প্রতিরোধ গড়তে নেতাকর্মীদের প্রতি খোকার আহ্বান
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেড় শতাধিক মানুষকে পিটিয়ে, গুলি করে, ছাদ থেকে ফেলে বর্বরভাবে হত্যা করেছে। এটাকে ১৮ দলের পক্ষ থেকে ‘গণহত্যা’ বলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে খোকা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেন, ভবিষ্যতে এ রকম ঘটনার জন্য গণমানুষের পক্ষ থেকে কেবল নিন্দা জানানো হবে না, এ ধরনের আক্রমণের কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানবতাবিরোধী অপরাধী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত লোকজনের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন। সেখানে এসব কথা বলেন বিএনপির নেতা সাদেক হোসেন খোকা।বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেন, গণতন্ত্র ধ্বংস হতে পারে এমন কর্মকাণ্ড কাউকে করতে দেওয়া হবে না। জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জামায়াতের নেতা শফিকুল ইসলাম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন।