প্রতিরোধযোগ্য সংক্রমণেই মারা যায় অধিকাংশ শিশু
বিশ্বের বেশির ভাগ শিশু প্রধানত এমন সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যায়, যা প্রতিরোধ করা সম্ভব। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের একটি গবেষক দল এক সমীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়ার কথা দাবি করেন। তাদের এ সমীক্ষা-বিষয়ক প্রতিবেদন বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হয়।এ সমীক্ষা চালাতে গিয়ে বিজ্ঞানীরা ২০১০ সাল থেকে শিশুমৃত্যুর হার নিয়ে তথ্য বিশ্লেষণ করেন। এতে ১৯৩টি দেশে পরিবার-ভিত্তিক জরিপ চালানো হয়। একজন বিশেষজ্ঞের মতে, এ ধরনের তথ্য থেকে এমন ফলাফল বের করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণার ফল অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সে মারা গেছে—এমন ৭৬ লাখ শিশুর মধ্যে দুই-তৃতীয়াংশের সংক্রমণে মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শিশু মারা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে।ওই গবেষণার বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ২০০০ সাল থেকে শিশুমৃত্যু প্রায় ২০ লাখ কমেছে। এ সময়ে শিশুমৃত্যু কমে আসার বড় কারণ ডায়রিয়া ও হামজনিত কারণে মৃত্যুর হার কমে যাওয়া। এই দুটি রোগে শিশুমৃত্যুর হার কমলেও এটি এখনো বিপজ্জনক। গবেষণা বলা হয়েছে, শিশুমৃত্যুর অর্ধেকই ঘটেছে আফ্রিকায়। এসব শিশুমৃত্যুর দুই-তৃতীয়াংশের কারণ ছিল ম্যালেরিয়া, এইডসসহ নানা সংক্রমণজনিত রোগ। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় শিশুমৃত্যুর প্রধান কারণ অপরিণত বয়সে জন্ম। পাঁচ বছরের কম বয়সে মারা যাওয়া শিশুদের অর্ধেকই ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো ও চীন—এই পাঁচটি দেশের।