প্রতিরক্ষানীতি ও তার বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ মূলত একটি জনযুদ্ধ। তদানীন্তন পাকিস্তানের সামরিক বাহিনীর আগ্রাসী অভিযানের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রমনা অসীম সাহসী জনতা স্বতঃস্ফূর্তভাবে মুহূর্তের মধ্যে কুড়িয়ে পাওয়া অস্ত্র হাতে নিয়ে তাৎক্ষণিক তার পাল্টা জবাব দিয়েছিল অত্যন্ত শক্তভাবে। প্রাথমিকভাবে বলতে গেলে খালি হাতে লাঠিসোঁটা নিয়েই শির উঁচু করে, সিনা টান করে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে গিয়েছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত শত্রুর মোকাবিলা করতে। এ কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ অতি সাধারণ মানুষের অসাধারণ সব বীরত্বের কাহিনি। নিজ বাসভূমির পবিত্রতা রক্ষা, নিজস্ব সংস্কৃতির বিকাশ ও সার্বভৌমত্ব রক্ষার্থে যুগ যুগ ধরে বাংলাদেশের জনগণ নিরন্তর সংগ্রাম করে এসেছে। তদানীন্তন পাকিস্তানের অপরিণামদর্শী শাসকগোষ্ঠীর যুদ্ধবাজ ও পোড়ামাটি নীতির ফলে ১৯৭১ সালে তা সশস্ত্র সুন্দরের মতো জনযুদ্ধের রূপ ধারণ করে, যার ফলে অনিবার্যভাবে সৃষ্টি হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ—গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, যুদ্ধবিধ্বস্ত, রক্তস্নাত এক অপূর্ব বাংলাদেশ। সাধারণ মানুষের হূদয় নিংড়ানো ভালোবাসা থেকে যুদ্ধের ময়দানের ধ্বংসস্তূপের মধ্যে জন্ম নিল প্রস্ফুটিত শতদলের মতো মুক্তিবাহিনী, যার থেকে জন্ম নিল জনগণের আমানত বাংলাদেশের সশস্ত্র বাহিনী।একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিরক্ষানীতির মূল কথা হলো—দেশের জনগণ, জাতীয় সম্পদ রক্ষা ও এর বিকাশ সাধন করা। আত্মনিয়ন্ত্রণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করাই তার অবিচল নীতি। জরুরি অবস্থায় অতন্দ্র প্রহরীর মতো সীমান্তে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে জল, স্থল ও আকাশপথের ভৌগোলিক সীমানার অখণ্ডতা রক্ষা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে যারপরনাই তৎপরতা জারি রাখা আমাদের কর্তব্য। একই সঙ্গে বাণিজ্যসহ আঞ্চলিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি এবং ভারত, মিয়ানমার ও চীনের সঙ্গে সখ্য বৃদ্ধিসহ পারস্পরিক আস্থা সৃষ্টির মধ্যে বাংলাদেশের আত্মরক্ষা ব্যূহকে সুদৃঢ় করতে হবে। মিয়ানমারসহ পার্শ্ববর্তী ভারতীয় প্রদেশগুলোর সঙ্গে এমনকি চীনের ইউনান প্রদেশের সঙ্গেও অনাবিল বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ়ভাবে স্থাপন করা বাংলাদেশের জন্য একান্ত প্রয়োজন। একই সঙ্গে ভারতীয় কেন্দ্রীয় সরকার ও ভারতের অন্যান্য অঞ্চলের জনগণের সঙ্গে আত্মিক যোগাযোগ স্থাপন করতে হবে। শান্তির সঙ্গে সহাবস্থান হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূলধারা, যা দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে একটি দৃঢ় ভিত্তির ওপর প্রতিস্থাপন করবে। তবে নিজস্ব শক্তির গভীরতার ওপর নির্ভর করছে অন্য দেশসমূহ শান্তির সঙ্গে