প্রতিশোধ নেওয়ার আশায় বেঁচে আছি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচনে কেউ নির্বাচনে আসুক আর না আসুক তাঁর দল নির্বাচনে অংশ নেবে।’ তিনি বলেন, ‘জীবন থাকুক আর মৃত্যু হোক, সে নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই অংশ নেবে।’আজ মঙ্গলবার জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এরশাদ এ কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এরশাদ বলেন, এখন জাতীয় পার্টি এককভাবে পথচলার শক্তি অর্জন করেছে। আর কারও সঙ্গে হাত মেলানোর প্রয়োজন পড়ে না। নব্বইয়ের পর তিন বছর নিঃসঙ্গ কারাবাস কাটিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তিনি প্রতিশোধ নেওয়ার আশায় বেঁচে আছেন। আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মধ্য দিয়েই সেই প্রতিশোধ নেওয়া হবে।তাঁর শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদসহ (ডাকসু) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচন হয়েছিল উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমি স্বৈরাচার চলে যাওয়ার পর গণতন্ত্র এসেছে, কই একটা ডাকসু নির্বাচনও তো হয়নি।’ তিনি বলেন, অনেকে মনে করেন, নব্বইয়ে ছাত্রসমাজ বিলুপ্ত ঘোষণা না করলে তাঁকে ক্ষমতা ছাড়তে হতো না। তিনি বলেন, তিনি ক্ষমতা নয়, জাতীয় ও ছাত্রদের স্বার্থ বিবেচনা করে সেদিন ছাত্রসমাজ বিলুপ্ত করেছিলেন।আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, কাজী ফিরোজ রশীদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন ছাত্রসমাজের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান।