প্রতিশোধের জয়, স্বস্তির জয়
হার্টের রোগীদের এই ম্যাচ দেখতে নির্ঘাত বারণ করে দিতেন ডাক্তার। দুর্বলচিত্তদের জন্যও এই ম্যাচ নৈবচ নৈবচ। এ তো ক্রিকেট ম্যাচ নয়, স্নায়ুতন্ত্রের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়া। ক্ষণে ক্ষণে রং বদলাল খেলা। দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তার মতো বাঁক নিল এদিক-ওদিক। সবকিছুর শেষে টাইগার হিলের সূর্যোদয়। বাংলাদেশের জয়। যে জয়ের অন্য নাম প্রতিশোধ!বারবাডোজের প্রতিশোধ। নটিংহামের প্রতিশোধ। গ্যালারিতে এক দর্শকের প্ল্যাকার্ডে কত দিনের অপেক্ষা, সেটিরও উল্লেখ থাকল। নটিংহাম ছিল টি-টোয়েন্টি। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের অপেক্ষায় থাকাই ভালো। ৫০ ওভারের বিশ্বকাপে বারবাডোজের প্রতিশোধটা আপাতত নেওয়া হলো। তিন বছর ১০ মাস ধরে বয়ে বেড়ানো জ্বালাটা জুড়াল বাংলাদেশ।টিভি ক্যামেরা গ্যালারিতে দর্শকের হাতে ওই প্ল্যাকার্ডটা ধরল খেলার অন্তিম লগ্নে। এর আগে কোত্থেকে ধরবে! ওটা যে প্রকাশ্য হওয়ার সাহসই পায়নি এর আগে। এই ম্যাচ ৯৪.২ ওভার ধরে অস্থিরমতি ঘূর্ণি হাওয়ার মতো ঘুরে বেড়াতে বেড়াতে কখনো বাংলাদেশের দিকে তাকিয়ে হাসল, কখনো বা আয়ারল্যান্ডের দিকে। শেষ পর্যন্ত বেছে নিল বাংলাদেশকে। জয়ের আনন্দ থাকল। নিভল প্রতিশোধের আগুন। তবে সবকিছুর পর বাংলাদেশকে যে অনুভূতিতে ভাসিয়ে নিয়ে গেল, সেটির নাম স্বস্তি।শুধু একটা জয়-পরাজয় ছাপিয়ে এই ম্যাচ যে এর চেয়েও অনেক বড় তাৎপর্যবাহী হয়ে উঠেছিল। এই ম্যাচে হারলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন হাওয়ায় মিলিয়ে যেত। চার ম্যাচ বাকি থাকতেই আসলে শেষ হয়ে যেত বাংলাদেশের বিশ্বকাপ।টস জিতে ব্যাটিং করতে নেমে মাত্র ২০৫ রান সেই ভয়ের কাঁপুনিই ছড়িয়ে দিয়েছিল সারা দেশে। সেই ২০৫ কে আরও ছোট মনে হলো বাংলাদেশের ইনিংস আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ায়। স্কোরকার্ডও যেটি বোঝাতে অসমর্থ। সেখানে কোনো ফিফটি নেই। চল্লিশের ঘরে একটা স্কোর, প্রায় চল্লিশ দুটি, একটি ২৯। ২০৫-এর স্কোরকার্ড তো এমনই হবে। তা হবে। কিন্তু শুরুটা মনে রাখলে, এ তো উচ্ছ্বাসে ভেসে যেতে যেতে হতাশার সাগরে ডুবে যাওয়া। শুরুটা ছিল ঝড়। বাকিটা ঝড়ের পর বিধ্বস্ত জনপদ। ৫ ওভারে ৪৯, তামিমের ব্যাটে ঝলসে উঠছে বিদ্যুৎ। তামিমকে স্বরূপে দেখে ইমরুল আবার সেই পরিচিত ভূমিকায়। একেকটা চার হচ্ছে আর প্রেসবক্স ‘তিন শ হবেই’ ধরে নিয়ে মেতে উঠছে সাড়ে তিন শ সম্ভব কি না, এই আলোচনায়। ৪ উইকেটে ৮৬ সেই আলোচনা থামিয়ে দিল খুব তাড়াতাড়িই। বাংলাদেশের ব্যাটসম্যানরাও বোধ হয় চোখের সামনে তিন শ-টিন শ দেখছিলেন। স্লো-লো উইকেটে আইরিশ বোলারদের গতির বৈচিত্র্যের চেয়ে সেটিই বোধ হয় বেশি ভূমিকা রাখল বিপর্যয়ে। শেষ পর্যন্ত তামিমের ৪৪-ই ইনিংসের সর্বোচ্চ। সর্বোচ্চ জুটি পঞ্চম উইকেটে মুশফিকুর ও রকিবুলের ৬১ রান।বাংলাদেশ ব্যাটিং শুরু করার সময় ২০৫ ভাবেনি, বোলিং শুরু করার সময় আয়ারল্যান্ডও না। ২০৫ রানের পুঁজি নিয়ে কীভাবে জিতবে বাংলাদেশ? কে জেতাবে? স্কোরকার্ড বলবে শফিউল ইসলামের নাম। আগের ম্যাচেই বীরেন্দর শেবাগের হাতে রীতিমতো নিগৃহীত হয়েছেন। অনুশীলনে কাঁধে পাওয়া চোটের কারণে আগের রাতেও অনিশ্চিত ছিল তাঁর খেলা। কাল সকালেও তো শফিউল খেলবেন কি খেলবেন না, নিশ্চিত বলতে পারছিলেন না কেউই। সেই শফিউল খেললেন এবং কবর দিয়ে ফেললেন আগের ম্যাচের দুঃস্বপ্নকে। প্রথম দুই স্পেলে এক ওভার করে করেছেন। তৃতীয় স্পেল করতে যখন ফিরলেন, ম্যাচ দুলছে পেন্ডুলামের মতো। আয়ারল্যান্ড ৫ উইকেটে ১৪৪। ৯৬ বলে চাই ৬২ রান, ওরাই কি একটু এগিয়ে?