সহাবস্থান-নীতিকে কতদূর সমীহ করবে। নইলে শক্তির ভারসাম্যহীনতাকে ভর করে অন্যরা ফায়দা লুটতে চাইবে। গভীর সমুদ্রে আধুনিক সমুদ্রবন্দর সৃষ্টি করে এই অঞ্চলের রাষ্ট্রগুলোর বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ কার্যকর ভূমিকা গ্রহণ করে তার প্রতিরক্ষাব্যূহ রচনার ব্যাপ্তি বৃদ্ধি করার ক্ষমতা রাখে। বস্তুত অনতিবিলম্বে বাংলাদেশের উচিত গভীর সমুদ্রে অত্যাধুনিক সমুদ্রবন্দর নির্মাণ করা। অভ্যন্তরীণ রুটের স্থল, নৌ ও রেলপথের প্রভূত উন্নতি করে যে হারবার এলাকায় পানির গভীরতা ২৪ মিটার, সেখানেই সমুদ্র নির্মাণ করে তাকে সব রাষ্ট্রের ব্যবহারে উন্মুক্ত করে দিতে পারলে বাংলাদেশ হবে এতদঞ্চলের সুইজারল্যান্ড।প্রতি স্তরে প্রতিরক্ষাব্যূহ রচনা করে পেশাজীবী সশস্ত্র বাহিনী দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা ব্যয়বহুল বৈকি। স্বল্প আয়ের একটি দেশের জন্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক বিশেষজ্ঞের কাছে তা বোঝাও বটে। অথচ আক্রান্ত হলে কয়েক ঘণ্টার মধ্যে তথা নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত সশস্ত্র বাহিনী মোতায়েন ছাড়াও নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত জনগণ কর্তৃক সৃষ্ট জনবাহিনীকে (প্রাথমিকভাবে আনসার, ভিডিপি ও বেসামরিক সিকিউরিটি ফোর্সগুলো ভিত্তিফৌজ হিসেবে কাজ করবে) সুসংগঠিত করে যুদ্ধের সাজে সজ্জিত করে ব্যূহ রচনা করার ক্ষমতা তাকে অবশ্যই অর্জন করতে হবে। তবেই সার্বভৌমত্ব সব অবস্থায় সুরক্ষিত থাকবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এ দেশের আপামর জনগণ। পেশাজীবী সশস্ত্র বাহিনী সেখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, যেমন করেছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে। এই ধারণাই বাংলাদেশের প্রতিরক্ষানীতির মূল চালিকাশক্তি। এই ধারণাকে বস্তুনিষ্ঠ চলমান কর্মসূচি ও শক্ত প্রশিক্ষণের মাধ্যমে শাণিত করে রাখতে হবে, যাতে করে জরুরি অবস্থায় ত্বরিতগতিতে তার সুষ্ঠু বাস্তবায়ন সহজতর হয়। ভৌগোলিক অবস্থান বলছে যে বাংলাদেশের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে দূরন্ত গতিসম্পন্ন মিসাইল বোট ও গানবোটসমেত আধুনিক নৌযুদ্ধবিদ্যায় পারদর্শী শক্তিশালী নৌবাহিনীর প্রয়োজন। প্রয়োজন অত্যাধুনিক শক্তিশালী রাডার, আরও প্রয়োজন কোস্টাল গার্ড (কোস্টাল আর্টিলারি ও হেলিকপ্টারসহ), ডুবুরি ইউনিট, মেরিন সার্ভে ও গবেষণা ইউনিট ও রিভারাইন ইউনিট। অবশ্য প্রশিক্ষণের জন্য একটি ফ্রিগেট থাকা বাঞ্ছনীয়। গভীর সমুদ্রে যুদ্ধ করার জন্য প্রয়োজন হয় বিশাল নৌবহর (ফ্রিগেট, ডেস্ট্রয়ার, সাবমেরিন ইত্যাদি), যার খরচ বহন করা (পর্যাপ্ত সময় ব্যয়সহ) বাংলাদেশের জন্য অত্যন্ত ব্যয়বহুল হবে এবং এই খরচ বহন করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। বরং সাধ্যমতো বঙ্গোপসাগরে তার আধিপত্য বজায় রাখা বাংলাদেশের জন্য একান্ত প্রয়োজন। এবং তা বজায় রাখার জন্য বঙ্গোপসাগরের উপযোগী সব ধরনের যুদ্ধজাহাজ ও যুদ্ধের সরঞ্জাম, হাতিয়ার, গোলাবারুদ ও প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবী নৌসেনাসহ মেরিন, ডুবুরি, নৌ-কমান্ডো, কোস্টাল ও রিভারাইন ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। মেরিন সার্ভে ও গবেষণা ইউনিটও নেভির সঙ্গে সম্পৃক্ত থাকবে।