প্রতিশোধের কথা ভাবছেন না এরিকসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপে পর্তুগালের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সভেন গোরান এরিকসনের ইংল্যান্ডকে। তার দুই বছর আগে ইংল্যান্ডের কোচ থাকাকালীনই এই দলটির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপের স্বপ্ন শেষ হয়েছিল। এরিকসন এখন ইংল্যান্ড দল ছেড়ে আইভরিকোস্টের দায়িত্ব নিয়েছেন। তবে পিছু ছাড়েনি ‘শত্রু’ পর্তুগাল। আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে এই পর্তুগালের গ্রুপেই রয়েছে আইভরিকোস্ট। তাও আবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই! এরিকসনের সামনে তাই ২০০৬-এর বিশ্বকাপের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। তবে এরিকসন জানিয়েছেন, কোনো প্রতিশোধের কথা ভাবছেন না তিনি। ইংল্যান্ডের কোচ থাকাকালীন দিনগুলোও মাথায় আনতে চান না তিনি। ‘গ্রুপ অব ডেথ’ বলে খ্যাত এই গ্রুপে পর্তুগাল ছাড়া আইভরিকোস্টের অন্য দুই প্রতিপক্ষ ব্রাজিল ও উত্তর কোরিয়া। এরিকসনের দৃষ্টিতে, গ্রুপে এক নম্বর অবস্থানে আছে ব্রাজিল। দুই নম্বরে তাঁর দল আইভরিকোস্ট বা পর্তুগাল। সবার নিচে উত্তর কোরিয়া। এরিকসন বলছেন, ‘প্রথম ম্যাচটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে প্রতিশোধে কোনো বিষয় এখানে নেই। আসলে আমরা জয় দিয়ে শুরু করতে চাই। আর এটাই গুরুত্বপূর্ণ।’বিশ্বকাপে নিজেদের প্রত্যাশাও জানিয়ে রেখেছেন এরিকসন। ৬২ বছর বয়সী এ কোচ বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া। এ পর্যন্ত যেতে পারলে এটাই আফ্রিকার দল আইভরিকোস্টের জন্য ভালো সাফল্য বলা যাবে।’