প্রতিরক্ষা ব্যয়ে ইউরোপকে ছাড়িয়েছে এশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার প্রতিরক্ষা ব্যয় গত বছর প্রথমবারের মতো ইউরোপকে ছাড়িয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চীনের সামরিক শক্তির দ্রুত প্রসার এবং ইউরোপের অর্থনীতির সংকোচনের প্রতিফলন ঘটেছে এই প্রতিবেদনে। বৈশ্বিক প্রতিরক্ষা প্রবণতার ওপর যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইআইএসএসের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এশিয়ার সামরিক ব্যয় সামগ্রিকভাবে ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। আর এশিয়ার দেশগুলোর মধ্যে চীনের প্রতিরক্ষা ব্যয় ২০১১ ও ২০১২ সালের মধ্যে বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ।একই সময়ে বাজেট কাটছাঁটের কারণে ইউরোপের ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর সামরিক ব্যয় কমে ২০০৬ সালের পর্যায়ে দাঁড়িয়েছে।আইআইএসএস তাদের প্রতিবেদনে বলেছে, ২০১২ সালে এশিয়ার সামরিক ব্যয় ছিল ২৮৭ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। এই সংখ্যা শুধু ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোরই নয়, বরং পুরো ইউরোপের মোট প্রতিরক্ষা ব্যয়কে অতিক্রম করেছে।প্রতিরক্ষা ব্যয়ে এখনো সবার শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটি বৈশ্বিক মোট সামরিক বাজেটের ৪৫ দশমিক ৩ শতাংশ ব্যয় করে। যুক্তরাষ্ট্রের পরে সুস্পষ্টভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্ প্রতিরক্ষা ব্যয়ের দেশ এখন চীন।এশিয়ার দেশগুলো স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ভর ক্রমেই তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে বলে উল্লেখ করেছে আইআইএসএস। চীন তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে আগামী ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের দিক থেকে ওয়াশিংটনকে ছাড়িয়ে যাবে বেইজিং। এশিয়া অঞ্চলের সামরিক হুমকি বিপুল। অতীতে এ অঞ্চলে ভিন্ন দেশ পারস্পরিক প্রতিপক্ষকে মোকাবিলায় অনেকবারই হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটিয়েছে।সম্প্রতি উত্তর কোরিয়া তৃতীয় দফায় পরমাণু পরীক্ষা চালিয়েছে। তারা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। অপরদিকে উত্তর কোরিয়াকে হুমকি হিসেবে চিহ্নিত করে জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত করার জোর চেষ্টা চালাচ্ছে।এশিয়ার অন্যতম বৃহত্ অস্ত্রের ক্রেতা ভারত। প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের সঙ্গে পাল্লা দিয়ে দেশটি তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। এসব আঞ্চলিক পরিস্থিতির কারণে এশিয়ার সামরিক বাজেট এবার ইউরোপকে ছাড়িয়েছে।