বঙ্গোপসাগর উপকূল গভীরতার অভাবে কোনো সাবমেরিনের পক্ষে ডুবন্ত অবস্থায় অপারেশন করার জন্য অনুকূল নয়। এটা আল্লাহ প্রদত্ত। অন্যদিকে ফ্রিগেটের মতো বড় একটি যুদ্ধজাহাজ একাকী বড় ধরনের কোনো প্রতিরক্ষাব্যূহ রচনা করতে সক্ষম নয়, বরং আধা সচল একটি ফ্রিগেট নিজেই শত্রুর জন্য সহজলভ্য (মিলিটারি ভাষায় বলতে হয় গর্ভবতী হাঁসের মতো) একটি বড় টার্গেট সৃষ্টি করে। অথচ এর বদলে ১০০টি গানবোট ও দূরন্ত গতিসম্পন্ন মিসাইল বোট (এমনকি প্রয়োজনে ১০০০ গানবোট ও মিসাইল বোট) দিয়ে ব্যূহ রচনা করলে শত্রুর জন্য তা ১০০টি টার্গেটে পরিণত হবে, যা সহজে ধ্বংস করা তার জন্য অত্যন্ত দুরূহ একটি কাজ। কারণ, ১০০টির ১০০টিই ভাসমান মাইন তথা ভাসমান প্রতিরক্ষাব্যূহ। প্রয়োজনে আচমকা হামলা চালিয়ে শত্রুর প্রভূত ক্ষতি সাধন করে সে আবার দ্রুত মিলিয়ে গিয়ে শত্রুকে সহজেই ব্যতিব্যস্ত করে রাখার এবং হরহামেশা নাজেহাল করার বিল্ট ইন ক্ষমতা তার থাকবে। তাই বাংলাদেশের উচিত, সামর্থ্য অনুযায়ী দ্রুতগতিসম্পন্ন মিসাইল ও গানবোট-আধিক্য শক্তিশালী নৌবাহিনী সৃষ্টি করা।ভারত মহাসাগরে ভারত আর বঙ্গোপসাগরে বাংলাদেশ—এই নীতিকে ভর করে বাংলাদেশ তার নেভিকে সাজাতে পারে। ভারত মহাসাগরে ভারত আক্রান্ত হলে বাংলাদেশ নেভি তার সাধ্যমতো পেছন থেকে সব ধরনের লজিস্টিক সাপোর্টসহ পূর্বাঞ্চলে কোস্টাল ডিফেন্সের ব্যূহ রচনা করে ডিফেন্স ইন ডেপথ পজিশনে অবস্থান নেবে। আর শান্তির সময়সহ সর্বদা বাংলাদেশ নেভি বঙ্গোপসাগরের উপকূলের সব পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের সঙ্গে মিলে তার আধিপত্য বজায় রাখবে, সেখানে বিশেষ করে ভারতীয় নেভি আউটার পেরিমিটারে প্রতিরক্ষা-ছাতা সৃষ্টি করবে। এমনকি ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ছাড়াও থাইল্যান্ড ও চীনসহ বঙ্গোপসাগর এলাকায় বহুজাতিক সমন্বয় কাউন্সিল সৃষ্টি করা যায়। প্রধান সমন্বয়কারী দেশ হিসেবে থাকবে বাংলাদেশ। এই বোঝাপড়ার মধ্যেই বাংলাদেশ নেভির শ্রীবৃদ্ধি হবে।বিমানবাহিনীর দায়িত্ব হবে বাংলার আকাশকে মুক্ত রাখা এবং মাঠে-ময়দানে যুদ্ধরত সেনাদের সক্রিয়ভাবে গ্রাউন্ড সাপোর্ট দিয়ে সাহায্য-সহযোগিতার হাত সম্প্রসারিত করা। বিমানবাহিনীর প্রয়োজন শক্তিশালী অত্যাধুনিক রাডার ও ইনটিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম (গ্রাউন্ড টু এয়ার এবং এয়ার টু এয়ার মিসাইলসহ) এবং লিমিটেড অ্যাটাকিং এয়ারক্র্যাফটস ও ইন্টারসেপটার। সীমান্ত থেকে ঢাকা আক্রান্ত হওয়ার জন্য সময় লাগতে পারে মাত্র তিন থেকে পাঁচ মিনিট। তবে যেকোনো এয়ারবেইজ থেকে উড়োজাহাজ উড়ে এসে ঢাকা পর্যন্ত পৌঁছাতে আরও অনেক বেশি সময় লাগবে (নির্ভর করছে কোথা থেকে সেই উড়োজাহাজ উড়তে শুরু করেছে)।