স্পিন-স্পিন করে এত চিৎকার, এক পেসারই করলেন আসল কাজটা। শফিউলই শেষ করলেন ম্যাচ। ৬ ওভারের শেষ স্পেলে ১০ রান দিয়ে ৪ উইকেট। তার পরও যে শফিউল ম্যান অব দ্য ম্যাচ নন, এটাকে বলতে হচ্ছে চমকে ভরা এই ম্যাচের শেষ চমক।ম্যাচ-সেরার ট্রফি হাতে তামিম ইকবালকেও কি একটু বিস্মিত দেখাল! ৪৩ বলে ৪৪ রানের এই স্বীকৃতি প্রাপ্য নয়। তাহলে কি দুর্দান্ত ওই ক্যাচটা পেয়ে গেল ম্যাচের নির্ধারকের স্বীকৃতি? পেতেই পারে। বাংলাদেশের উৎসব মাটি করে দেওয়ার হুমকি দেওয়া নিয়াল ও’ব্রায়েন আসলেই যে সেই পথে এগোচ্ছিলেন। এই জয়ে ডিপ মিড উইকেট থেকে অনেকটা দৌড়ে সামনে ডাইভ দিয়ে নেওয়া ওই ক্যাচটিরও অবদান আছে।২০৫ রান পুুঁজি করে জিততে হলে অবদান আসলে অনেকেরই লাগে। মাত্র তিন ওভার বোলিং করা রুবেলকে বাদ দিলে সেটি রাখলেন বাকি সব বোলারই। কী আশ্চর্য, মোহাম্মদ আশরাফুলও! ব্যাটিংয়ে আবারও উপহার দিয়েছেন হতাশা। মেঘের আড়াল থেকে স্বমহিমায় বেরিয়ে আসার জন্য মঞ্চ ছিল প্রস্তুত। সাত নম্বরে ব্যাটিং করতে নেমেছেন। স্কোর ৫ উইকেটে ১৪৭। সাড়ে ১৬ ওভার তখনো বাকি। কোথায় বিশ্বকাপের থিম সং ‘দে ঘুরিয়ে’ গাইতে গাইতে সব সমালোচনার জবাব দেবেন, তা না, করলেন মাত্র ১ রান। আউটের চেয়ে আউট হওয়ার ধরনই সব সময় বড় হয়ে থাকে আশরাফুলের ব্যাটিংয়ে। কালও থাকল। এবার ঘাতক এল প্যাডল সুইপের রূপ ধরে। তখন কল্পনাও করা যায়নি, এই ম্যাচে উদ্যাপনের সবচেয়ে স্মরণীয় দৃশ্যটা আশরাফুলই উপহার দেবেন!অফ স্পিনে ২ উইকেট। এর মধ্যে দ্বিতীয়টি অফ স্পিনারের স্বপ্নের ডেলিভারিতে। অফ স্টাম্পের বাইরে পড়া বল অনেকটা টার্ন করে স্টাম্পে। শেষ ওভারে ১৪ রান দিয়ে দেওয়ার আগে ৮ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট—এই জয়ে আশরাফুলেরও একটু ছোঁয়া থাকল।খণ্ড খণ্ড এসব জয় মিলেই কাল বাংলাদেশের স্বস্তির এই বিজয়। তবে সবচেয়ে বড় জয়টা বোধ হয় সাকিব আল হাসানের। ব্যাটিং-বোলিংয়ে এই তরুণ নিজেকে এমন এক উচ্চতায় তুলে নিয়ে গেছেন যে, বাংলাদেশের এই দলের প্রাণভোমরা তিনিই। ‘বাংলাদেশের জান সাকিব আল হাসান’—বিজ্ঞাপনের এই ভাষায় একটুও বাড়াবাড়ি নেই। কিন্তু এত দিন সাকিব-বন্দনা যা হয়েছে, সেটি মূলত তাঁর ব্যাটিং আর বোলিং নিয়েই। এই ম্যাচ সাক্ষী হয়ে থাকল অধিনায়ক সাকিবের অসাধারণত্বেরও।প্রথম ওভারেই উইকেট পেয়েও সরিয়ে নিয়েছেন নিজেকে। অমন একটা বলে উইকেট পাওয়ার পর আশরাফুলকেও পরের ওভার করতে ডাকেননি। এই একে বল দিচ্ছেন, এই ওকে। আপাতদৃষ্টিতে যুক্তি খুঁজে পাওয়া কঠিন হচ্ছিল। কিন্তু সাকিব জানতেন, আইরিশ ব্যাটসম্যানদের সদা সংশয়ে রাখাটাই এই ম্যাচ জয়ের একমাত্র বটিকা। কতবার বোলার পরিবর্তন করেছেন—হিসাব রাখতে রাখতে একসময় থেমে যেতে হলো। সাকিবের নিজেরও তা মনে রাখতে পারার কথা নয়।মুখে টেনশনের আঁকিবুকি ফুটে উঠছিল। তা তো উঠবেই। তার পরও স্নায়ুক্ষয়ী এই ম্যাচে এর চেয়ে নিষ্কম্প থাকা বোধ হয় সম্ভব ছিল না। অ্যাজুডিকেটররা ব্যতিক্রমী নির্বাচন যখন করতেই চাইলেন, ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটা সাকিব আল হাসানকে দিলেও মন্দ হতো না!