতর বিষয়গুলো ছাড়া এই বাহিনীর অন্য সব তথ্য জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত বলে তাঁরা মত দেন। বৈঠকের একাধিক সূত্রে এ কথা জানা গেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় প্রতিরক্ষা নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সভাপতি এম ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর মতামত নিয়ে প্রাথমিক খসড়া চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।কঠোর সতর্কতা ও গোপনীয়তার কারণে এ সভায় কমিটির সদস্য ছাড়া অন্য কাউকে রাখা হয়নি। বৈঠক শেষে কমিটির একাধিক সদস্য জানান, বিষয়টি নিয়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মতামত নিয়ে প্রাথমিক খসড়া চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, আলোচনার শুরু থেকে কমিটির সদস্যরা সশস্ত্র বাহিনীর কার্যক্রমে কঠোর গোপনীয়তার সমালোচনা করেন। তাঁরা বলেন, এই সংস্কৃতি শেষ হওয়া দরকার। কীভাবে সশস্ত্র বাহিনী পরিচালিত হয়, সাধারণ মানুষের তা জানার অধিকার আছে। এই বাহিনী জনগণের জন্য কতটুকু কাজ করছে। তাদের সুবিধা-অসুবিধা কী। দেশে প্রথম নীতিমালা তৈরিতে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে তাঁরা সার্বভৌমত্ব নষ্ট হয় দেশের স্বার্থে এমন স্পর্শকাতর বিষয়ে গোপনীয়তা রক্ষার পক্ষে মত দেন।প্রতিরক্ষা নীতিতে ভূ-রাজনৈতিক বিষয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেসব বিষয় নিয়ে আমাদের সমস্যা রয়েছে, সেসব বিবেচনায় রাখার পরামর্শ দেন কমিটির সদস্যরা। তাঁরা বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষা ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জাতীয় কোনো সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের প্রয়োজনে সশস্ত্র বাহিনীকে আরও বেশি সক্ষম করে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন।বৈঠক সম্পর্কে কমিটির সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রথম আলোকে বলেন, সভায় প্রতিরক্ষা নীতি প্রণয়ন নিয়ে সাংসদেরা মতামত দিয়েছেন। আগামী সভায় এ ব্যাপারে সংশ্লিষ্টদের মতামত নিয়ে কমিটি প্রাথমিক খসড়া চূড়ান্ত করবে।কমিটির অপর সদস্য এম এ মান্নান রাতে প্রথম আলোকে বলেন, সভায় প্রতিরক্ষা নীতি প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো প্রাথমিক খসড়াটি অনেক বড়। এটি নিয়ে বিস্তারিত আলোচনা ও সংশ্লিষ্টদের মতামত নিয়ে তা একটু ছোট আকারে প্রণয়ন করার চিন্তা করা হচ্ছে।জানা গেছে, স্বাধীনতার ৩৮ বছর অতিবাহিত হলেও দেশে কোনো প্রতিরক্ষা নীতি প্রণীত হয়নি। একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। তাই প্রতিষ্ঠালগ্ন থেকে সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিরক্ষা নীতি ছাড়াই। গত নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রতিরক্ষা নীতি প্রণয়নের ঘোষণা দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে গঠিত একটি কমিটি তিন মাস আগে জাতীয় প্রতিরক্ষা নীতির খসড়া জমা দেয়।সংসদীয় কমিটির সদস্যদের অনেকেই বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনার পাশাপাশি লিখিতভাবে মতামত দিয়েছেন বলে জানা গেছে।