সেনাবাহিনীকে ক্ষিপ্রগতিতে প্রতিরক্ষাব্যূহ রচনা ছাড়াও রিভারাইন যুদ্ধ ও রিয়ার গার্ড (লিপ ফ্রগিংসহ) এবং শত্রুর ডিফেন্স লাইনের পশ্চাতে অপারেশনসহ কাউন্টার অ্যাটাক অ্যাকশনে পারদর্শী হতে হবে। শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। রেঞ্জারসসহ সব ধরনের প্যারা, কমান্ডো, ফ্রগম্যানশিপ, হেলিবোর্ন অপারেশনসহ অন্যান্য ট্রেনিংয়ে পরিদর্শিতা অর্জন করতে হবে। এর পাশাপাশি জনগণের সঙ্গে আত্মিক যোগাযোগ স্থাপন করতে হবে। জনগণকে প্রশিক্ষিত করে যুদ্ধের সময় তাকে যথাযথ জায়গায় মোতায়েন করার ক্ষমতা সেনাসদস্যদের থাকতে হবে। প্রতি ঘণ্টায় একটি নির্দিষ্ট এলাকায় আত্মরক্ষাব্যূহ রচনা করার জন্য ওই এলাকার সব সবল নাগরিককে পারদর্শিতা অর্জন করতে হবে। সফলতার সঙ্গে এ লক্ষ্য অর্জন বাস্তবায়ন করার জন্য অস্ত্রাগার ও গোলাবারুদের স্টোরহাউস আগে থেকে তৈরি করে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রাখতে হবে এবং দুর্যোগ মোকাবিলার জন্য সৃষ্ট শেল্টার ও স্কুল ভবন এবং দুর্গম এলাকায় আন্ডারগ্রাউন্ড শেল্টার সৃষ্টি করে অস্ত্র, গোলাবারুদ নিয়মিত রক্ষণাবেক্ষণ করে মজুদ রাখার বার্ষিক প্রশিক্ষণ জারি রাখা (তা না হলে গোলাবারুদ ও অস্ত্র সংশ্লিষ্ট সেনানিবাসে মজুদ থাকবে) জনগণকে নিয়মিত (বছরে অন্তত দুবার দুই থেকে চার সপ্তাহের একটি মহড়া প্রশিক্ষণে সুস্থ ও সবল সব নাগরিককে অবশ্যই অংশ নিতে হবে) প্রশিক্ষণ নিতে হবে। গুরুত্বপূর্ণ স্থাপনা গার্ড ও রক্ষা করারও প্রশিক্ষণ নিয়ে রাখতে হবে। আনসার ও ভিডিপি বর্তমানে ভিত্তিফৌজ হিসেবে এসব বিষয়ে প্রশিক্ষণ পাচ্ছে। তবে তা আরও উন্নত মানের করা।পুলিশসহ আনসার, ভিডিপি, বিএনসিসি ও বিডিআর—সর্বাবস্থায় দেশের প্রতিরক্ষাব্যূহ রচনার সেকেন্ড লাইন ডিফেন্স। সে জন্য বছরে একটি নির্দিষ্ট সময় তাদের প্রশিক্ষণের সঙ্গে সামরিক বাহিনীর প্রশিক্ষণ বা মহড়ার মধ্যে সমন্বয় (যোগাযোগব্যবস্থা, অস্ত্র এবং গোলাবারুদসহ) সাধন করা। সে ক্ষেত্রে একই ধরনের ক্ষুদ্রাস্ত্র ও গোলাবারুদের ওপর প্রশিক্ষণ প্রদান এবং অস্ত্র ও গোলাবারুদ সহজলভ্য হতে হবে। সময়মতো অস্ত্র ও গোলাবারুদ পাওয়ার মধ্যেই এ ধরনের ঝুঁকিপূর্ণ অথচ কম খরচের প্রতিরক্ষাব্যূহের সক্ষমতা ও সফলতা নির্ভর করে। দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি হিসেবে পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন ও অন্যান্য দুর্গম এলাকায় (এমনকি নৌকায়ও রিকশাসহ) হাইড আউট সৃষ্টি করে রাখতে হবে। বলা বাহুল্য, উপযুক্ত লোক নির্বাচন/রিক্রুট করা ও শক্ত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সশস্ত্র বাহিনীকে মনে রাখতে হবে যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। শান্তির সময় সশস্ত্র বাহিনীকে তার নিজস্ব পেশার মহড়া ও প্রশিক্ষণে সর্বদা ব্যস্ত রাখা প্রয়োজন। পিলখানায় সংঘটিত লোমহর্ষক হত্যাযজ্ঞ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঘরে ও বাইরের দুষ্ট চক্র বাংলাদেশের প্রতিরক্ষাব্যবস্থাকে দুর্বল করার চেষ্টায় সদা সচেষ্ট। সশস্ত্র বাহিনীকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল