প্রতিরোধ করে বন্দুকযুদ্ধে মারা গেলেন লাদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সরাসরি টেলিভিশন ভাষণে নিশ্চিত করেছেন যে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন গতকাল রোববার পাকিস্তানে এক মার্কিন অভিযানে নিহত হয়েছেন। তবে কীভাবে বিন লাদেনকে হত্যা করা হয়, সে ব্যাপারে তিনি ভাষণে বিস্তারিত উল্লেখ করেননি। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন ওবামা প্রশাসন ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে কীভাবে বিন লাদেন মার্কিন অভিযানে নিহত হন তা জানিয়েছে।ওবামা প্রশাসনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ১০০ কিলোমিটার উত্তরে এবোটাবাদ এলাকায় একটি বাড়িতে মার্কিন অভিযানে অন্য সদস্যসহ বিন লাদেন নিহত হন। ওই কর্মকর্তা আরও জানান, অভিযানের সময় বিন লাদেন প্রতিরোধ করেন এবং একপর্যায়ে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযানের সময় ঘটনাস্থলে আইএসআইর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে বিন লাদেন কার গুলিতে নিহত হয়েছেন তা তিনি বলতে পারেননি। তিনি আরও জানান, বিন লাদেন নিজেকে রক্ষায় মানব-বর্ম তৈরি করে রেখেছিলেন। মানব-বর্মে থাকা একজন নারীসহ তিনজন নিহত হন। ওবামা প্রশাসনের শীর্ষ একজন কর্মকর্তা জানান, কম্পাউন্ডটিতে মার্কিন দল ৪০ মিনিট ছিল। অভিযানের সময় কোনো মার্কিনি ও বেসামরিক হতাহত হননি। তবে অভিযানে থাকা একটি মার্কিন হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে। নিরাপত্তার জন্য সেটি ধ্বংস করে ফেলা হয়।ওই কর্মকর্তা আরও জানান, নিরাপত্তার জন্য ওবামা প্রশাসন বিন লাদেন-সম্পর্কিত গোয়েন্দা তথ্য পাকিস্তানসহ অন্য কোনো দেশকে জানায়নি। মার্কিন সরকারের কেবল কয়েকজন কর্মকর্তা অভিযানের সম্পর্কে জানতেন। আরেক কর্মকর্তা জানান, ছোট একটি মার্কিন দল অভিযানে জড়িত ছিল। তবে তিনি মার্কিন সামরিক বাহিনীর সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তবে ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, মার্কিন নৌবাহিনী অভিযানে জড়িত ছিল।