প্রতিরক্ষা সচিব বরখাস্ত, গিলানিকে সতর্ক করল সেনাবাহিনী
পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর মধ্যকার দ্বন্দ্ব নতুন মোড় নিয়েছে। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আজ বুধবার প্রতিরক্ষা সচিব সাবেক জেনারেল নায়েম খালিদ লোদীকে বরখাস্ত করেছেন। ব্যবস্থাপনার অযোগ্যতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে, সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি করায় প্রধানমন্ত্রীকে পাল্টা সতর্কবার্তা দিয়েছেন দেশটির সেনাবাহিনী শীর্ষ কর্মকর্তারা।পাকিস্তানের সেনাবাহিনী আজ এক বিবৃতিতে প্রধানমন্ত্রী গিলানির উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর আপত্তিকর মন্তব্য দেশটিতে বিভক্তি ও প্রতিহিংসার জন্ম দেবে। দেশের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে।প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই সপ্তাহের প্রথমদিকে চীনের পিপলস ডেইলি অনলাইনকে বলেন, সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধান এ দুজন আইন অমান্য করছেন। সুপ্রিম কোর্টের তদন্ত সম্পর্কে তারা একের পর এক একপেশে মন্তব্য করে যাচ্ছেন ।পাকিস্তানের সুপ্রিম কোর্ট কমিশন মেমোগেট (গোপন চিঠি) কেলেঙ্কারির বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। চিঠিটিতে দাবি করা হয় পাকিস্তানের সেনাবাহিনী দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটাতে পারে। গত বছরের মে মাসে লাদেন কে হত্যার পর এ আশংকা বেড়ে গেছে বলে দাবি করা হয় চিঠিতে। পাকিস্তান সরকার দেশটিতে সামরিক অভ্যুত্থান ঠেকাতে মার্কিন সরকারের সাহায্য কামনা করেন ওই চিঠিতে।গিলানির মন্তব্যের পর পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী ও দুর্বল গণতান্ত্রিক সরকারের মধ্যকার বিদ্যমান সংকট আরও জটিল আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী গিলানি সেনাবাহিনী প্রধান আশফাক কায়ানি ও লে. জেনারেল আহমাদ সুজা পাশা’র বিরুদ্ধে আইন অমান্য করার অভিযোগ আনেন।গিলানি বলেন, সেনাবাহিনী শীর্ষ কর্মকর্তাদের কোথাও সাক্ষ্য দিতে যাওয়ার আগে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে।সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিওএএস ও ডিজিআইএসআই (সেনা প্রধান ও গোয়েন্দা প্রধান ) বিরুদ্ধে প্রধানমন্ত্রী গিলানি যে মন্তব্য করেছেন তা অত্যন্ত আপত্তিকর। প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় অভিযোগ। গিলানির এ ধরনের মন্তব্যে কারণে দেশটিতে দলাদলি দেখা দেবে এবং এটি দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাবে।আশফাক কায়ানি গতকাল মঙ্গলবার চীন সফর শেষে দেশে ফিরেছেন এবং আজ বুধবার তিনি রাওয়ালপিন্ডিতে মিয়ানমারের বিমান বাহিনী সাক্ষাত্ করেছেন। রয়টার্স।