আস্থা ও শ্রদ্ধাশীল থাকতে হবে। তারা রাজনৈতিক কোনো দর্শনচর্চা বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মোটেও সম্পৃক্ত থাকতে পারবে না। প্রচলিত সেনা আইনে এ বিষয়ে সুস্পষ্ট ধারা বা বিধি আছে। সেই ধারা বা বিধি মেনে চলে সবাইকে এ বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তোলা প্রয়োজন। তাই নীতিনির্ধারকদের উচিত হবে সব সময়ই সশস্ত্র বাহিনীকে রাজনীতি থেকে বাইরে রাখা। গড়ে তুলতে হবে ঐতিহ্যবাহী মূল্যবোধের ভিত্তিতে বৈষয়িক বিষয়ে নির্লিপ্ত, রাজনীতিবিবর্জিত, আকারে ছোট কিন্তু ক্ষিপ্রগতিসম্পন্ন পেশাজীবী চৌকস সশস্ত্র বাহিনী।সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীকে রাইফেল, এলএমজি, স্টেনগান, রকেট লঞ্চার, মর্টার (তিন ইঞ্চিসহ), মিসাইল ও সমজাতীয় অস্ত্র ও গোলাবারুদ তৈরিতে স্বাবলম্বী হতে হবে। সব অস্ত্রশস্ত্র হালকা ওজনের ও আকারে ছোট হওয়া বাঞ্ছনীয়। ইউনিফর্ম, বুট ও অন্যান্য কিটসহ তিন টনি ট্রাক তৈরিতে স্বাবলম্বী হতে হবে। ডকইয়ার্ড, শিপ বিল্ডিংয়ে স্বাবলম্বী হতে হবে। তবে প্রাথমিক পর্যায়ে ফায়ারিং মেকানিজম স্থাপন হয়তো বিদেশ থেকে করাতে হবে। হেলিকপ্টার ও এয়ারক্র্যাফটস মেইনটেন্যান্সে স্বাবলম্বী হতে হবে। এমনকি লোকসান কিংবা প্রয়োজনীয় ভর্তুকি দিয়ে হলেও এসব সামরিক সাজসরঞ্জাম তৈরিতে স্বাবলম্বী হতে হবে। উন্নত মানের সুচিকিৎসা ও বিশ্বমানের হাসপাতাল গড়ে তুলতে হবে। অভ্যন্তরীণ রাস্তাঘাটের ওপর নির্মিত ব্রিজগুলো ৪০ টন এবং ততোধিক ওজন বহন করার মতো ক্ষমতাসম্পন্ন হতে হবে। তবে সীমান্ত অঞ্চল থেকে আসা অভ্যন্তরীণ রুটের রাস্তাঘাট ফেরি দিয়ে এসব সামরিক সরজ্ঞাম পারাপারের বন্দোবস্ত থাকা বাঞ্ছনীয়। শান্তির সময় সাধারণ জনগণ দিয়ে গঠিত জনবাহিনী ও প্রশিক্ষণপ্রাপ্ত নিয়মিত বাহিনীর মধ্যে সমন্বয় করে আক্রান্তকালে সময়সূচি অনুযায়ী প্রতি ঘণ্টায় আঞ্চলিক ব্যূহ রচনা করতে পারঙ্গম করে তোলা অত্যন্ত দুরূহ কাজ এবং ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৫০ লাখ জনবাহিনী সদস্যকে সশস্ত্র বাহিনীর অধীনে যুদ্ধের ময়দানে নিজ নিজি চিহ্নিত জায়গায় (উইড্রল করে যে জায়গায় অবস্থান নেবে, সেটাও আগে চিহ্নিত থাকতে হবে) অবস্থান নিয়ে মোবাইল ওয়ারফেয়ারকে সামনে রেখে তিন স্তরবিশিষ্ট আত্মরক্ষামূলক ব্যূহ রচনা করতে হবে। এর জন্য প্রয়োজন নিয়মিত নিবিড় প্রশিক্ষণ, সমন্বয় ও আত্মিক যোগাযোগ। জনগণকে যথাযথ সম্মান করবে সশস্ত্র বাহিনী এবং তারা হবে জনগণের ভালোবাসার ধন , তবেই দ্রুত ব্যূহ রচনা করতে সে সমর্থ হবে। নদীপথে যুদ্ধ চালিয়ে যাওয়া বা নদীপথে পশ্চাদপসরণ করা খুবই ঝুঁকিপূর্ণ ও ঝামেলাপূর্ণ যুদ্ধপ্রণালি, একে শুধু আয়ত্ত করা নয়, রীতিমতো আত্মস্থ করতে হবে। নৌকার মাঝি, সমুদ্রগামী ট্রলারচালক এমনকি রিকশাচালক, সীমান্ত এলাকায় যারা মালামাল এপার-ওপার করতে অভ্যস্ত সব অধিবাসী ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা আদিবাসীসহ সবাইকে নিবিড় প্রশিক্ষণ দিতে হবে। শত্রুকে বুঝিয়ে দিতে হবে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ মানে শুধু সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নয়, বরং ১৫ কোটি বাংলাদেশির বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে। প্রতিটি ঘর একেকটি দুর্গ বৈকি, যা জয় করতে শত্রুকে প্রতি পদে রক্ত ঝরাতে হবে। তবেই সার্বভৌমত্ব অটুট থাকবে।