প্রতিশোধ নিতে মামুন হত্যা!
মাঈনুল আলম ও মাঈনুদ্দীন সবে ভর্তি হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সাইফুল হাসান এখনো স্কুলের গণ্ডি পেরোয়নি। মেহেদি হাসান সদ্য সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দিয়েছেন, পোস্টিং হয়নি। জীবনের সব সম্ভাবনাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে এই চার তরুণ বন্ধু রাজু আহম্মেদের স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে পিস্তল, ককটেল, চাপাতি হাতে হত্যাকাণ্ডে অংশ নেন। দিনদুপুরে গুলি ও বোমা মেরে খুন করেন বাড্ডার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন হোসেনকে।গতকাল বুধবার রাতে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মামুন হত্যা মামলায় আটক ছয়জনকে হাজির করা হলে তাঁরা গা শিউরে ওঠা বর্ণনা দেন। গত ২৯ ডিসেম্বর সকালে বাড্ডার আনন্দনগরে প্রকাশ্যে গুলি ও ককটেল মেরে হত্যা করা হয়। এ ঘটনার পর নিহতের পরিবারের সদস্যরা বালু উত্তোলন ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করে। মামলায় আসামি করা হয় ২৩ জনকে। কিন্তু র্যাব মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি রাজুকে গ্রেপ্তারের পর ঘটনার মোড় ঘুরে যায়। এরপর গতকাল সকালে ঢাকা ও নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় আরও পাঁচজনকে। এর মধ্যে হত্যাকাণ্ডের সমন্বয়কারী নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিক আহম্মেদ আনন্দকে গতকাল সকালে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং থেকে আটক করা হয়।র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক এম সোহায়েল বলেন, র্যাবের কাছেও বিষয়টি অবিশ্বাস্য ঠেকেছে। কিন্তু পরে রাজুর স্ত্রীকে ডেকে আনা হলে রাজুর বক্তব্যের সঙ্গে তাঁর বক্তব্যের মিল পাওয়া যায়। গ্রেপ্তার রাজু সাংবাদিকদের কাছে দাবি করেন, সাড়ে চার বছর আগে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন নিহত মামুন হোসেনসহ পাঁচজন। মামুন তাঁর স্ত্রীর পক্ষের আত্মীয়ও। বাড্ডায় থাকার সময় মামুনের ডাকে বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচিতেও যোগ দিয়েছেন তিনি। রাজু বলেন, ‘হ্যারা খুব পাওয়ারফুল। জানি, পুলিশের কাছে গিয়া বিচার পামু না, তাই মামলা করি নাই। তখনই ঠিক করি এগোরে আমি মারুমই। কিন্তু ভাই পারলাম না। একজনরে মারতে গিয়াই তো ধরা পড়লাম।’বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাজু বলেন, ‘যখন আনন্দ ভাইরে ঘটনা কইলাম তহন উনি শুইনা আমারে হেল্প করতে চাইলেন। আমি দুই বছর আগেই একটা পিস্তল জোগাড় করছিলাম। বাকি দুইডা আর বোমা উনি (আনন্দ) জোগাড় করেন।’আনন্দ বলেন, ‘নরসিংদী থেকে মাঈনুল ও মাঈনুদ্দীনকে দিয়ে দুটি পিস্তল ও কিছু গান পাউডার আনান তিনি। পাউডার দিয়ে ককটেল বানানো হয়। ঘটনার আগের রাতে উত্তরার একটি বাসায় সবাই ছিলেন। সকালে উঠে তিনি ছাড়া পাঁচজন মিলে মামুনকে মারতে যায়। তিনি মূল রাস্তায় সিএনজি অটোরিকশা ভাড়া করে দাঁড়িয়ে ছিলেন। খুনের পর সেটাতে উঠে সবাই পালায়।’বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র মাঈনুল বলেন, ‘আমাকে রাজু ভাই একটি পিস্তল দিয়ে তাঁকে কাভার দিতে বলেন। রাজু ভাইকে দেখেই মামুন দৌড় দেয়। রাজু ভাই গুলি করে। কিন্তু গুলি ড্যাম ছিল, ফোটেনি। এরপর আমাদের দুজন ককটেল চার্জ করে। মামুন দৌড়ে একটা দোকানে ঢোকে। রাজু ভাই সেখানে গিয়ে কাছে থেকে মামুনকে কয়েকটা গুলি করে। এরপর আরও একটি ককটেল চার্জ করা হয়। পরে পালানোর সময় আমিও একটা ফাঁকা গুলি করি। কিন্তু ফোটেনি।’র্যাব সদর দপ্তরে উপস্থিত নিহত মামুনের ভাই মোহাম্মদ বাপ্পী বলেন, রাজু বিভিন্ন সময় মামুনকে হুমকি দিত। মামলায় রাজুর বন্ধুদের মধ্যে পলাশকে (আটক মেহেদি হাসান) আসামি করা হয়।