যোগাযোগ, নৌপরিবহন, রেলসহ শিল্প ও উৎপাদনসংক্রান্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সিভিল এভিয়েশন, সার্ভে অব বাংলাদেশ এবং দুর্যোগ মোকাবিলা মন্ত্রণালয় ও ফায়ার ব্রিগেড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সাধন করে প্রতিরক্ষাব্যূহ রচনায় সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করবে। তিন বাহিনীসহ বিডিআর, আনসার, ভিডিপি ও জনগণ কর্তৃক সৃষ্ট জনবাহিনী বছরে একবার এককভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে সামরিক মহড়ায় অংশগ্রহণ করে প্রতিরক্ষাসংক্রান্ত বিষয়ে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবে।২.স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রতিরক্ষানীতি খুব স্পষ্টভাবে ব্যক্ত হয়নি বা আলোচিত হয়নি। অথচ এর প্রয়োজনীয়তা সমধিক। স্বচ্ছ ধারণার অভাবে কোনো সরকারই সঠিক কোনো নীতি প্রণয়ন করতে পেরেছে বলে মনে হয় না। বরং বাস্তবে দেখা গেছে, প্রতিটি সরকারই কেউ স্বজ্ঞানে, কেউ বা অজান্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ক্রমাগত খাটো করে ফেলেছে। নিয়ন্ত্রণের নামে নানা ধরনের অ্যাডহক হেড কোয়ার্টার বা পদবি সৃষ্টি করে কমান্ড স্ট্রাকচারকে দূষিত করে ফেলা হয়েছে।১৯৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর জিয়ার আমলে সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ঘটে ত্বরিতগতিতে। কিন্তু একই সঙ্গে হঠাৎ করে সুপ্রিম কমান্ডারস হেড কোয়ার্টার্স সৃষ্টি করা হলো এবং পরবর্তীকালে তা প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগ হিসেবে মোটামুটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যাবলি ভাগাভাগি করে সম্পন্ন করে দ্বৈত কমান্ড সৃষ্টি করে ফেলে। ফলে প্রতিরক্ষাসচিব হয়ে পড়েন বেকার। বাহিনীপ্রধান বিশেষ করে সেনাপ্রধানকে ক্ষেত্রবিশেষে তাঁর অধস্তন কর্মকর্তার কার্যালয়ের তথা সশস্ত্র বাহিনী বিভাগের পিএসওএর মাধ্যমে তাঁর দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। এই কার্যপ্রণালি আইনের দৃষ্টিকোণ থেকে একেবারেই অবাঞ্ছিত। এই প্রণালি সশস্ত্র বাহিনীকে তাঁবেদারি করতে উৎসাহিত করে। ফলে ভেতরে ভেতরে সহজেই রাজনীতির অনুপ্রবেশ ঘটে, যা কোনো অবস্থাতেই কাম্য নয়। অন্যদিকে সশস্ত্র বাহিনীর পদবি সৃষ্টি হয় কমান্ড স্তরের ওপর। সেনাপ্রধান যেখানে চার তারকা জেনারেল, সেখানে উপ-সেনাপ্রধান লে. জেনারেল হতে পারেন কিন্তু কোনো কমান্ড ছাড়াই অন্য লে. জেনারেল পদ সৃষ্টি কেমন করে সম্ভব? সৈন্যসংখ্যার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে তিনটি কোর সৃষ্টি করা তেমন কোনো ব্যাপার নয়। কোর কমান্ডারের পদ সৃষ্টির পরই অন্যান্য লে. জেনারেল পদ সৃষ্টি করা সমীচীন হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথা সরকারের দৈনন্দিন কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা রুল অব বিজনেসে খুব পরিষ্কারভাবে এবং সুবিন্যস্তভাবে লিখিত আছে, যা সুশাসন সৃষ্টিতে একটি দলিলবিশেষ। একে অনুসরণ করে নিজস্ব চিন্তা ও চেতনায় করপোরেট কালচারকে আরও উন্নত করার মধ্যেই সুশাসন নিশ্চিত করা যাবে। অ্যাডহক পদ বা পদবি দিয়ে সশস্ত্র বাহিনী তো নয়ই, এমনকি সরকারের কোনো বাহিনীকেই (সরকারের অঙ্গপ্রতিষ্ঠানসহ) কমান্ড করা সম্ভব নয়। কারণ বিধিবহির্ভূত এ ধরনের কার্যক্রম এক্সট্রা কনস্টিটিউশনাল কার্যক্রমের জন্ম দেয় বা উৎসাহিত করে। সৃষ্টি করে গোঁজামিলের মহাসমারোহ। আইন করে যেমন মার্শাল ল বন্ধ করা সম্ভব নয়, (বস্তুত মিলিটারি আইনে মিউটিনি একটি স্বয়ংসম্পূর্ণ আইন/বিধি/ধারা, যার মাধ্যমে এসব অবাঞ্ছিত কার্যক্রমের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া সহজতর। এমনকি পেনাল কোডেও সামরিক সদস্যকে উসকিয়ে দিয়ে অবাঞ্ছিত কোনো ঘটনা সংঘটিত করলে তা সুস্পষ্ট অপরাধ বলে গণ্য করা হয়।) তেমনি বিধিবহির্ভূত কমান্ড স্ট্রাকচার দিয়ে সেনাপ্রধানকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। সেনাপ্রধান প্রতিরক্ষা মন্ত্রণালয় তথা প্রতিরক্ষাসচিবের অধীনে চাকরিরত অবস্থায় তাঁর অপারেশনাল দায়িত্ব পালন করবেন, ব্যর্থ হলে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে (কেবিনেট/প্রধানমন্ত্রীর মতামত নিয়ে) অন্য কোনো যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবেন। এ কার্যপ্রণালির বাইরে তথাকথিত আস্থাভাজন ব্যক্তিবিশেষের পরামর্শে ঐতিহ্যবাহী চ্যানেলকে উপেক্ষা করে কিছু করতে গেলে তা প্রকারান্তরে শৃঙ্খলার বরখেলাপ হবে এবং করা হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে নৈতিকতার দৃষ্টিকোণ থেকে তিন বাহিনীকে কমান্ড (বাজেট বরাদ্দসহ) করা দুরূহ হবে। বরং সর্বস্তরে জন্ম নেবে তাঁবেদারি প্রথা। সে ক্ষেত্রে বাংলাদেশ প্রতিরক্ষাব্যূহ রচনার ক্ষেত্রে খেই হারিয়ে দুর্বল হয়ে পড়বে, যা একেবারেই কাম্য নয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্যই একজন কেবিনেট পদমর্যাদাসম্পন্ন মন্ত্রী দিয়ে পরিচালিত হওয়া বাঞ্ছনীয়। ১৯১১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে সেনা, নৌ ও বিমানবাহিনী অ্যাক্ট (রিজার্ভসহ) অনুমোদিত হয়েছিল। স্বাধীনতার পর আজ পর্যন্ত ভারত এই অনুমোদিত অ্যাক্টসমূহের মৌলিক বিষয়াদির দাঁড়ি-কমা পর্যন্ত অটুট রাখতে সদা সচেতন রয়েছে। অথচ আমরা অর্বাচীনের মতো এখানে-ওখানে পরিবর্তন এনে মৌলিক চরিত্রের রূপ বদলিয়ে মনুষ্য সৃষ্ট সব অসংলগ্নতা সৃষ্টি করে বেড়াচ্ছি। যেমন জিয়ার আমল থেকে এসপিকে ডিসির সমান করে সমগ্র বেসামরিক প্রশাসনে বেসামাল বিশৃঙ্খলা সৃষ্টিতে আমরা কামিয়াব হয়েছি; তেমনই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে আমরা সফলতার সঙ্গে নির্জীব করে ফেলতে পেরেছি। অথচ প্রতিরক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি সজীব ও প্রাণবন্ত হতে হবে। বস্তুত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঐতিহ্যবাহী কমান্ড চ্যানেল অক্ষুণ্ন রেখে তারই অধীনে থেকে তিন বাহিনী তাদের অপারেশনাল দায়িত্ব সুচারুরূপে পালন করবে। দৈনন্দিন কার্যক্রম সম্পাদনকালে যেখানে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন, সেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় ফাইল প্রসেস করে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে যথাযথ আদেশ জারি করবে। তবে পেন্টাগনের মতো প্রতিরক্ষা মন্ত্রণালয় সচিবের অধীনে চাকরিরত সামরিক অফিসার দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদ পূরণ করা যায় (প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে)। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তিনজন যুগ্ম সচিব থাকার কথা। তিনজনের মধ্যে অন্তত একজন যুগ্ম সচিব সামরিক বাহিনী থেকে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল বা সমপর্যায়ে অফিসার হওয়া বাঞ্ছনীয়। ডেপুটি সেক্রেটারি পদে ৩৩ শতাংশ লে. কর্নেল পদের চাকরিরত সামরিক অফিসার এবং সহকারী সচিব পদে ৩৩ শতাংশ সামরিক বাহিনীতে চাকরিরত সামরিক ও বেসামরিক বা অবসরপ্রাপ্ত অফিসার দিয়ে পূরণ করা যায়। তিনজন মেজর জেনারেল র্যাংকের সামরিক বাহিনীর চাকরিরত/সদ্য অবসরপ্রাপ্ত অফিসার থিংক ট্যাংক সেলের সদস্য হিসেবে অন্যান্য সমর বিজ্ঞানী ও বিশেষজ্ঞের সঙ্গে মন্ত্রণালয়ে কর্মরত অথবা সংযুক্ত থাকতে পারে। মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্ট অফিসার হবেন মন্ত্রণালয়ের সচিব। আবহাওয়া, স্পার্সো, সার্ভে অব বাংলাদেশের মতো সিভিল এভিয়েশন ও মুক্তিযুদ্ধবিষয়ক কার্যাবলি আগের মতো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা বাঞ্ছনীয়। ডিফেন্স সায়েন্স অর্গানাইজেশন পুনরুজ্জীবিত করা প্রয়োজন। সেনানিবাসের ধারণক্ষমতার ওপর নির্ভর করে ইউনিট লাইন, প্রশিক্ষণ এলাকা, আর্টিলারি গান ডিপ্লোমেন্টসহ এবং খেলার মাঠ সংরক্ষিত রেখে মাস্টারপ্ল্যান তৈরি করার পরই উন্নয়ন কার্যক্রম শুরু করতে হবে। ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা নয়, এমইএস রেগুলেশন, ডিজিডিপির ক্রয় ধারাসমূহ, ক্যান্টনমেন্ট অ্যাক্ট ১৯২৪-এর ধারাসমূহকে প্রাধান্য দিয়ে অনুমোদিত বরাদ্দকৃত বাজেট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে উন্নয়ন ও ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করা প্রয়োজন। এসব বিধিবিধান ও মূল্যবোধ শতাব্দী-পুরোনো ও ফুল প্রুফ বলে বিবেচিত এবং তা অগ্রাহ্য করে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ন করা উচিত হবে না। অন্যদিকে শান্তির সময় বিধিবিধান মেনে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে পারলেই প্রতিরক্ষানীতি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিস্থাপন করা সম্ভব হবে।  মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী: সাবেক সেনা কর্মকর্তা ও রাষ্ট্রদূত